উপসাগরে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও উত্তপ্ত পারস্য উপসাগর। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের টানাপোড়েন চলে আসছে বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পাশের হরমুজ প্রণালি দিয়ে পশ্চিমা তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি, তেহরানের বিরুদ্ধে পাশ্চাত্যের নতুন অবরোধসহ নানা বিষয়কে কেন্দ্র করে উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখী। এর চূড়ান্ত পরিণতিতে যুদ্ধের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া হয়নি।ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে—পশ্চিমা বিশ্বের এই অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটানোই এর লক্ষ্য। এই পরিস্থিতিতে কিছুদিন আগে যখন ইরানের সরকারি গণমাধ্যম সফলভাবে পারমাণবিক জ্বালানি রড উৎপাদন ও পরীক্ষা করতে সক্ষম হওয়ার কথা জানায় তখন পশ্চিমা বিশ্বের উদ্বেগ আরও বেড়ে যায়। ‘বেয়াড়া’ ইরানকে সুপথে আনতে তোড়জোড় শুরু হয় নতুন অবরোধ আরোপের। পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর অতিসাম্প্রতিক সামরিক মহড়া উত্তেজনার আগুনে ঘি ঢালে। ১০ দিনব্যাপী মহড়ার শেষ দিনে গত সোমবার সফলভাবে দুটি জাহাজবিধ্বংসী দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এর এক দিন আগেই হরমুজ প্রণালির কাছে চালানো হয় মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। বিশ্লেষকদের ভাষায়, ‘নাটকীয়’ এই পরীক্ষা পাশ্চাত্যের নেতাদেরসহ অনেককে সচকিত করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধে নতুন কৌশলের অংশ হিসেবেই এ মহড়া চালানো হয় বলে ইরান জানিয়েছিল। পারস্য উপসাগর থেকে আরব দেশগুলোর তেলবাহী জাহাজ ভারত মহাসাগরে পড়ার একমাত্র সমুদ্রপথ বলে হরমুজ প্রণালির গুরুত্ব অনেক। শুধু পশ্চিমী দেশ নয়, প্রাচ্যের চীনও এর ওপর নির্ভরশীল। জ্বালানি চাহিদা অবিশ্বাস্য গতিতে বেড়ে চলা দেশটির আমদানি করা তেলের ৫০ শতাংশই চলে এ পথে।এ অবস্থায় গত সপ্তাহে ইরানের ওপর বাড়তি অর্থনৈতিক অবরোধ আরোপ-সম্পর্কিত প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ নতুন আইন অনুযায়ী ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আছে এমন বিদেশি প্রতিষ্ঠানগুলো মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না।মার্কিন এই নিষেধাজ্ঞা ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের ব্যবসায়ীরা দৃশ্যত খুব একটা গা করছেন না। তাঁরা বলছেন, ‘আগের নিষেধাজ্ঞাগুলোও ব্যর্থ হয়েছে। সেগুলো ইরানের ব্যবসা-বাণিজ্যের খরচ কিছুটা বাড়িয়ে তুললেও দেশটির রাজনৈতিক লক্ষ্যে কোনো বিচ্যুতি ঘটাতে পারেনি।’ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) জানুয়ারির মধ্যেই ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।কেন এখন ক্ষেপণাস্ত্র পরীক্ষাপশ্চিমা বিশ্বের নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্তে ইরানের আয়ের সবচেয়ে বড় খাত তেলশিল্প ক্ষতিগ্রস্ত হবে। এতে দেশটি স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই ইরান হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এর মাধ্যমে তেহরান পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিতে চাইছে। উপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ইরান তার শক্তিও দেখাতে চেয়েছে। অনেকে বলছেন, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ইরান এটাই দেখাতে চাইছে যে তারা প্রকৃতই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতি আরেক হুমকি ছুড়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরের ঘাঁটিতে ফিরে না আসতে সতর্ক করে দিয়েছে দেশটি। ইরানের পক্ষ থেকে বলা হয়, সামরিক মহড়ার কারণে তাঁদের ‘শত্রুর’ (যুক্তরাষ্ট্র) বিমানবাহী রণতরী পারস্য উপসাগর থেকে ওমান সাগরে চলে যায়। ওই জাহাজকে পারস্য উপসাগরে আর ফিরে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সাফ বলে দিয়েছে, তাদের রণতরী উপসাগর থেকে সরবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা নৌপথের নিরাপত্তা নিশ্চিত রাখার কাজ চালিয়ে যাবে।মার্কিন নির্বাচনে ইরানইরান ইস্যু ঢেউ তুলেছে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়নের প্রচারণায়ও। প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসায় ইরান ইস্যুতে সরব হয়ে উঠেছেন মার্কিন রাজনীতিকেরা। এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী কট্টরপন্থী রিক স্যানটোরাম বলেছেন, ইরান যদি তার পরমাণু কেন্দ্রগুলো আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শকদের জন্য উন্মুক্ত করে না দেয়, তাহলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের সহায়তা নিয়ে সেগুলোর ওপর বোমা হামলা চালাবেন। ইরানের পরমাণু কর্মসূচি বানচালে গোপন অভিযানের পরামর্শ দিয়েছেন নিউট গিংরিচ।হরমুজ প্রণালি কেন গুরুত্বপূর্ণহরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-তৃতীয়াংশেরও বেশি তেলবাহী জাহাজ চলাচল করে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, জাহাজের মাধ্যমে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি তেল বিভিন্ন আরব দেশ ও ইরান থেকে সংকীর্ণ এ প্রণালি দিয়ে বাইরে যায়। প্রতিদিন প্রায় ১৪টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার এ প্রণালি দিয়ে চলাচল করে। গত বছর হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়েছে বিশ্বের ৩৫ শতাংশ তেল। হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।বিশ্লেষকেরা বলছেন, ইরান যদি কখনো হরমুজ প্রণালি বন্ধ করেই দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামনে দুটো পথ খোলা থাকবে। একটি হলো যুদ্ধ, অন্যটি তেলের উচ্চমূল্য মেনে নেওয়া।হরমুজ প্রণালি দিয়ে দৈনিক ১৭ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করা হয়। অনেক বিশ্লেষক বলছেন, জলপথটি বন্ধ করে দেওয়া হলে বিকল্প পথে দৈনিক মাত্র পাঁচ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করা সম্ভব হতে পারে। এতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২৫০ থেকে ৩০০ ডলারে উঠে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের সিদ্ধান্ত নেয় আর সৌদি আরব, বাহরাইন ও কুয়েত যদি এবার তাদের পক্ষে না থাকে, তাহলে যুদ্ধ সিরিয়া, লেবানন ও মিসরের মাটিতেও ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র এখন এই মাত্রার সামরিক অভিযান পরিচালনায় অর্থ জোগান দেওয়ার মতো অবস্থানে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ মুহূর্তে কেউ তেলের জন্য আর যুদ্ধে যাওয়ার পক্ষে নন। ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ইরানের বিরুদ্ধে চার দফা নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদন করে জাতিসংঘ। পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ না করায় দেশটির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আওতায় ইরানে ভারী অস্ত্র ও পরমাণু-সংক্রান্ত প্রযুক্তি সরবরাহ নিষিদ্ধ করা হয়। আরোপিত হয় ইরানের নিজের অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা। দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কোম্পানির বিদেশে থাকা সম্পদ জব্দ করা হয়। ইরান যাতে নিষিদ্ধ কোনো পণ্য পেতে না পারে, সেজন্য মালামাল পরীক্ষারও অনুমোদন দেয় জাতিসংঘ।জাতিসংঘ ছাড়া ইইউও ইরানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। পরমাণু সমৃদ্ধকরণের কাজে ব্যবহূত যন্ত্রপাতির ব্যবসার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের পরমাণু কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে ইইউর বিশ্বাস, সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দের পদক্ষেপ নেয় জোটটি। সেসব ব্যক্তির ইইউভুক্ত দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র গত বছর প্রাকৃতিক গ্যাস শোধন ও উৎপাদনে ব্যবহূত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও প্রযুক্তি ইরানে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।