উপস্থিতি কম ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ছিল কম। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ছুটির ঘোষণা ছিল না। কিন্ডারগার্টেন স্কুলগুলো গতকাল দুপুর ১২টার মধ্যেই ছুটি হয়ে যায়। যানজট এড়াতে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।জানা গেছে, স্কুলের ভবনে নিরাপত্তা বাহিনীর অবস্থানের কারণে মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় আগে থেকেই বন্ধ ঘোষণা করা হয়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক এইচ এম ফজলুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রায় ২০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের থাকার ব্যবস্থা করায় আমরা আগে থেকেই ছুটির ঘোষণা দিয়েছি।’চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজ উদ্দিন বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সফর। এখানে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই। তা ছাড়া এ কারণে স্কুল ছুটি দেওয়ার কোনো নির্দেশনাও নেই। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ যদি এ ধরনের সিদ্ধান্ত নেন, সেটা তাঁদের ব্যাপার।’খোঁজ নিয়ে জানা যায়, নগরের বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই ছুটি দেওয়া হয়। দুপুর ১২টার মধ্যেই স্কুলগুলো ছুটি হয়ে যায়। নগরের বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি) স্কুল ও কলেজের প্রাতঃশাখার শ্রেণী কার্যক্রম সকাল সাড়ে সাতটা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত নির্ধারিত থাকলেও সকাল নয়টা ১০ মিনিটে ছুটি দেওয়া হয়। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, ‘জেলা প্রশাসনের সিদ্ধান্ত মতে, আমরা যানজট-সমস্যা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছি। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি। কারণ আমরা শুধু বৃহস্পতিবারের রুটিন পরিবর্তন করে বুধবারে এনেছি।’ নগরের রেডিয়্যান্ট স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আনোয়ার হোসেনও একই কথা বলেছেন। তিনি জানান, সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ক্লাসের সময় নির্ধারিত। কিন্তু বুধবার প্রধানমন্ত্রীর সফরের কারণে দুপুর ১২টার মধ্যে স্কুল ছুটি দেওয়ার কথা জানানো হয়েছে তাঁদের। ইস্পাহানি স্কুলের এক শিক্ষার্থীর বাবা মোরশেদ আলী জানান, কোনো ছুটি ঘোষণা করা হয়নি। তবে স্কুলের সব ক্লাস-পরীক্ষা বুধবার থেকে বৃহস্পতিবার নেওয়া হয়েছে। এ ব্যাপারে ইস্পাহানি স্কুল ও কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। সেন্ট প্লাসিড স্কুলের সহকারী প্রধান শিক্ষক ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা বলেন, ‘দুপুর একটায় শ্রেণী কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।’এদিকে, গতকাল নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না থাকলেও শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি কম ছিল বলে জানা গেছে। যানবাহন সমস্যার কারণে তাঁরা আসতে পারেননি। এ প্রসঙ্গে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘আমাদের প্রাতঃশাখায় এক হাজারের মধ্যে ৪৬১ জন এবং দিবা শাখায় এক হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০০ জন উপস্থিত ছিল। যানবাহন-সংকটের কারণে হয়তো তারা আসতে পারেনি। দূর-দূরান্তের কিছু শিক্ষকও একই কারণে উপস্থিত হতে পারেননি।’ একই ভাবে নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল বলে জানা গেছে।