উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

বৈশাখী মেলায় হেলিকপ্টার দেখেছেন কখনো? একটা কাঠির সঙ্গে দুটো চাকা আর একটা পাখা লাগানো থাকে। ঠেলে এগিয়ে নিতে হয়। তখন পাখাটা ঘুরতে থাকে। মনে পড়ে, এটাই ছিল প্রথম উপহার, নববর্ষের মেলায়। কী খুশিটাই না হয়েছিলাম।
আরেকবার পেয়েছিলাম চোঙের মতো বাঁশি। এত কর্কশ শব্দ কেন যে মধুর লাগত, বুঝি না। দুপুর বেলায় পোঁ পোঁ শব্দে যখন সবার ভাতঘুম ভাঙত, আর ঠ্যাঙানির ভয়ে ভোঁ দৌড়, কী মজা যে হতো।
‘মুরালি’কে প্রমিত বাংলায় কী বলে জানি না। জানতেও চাই না। লাল, সাদা, মিষ্টি রঙে ডোবানো লাঠিগুলো ছিল অমৃত। তিলের নাড়ু, মাসের পিঠি, কদমা তো আছেই। মেলার খাবার উপহার পেতে মন্দ লাগত না কখনোই।
আমার ছোটবেলায় পাইনি অবশ্য, তবে একটা সময় জামা উপহার শুরু হলো। শার্ট, গেঞ্জি (টি-শার্ট বলতাম না), পাঞ্জাবি, ফতুয়া ছাড়া ছেলেদের আর কিই-বা আছে! রংটা লাল হলেই চলে যায়।
প্রিয়জনের উপহার, একটা ছোট ফুলই হোক বা আস্ত একটা পৃথিবী, তুচ্ছ করতে নেই। ভুল বুঝবেন না, ইদানীং তুচ্ছ মনে হচ্ছে। উপহার নয়, খুশিটার কথা বলছি। নিজের মেয়ের জন্য যখন একটা কলম, কিংবা জামা অথবা একটা লাল-সবুজ পতাকা নিয়ে যাই, আর ও খুশিতে ষোলোখানা হয়ে সারা ঘর ছুটে বেড়ায়, চোখ ভিজে যায়।
অথচ কোনো হেলিকপ্টার, প্লেন, রকেট পেয়ে আমি কখনো কাঁদিনি।
আহাদ আদনান, মাতুয়াইল, ঢাকা।