উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

জানতে ইচ্ছে করছে, আমার আসন্ন ষোলো বছর পূর্তি উদ্যাপনের প্রস্তুতি তোমরা নিচ্ছ তো?’ তোলিক জিজ্ঞেস করল তার বাবা-মাকে।
‘নিচ্ছি তো, নেব না কেন!’ বাবা-মা জানাল। ‘কিছু টাকা আমরা আলাদা করে রেখেছি।’
ঠিক কত টাকা?’ জানতে চাইল তোলিক।
বরাবরের মতোই,’ বাবা-মা উত্তর দিল।
‘উঁহু, বড্ড কম,’ ভুরু কুঁচকে বলল তোলিক। ‘আমার চাহিদা হয়তো খুব মামুলি আর গতানুগতিক মনে হতে পারে, কিন্তু এবারে আমার চাই চমৎকার জিনসের প্যান্ট। তাই আমার প্রস্তাব: পরবর্তী দুই জন্মদিনের জন্য বরাদ্দ টাকা এবারেরটাতে যোগ করে দাও। তাহলে একই সঙ্গে আমার ১৭ ও ১৮ বছর পূর্তিও পালন করে ফেলব এবার।’
বাবা-মা রাজি হলো।
আমার চাহিদা হয়তো খুব মামুলি আর গতানুগতিক মনে হতে পারে,’ তোলিক বলল পরবর্তী বছরে, ‘কিন্তু এবার আমার চাই ইলেকট্রিক গিটার।’

‘কিন্তু গেল বছরে তো তোমাকে আমরা এ বছর আর পরের বছরের জন্যও উপহার দিয়ে রেখেছি, তাই না?’ উত্তর দিল বাবা-মা।

‘তাতে কী হয়েছে! এবার আমরা আমার ১৯, ২০ থেকে শুরু করে ২৩ বছর পূর্তি পর্যন্ত উদ্যাপন করব।’

বাবা-মা রাজি হলো।

‘আমার চাহিদা হয়তো খুব মামুলি আর গতানুগতিক মনে হতে পারে,’ তোলিক বলল এর পরের বছরে, ‘কিন্তু এবার আমার চাই স্টেরিও রেকর্ডার।’

‘কিন্তু...,’ একটা কিছু বলতে গিয়েছিল বাবা-মা।

‘তাতে কী হয়েছে!’ তাদের বক্তব্য বুঝে নিয়ে তোলিক বলল।

বাবা-মা রাজি হলো।

বেশ কয়েক বছর পরের কথা। তোলিক তার জন্মদিন উদ্যাপন করছিল। তার জন্য বাবা-মার উপহার ছিল ঝকঝকে মোটরসাইকেল। বাসার ভেতরে আনন্দ-ফুর্তি চলছিল পুরোদমে। তবে উপস্থিত অতিথিদের কেউই কিছু বুঝে উঠতে পারল না, যখন বাবা-মা তোলিককে অভিনন্দন জানিয়ে বলল, ‘তোমাকে দ্বিশত জন্মবার্ষিকীর শুভেচ্ছা।’