উপহার নয়, টাকাই চাই!

কাল বাদে পরশু বন্ধুর বিয়ে। উপহার কেনা হয়নি এখনও। মাথায় তখন অন্য চিন্তা; আচ্ছা নগদ টাকা দিয়ে দিলে কেমন হয়! অনেকেই হয়তো এরমধ্যে ভ্রূ কুঁচকে ফেলেছেন। শহুরে সমাজে এ রেওয়াজ না থাকলেও আমাদের গ্রামে-গঞ্জে কিন্তু এ রীতি প্রচলিত। শুধু কি দেশ? বিষয়টি এখন জনপ্রিয় হয়ে উঠেছে যুক্তরাজ্যেও। আর সেখানে খোদ বর-কনেরাই উপহারের বদলে নগদ-নারায়ণ চাইছেন। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
যুক্তরাজ্যে এ বছরই বিয়ের পিঁড়িতে বসবেন এমন ২ হাজার ৫শ’ বর-কনের ওপর সম্প্রতি এ বিষয়ে জরিপ চালানো হয়। এতে দেখা গেছে পাঁচ ভাগের চার ভাগই উপহারের বদলে নগদ টাকা নেওয়ার পক্ষে। কেউ কেউ আবার এক কাঠি বেশি সরস; নগদ না হলে চেক হলেও চলবে তাঁদের! সে যাই হোক, নগদ কিংবা চেক। টাকাই চাই কোনো উপহার নয়। কনফেট্টি ডট কো ডট ইউকে নামক বিয়ের ওয়েবসাইট ওই জরিপটি চালায়।
জরিপে জানা গেছে তরুণ-তরুণীদের বেশির ভাগই দীর্ঘদিন একসঙ্গে থাকার পর বিয়ে করছেন। ফলে তাদের বাসা-বাড়িতে প্রয়োজনীয় জিনিস-পাতি আগে থেকেই কেনা রয়েছে। আর সেজন্যেই এই টাকা চাওয়া। যাঁরা ভাবছেন লজ্জার মাথা খেয়ে অতিথির কাছে টাকা চাওয়া যায় কী করে! তাদের জন্য আছে ছড়া। হ্যাঁ, ছড়ার মতো করে ছন্দ মিলিয়ে টাকা চাওয়া হয় অনেকটা এভাবে—‘ডু কাম টু আওয়ার ওয়েডিং ব্যাশ—প্লিজ শো ইউর লাভ ইন চেক অর ক্যাশ!’ বাংলা করলে অনেকটা এরকম দাঁড়ায়, ‘আমাদের বিয়ের অতিথি হয়ে যান—নগদে না হলে চেকে ভালোবাসাটা দেখান!’
নিজেরা ছড়া লিখতে না পারলে বিভিন্ন সাময়িকী কিংবা বিয়ে সম্পর্কিত ওয়েবসাইট থেকে ছড়া ধার করে নিমন্ত্রণপত্রে ছাপিয়ে দেওয়া হয়। কনফেট্টি ডট কো ডট ইউকে’র সদস্য শিলপা ভোজানি জানান, এই ছড়া লেখার ধারণাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কারণ সরাসরি টাকা চাওয়ার চেয়ে খানিকটা রঙ্গ করে তা চাইতেও খানিকটা সুবিধা হয় বৈকি!
শুধু যুক্তরাজ্যেই নয়। সারাহ হেউড নামের এক বিয়ে ঘটক জানিয়েছেন, গ্রিস, আজারবাইজানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই বিয়ের অনুষ্ঠানে টাকা নেওয়ার রেওয়াজ চালু আছে। মজার বিষয় হচ্ছে ওইসব জায়গায় টাকা না দিলে বর-কনেরা নাকি রাগও করে!
সারাহ বলেন, ‘অন্যান্য দেশের বিয়ের সংস্কৃতির সঙ্গে তুলনা করলে দেখা যাবে এই জিনিসটি অনেক জায়গাতেই খুব স্বাভাবিক বিষয়। অনেক অতিথি আছেন যাঁরা সময়ের অভাবে উপহার কিনতে পারেন না। তাঁরা উপহারের বদলে টাকা দেওয়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।’
তবে, মামসনেট ওয়েবসাইটের সম্পাদক সারাহ ক্রাউন জানান তাদের ওয়েবসাইটে এ বিষয়ে পক্ষে-বিপক্ষে অনেক মন্তব্য হয়েছে। কেউ আছেন টাকা দেওয়া কিংবা নেওয়ার পক্ষে অনেকে আবার এর বিপক্ষে।