উপহারে আনন্দে বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসব মানেই আনন্দ। আর উৎসবের আনন্দ দ্বিগুণ বেড়ে যায় উপহার পেলে। সামনে আসছে আনন্দের দিন বড়দিন। বড়দিন ঘিরে কত জল্পনা আর কল্পনা থাকে। প্রিয়জনকে খুশি করতে সবাই নানা ধরনের উপহার দিয়ে থাকেন। সময়টা শীত, তাই উপহার হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন শীতের পোশাক। তবে পোশাক ছাড়াও কিন্তু দোকান আর গিফট শপগুলো ঝলমল করছে নানা উপহারসামগ্রীতে। শিশুদের জন্য খেলনা, পুতুল, ডেকোরেশন পিস—আরও কত কী। শুভেচ্ছাবার্তা দেওয়ার জন্য কার্ড আর পছন্দের চকলেট তো চাই-ই। ঢাকার নিউমার্কেটে গিফট শপ আরচিজ গ্যালারির কর্মী শাহদাত হোসেন জানান, ক্রিসমাস ডে বা বড়দিন উপলক্ষে নানা ধরনের উপহারসামগ্রীর আয়োজন আমাদের আছে। কার্ড, ঘণ্টা, ছোট বল, ছোট-বড় পুতুল, চকলেট বক্স, মগ, ছবির ফ্রেম, চাবির রিংসহ নানা উপহারসামগ্রী পাওয়া যাবে। উপহারটাকে আরও সুন্দরভাবে উপস্থাপনের জন্য রাখা হয়েছে বিভিন্ন ডিজাইন, রঙের মোড়ক আর গিফট ব্যাগ।বড়দিনের অনুষ্ঠানকে অনেক বেশি আনন্দঘন করতেই এখানে পাওয়া যাবে পার্টি স্প্রে, আর বড়দিনের বিশেষ বেলুন। ঢাকার হাতিরপুলে গিফট শপ হলমার্কের দ্বিতীয় তলার পুরোটা সাজানো হয়েছে ছোট ছোট মরিচবাতি আর নানা ডেকোরেশন পিস দিয়ে। বড়দিনের গিফটের আয়োজন এখানেও কম নেই। চাইলে পাশের গিফট শপ আইস কুলে ঢুঁ মারতে পারেন। বড়দিনের আয়োজন এখানে পর্যাপ্ত রয়েছে। ঢাকার বসুন্ধরা সিটি, রাপা প্লাজা, মেট্রো শপিং মল, ইস্টার্ন প্লাজায় রয়েছে বড়দিনের আলাদা আয়োজন। কেবল গিফট শপ আর শপিং মলগুলোই নয়, বড়দিন উপলক্ষে ফ্যাশন হাউসগুলো সেজেছে আর অন্যকে সাজাতে নিয়েছে নানা উদ্যোগ। ফ্যাশন হাউস যাত্রায় ঢুকেই এমনটা মনে হওয়া স্বাভাবিক। ছোট ক্রিসমাস ট্রিতে জড়িয়ে আছে লাল, নীল, সবুজ, হলুদ রঙের উজ্জ্বল সব মরিচবাতি। গাছের ডালের ফাঁকে উঁকি দিচ্ছে ছোট তারা আর বল, পাশে দাঁড়িয়ে আছে সান্তা ক্লজ। আরও আছে কাপড় আর পুঁতি দিয়ে বানানো ডোর বেল। আছে প্রিয়জনকে শুভেচ্ছা কার্ড দেওয়ার জন্য হাতে তৈরি কার্ড আর রংতুলিতে আঁকা বড় বড় খাম। ফ্যাশন হাউস আড়ং-এর বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই জানান, বড়দিনে প্রতিবারের আয়োজনের সঙ্গে এবারের বিশেষ আকর্ষণ হলো ডেকোরেটিভ হ্যারিকেন। সোনালি আর রুপালি রঙের ফুল দিয়ে সাজানো এই হ্যারিকেনের পেছনে আছে যিশুখ্রিষ্টের জন্মের ইতিকথা। যে ঘরে যিশুখ্রিষ্টের জন্ম হয়, সে ঘরে ঝোলানো ছিল হ্যারিকেন। চাইলে উপহার হিসেবে দেওয়া যায় এই হ্যারিকেন। এ ছাড়া প্লাস্টিকের ফুল, তারা, পাটের দড়িতে ঘণ্টা আর বড়দিনকে অনেক বেশি জমকালো করতে আছে বিভিন্ন আকার, রং আর ডিজাইনের মোমবাতি। বড়দিনের সাজসজ্জার কেন্দ্রে যে ক্রিসমাস ট্রি থাকে, সেটাও চাইলে কিনতে পারবেন নিউমার্কেটের নিচতলায় ফুলের দোকান থেকে। ফ্যাশন হাউস, শপিং মল আর গিফট শপ ভেদে মগের দাম পড়বে ১০০-২৫০ টাকা, চাবির রিং ৫০-২০০ টাকা, কার্ড ২০ থেকে এক হাজার টাকা, মোমবাতি ১৯-৬০০ টাকা, পুতুল ৫০ থেকে দুই হাজার টাকা, স্টার, বল কেনা যাবে ২০-২০০ টাকার মধ্যে। ক্রিসমাস ট্রি কিনতে পারেন ৫০০-৬০০০ টাকার মধ্যে। এত কিছু নিয়ে কথা হচ্ছে, বড়দিনের কেক কোথায়? মনের মতো কেকও কেনা যাবে বিভিন্ন জায়গা থেকে। কেকের দোকান কিংসে গিয়ে দেখা যায়, সান্তা ক্লজ দিব্যি দাঁড়িয়ে আছে। তবে তা আসল সান্তা ক্লজ নয় বরং সান্তা ক্লজের আকারে তৈরি কেক। কেক দিয়ে তৈরি ছোট সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি কেনা যাবে ৩০-৬০ টাকায়। চাইলে ফরমায়েশ দিয়ে বানাতে পারেন। এ ক্ষেত্রে দাম পড়বে একটু বেশি। কেকের দোকান কুপারস আর মিস্টার বেকারের আয়োজন বড়দিন উপলক্ষে কম নয়। কেজিপ্রতি দাম ভ্যানিলা ৯০০ আর ব্ল্যাক ফরেস্ট এক হাজার ১০০ টাকা। এর সঙ্গে যোগ হবে মজুরি। এমনটা জানালেন পান্থপথে অবস্থিত মিস্টার বেকারের ব্রাঞ্চ ম্যানেজার রাশিদুল হাসান।