
লাল রঙের ছোট্ট বাক্স। কী আর থাকবে? আংটিই হবে। কিন্তু বাক্স খুলতেই লাফ দিয়ে বেরিয়ে এল হৃদয় আকৃতির দুটি পুতুল! এতেই শেষ নয়, সুরে সুরে গেয়ে উঠল ‘আই লাভ ইউ’। উপহারটির নাম ‘লাভ বক্স’। এক হাজার টাকা খরচ করে ভালোবাসার দিনে প্রিয় মানুষকে চমকে দিতে এর থেকে ভালো উপহার আর কীই–বা হতে পারে।
এ ধরনের বিভিন্ন ডিজাইনের পুতুল, মগ, গয়না, শোপিস, কার্ড, শুকনো ফুল, ছবির ফ্রেম, ঘড়িসহ নানা উপহারে ঠাসা এখন নগরের উপহারের দোকানগুলো। ভালোবাসা দিবস সামনে রেখে প্রিয় মানুষটিকে চমকে দিতে এসব উপহারের দোকানে ভিড় বাড়ছে তরুণ-তরুণীদের।
গত সোমবার নগরের নিউমার্কেট, আগ্রাবাদ, জিইসি, লালখান বাজার, চকবাজার এলাকার বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, উপহারের দোকানগুলো বেশ জমজমাট। এসব দোকানে বাহারি কার্ডের পাশাপাশি রয়েছে পুতুল, ছবির ফ্রেম, শোপিস, চকলেটের বাক্সসহ হরেক রকম উপহার। অনেকে বন্ধুদের জন্যও কার্ড আর হাতে বাঁধা ব্যান্ডও পছন্দ করছেন।
আর্চিস গ্যালারি জিইসি শাখার স্বত্বাধিকারী জেকসন দে বলেন, ‘ভালোবাসা দিবসে আমাদের উপহারের আয়োজনটা একটু বেশি। ভিন্নধর্মী নানা উপহার দোকানে রাখতে চেষ্টা করেছি। যাতে সবাই তাঁর প্রিয়জনকে চমকে দিতে পারেন।’ আর্চিস গ্যালারিতে ভালোবাসা দিবসের কার্ড মিলছে ১৯৫ থেকে ৩০০০ হাজার টাকায়, বিভিন্ন ধরনের শোপিস ২০০ থেকে ২০০০ টাকায়, গিফট সেট পাওয়া যাচ্ছে ১০৫০ থেকে ২২৫০ টাকায়। এ ছাড়া রয়েছে ভালোবাসার চিহ্ন ও কবিতার পঙ্ক্তি লেখা বিভিন্ন ডিজাইনের মগ, যা পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে ৭৫০ টাকায়।
দুপুরে চকবাজার এলাকার হলমার্কে গিয়ে দেখা গেল ভালোবাসা দিবস উপলক্ষে বর্ণিল সাজ। এখানে উপহার কিনতে আসা এক তরুণী বলেন, ‘এখন মুঠোফোনের খুদে বার্তার

পাশাপাশি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ই-মেইল, ভাইবার কিংবা ট্যাঙ্গোর মতো প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই প্রিয়জনের কাছে ভালোবাসা দিবসের শুভেচ্ছা পৌঁছানো সম্ভব। কিন্তু লাল গোলাপের সঙ্গে কার্ড জুড়ে দিয়ে ভালোবাসা প্রকাশের অনুভূতি সত্যি অসাধারণ!’
হলমার্ক চকবাজার শাখার স্বত্বাধিকারী নাজমুল হোসেন বলেন, ‘বড় উপহারের সঙ্গে ছোট উপহারও রেখেছি আমরা। যাতে সব শ্রেণি-পেশার মানুষ যেন তার ভালোবাসার মানুষকে উপহার দিয়ে খুশি করতে পারে।’ প্রতিবছরের মতো এ বছরও প্রচুর কার্ড বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
হলমার্কে মানভেদে এসব কার্ডের দাম পড়বে ১৫০ থেকে ২০০০ টাকা। এখানে ১৫০ থেকে ২৮০ টাকায় মিলবে ভালোবাসা দিবসের মগ।
বিকেলে আমিন সেন্টারের রাগেশ্রীতে কথা হয় এক তরুণের সঙ্গে।
তিনি বলেন, ‘আমার মতে, রবীন্দ্রনাথের ভালোবাসার গানের সংকলনই সবচেয়ে বড় উপহার। সঙ্গে একটি প্রেমের কবিতার বই ও লাল গোলাপ।’