
বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল গ্রামের বাড়িতে। প্রথম বিবাহবার্ষিকীটা তাই ঢাকায় বন্ধুদের নিয়ে বেশ ঘটা করেই আয়োজন করেছিলেন ব্যাংকার তাহমিদ আহমেদ। তাঁর ঘুরে বেড়ানোর নেশার কথা জানতেন সহকর্মীরা, আর কয়েক দিন পরেই ছিল ঈদের ছুটি। সবাই মিলে সেই অনুষ্ঠানের রাতেই তাঁর হাতে তুলে দেন ঢাকা-দার্জিলিং-ঢাকা তিন দিন তিন রাতের একটা প্যাকেজ ট্যুর।

গতানুগতিক ধারায় প্রচলিত উপহারগুলো হয়তো অনেক সময় কাজেই আসে না কারও। তাই সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে দলগতভাবে দেওয়া এ ধরনের উপহার অবশ্যই একটা বড় চমক, এমনটাই মনে করেন রিভার অ্যান্ড গ্রিন ট্যুরসের পরিচালন কর্মকর্তা মহিউদ্দীন হেলাল। তবে এ ধরনের আয়োজন করার আগে যাঁদের জন্য এই আয়োজন, তাঁদের সেই মুহুর্তে বাইরে যেতে কোনো অসুবিধা আছে কি না তা জেনে নিন।
উপহার কেনায় বাজেটটা হয়তো একেবারেই কম বা ভাবছেন যাঁদের জন্য কিনব তাঁদের পছন্দটাই তো জানি না। তাঁদের জন্য কম খরচে কীভাবে উপহারে আনবেন বৈচিত্র্য, সে বিষয়ে পরামর্শ দিলেন আড়ংয়ের ডিজাইনার কামাল আহমেদ। যেমন কারুকার্য করা একটি বড় ডিম আকারের আয়নার সঙ্গে জুড়ে দিতে পারেন একটি মোমদানি আর টেবিল ল্যাম্প। কাঠের নকশা করা ট্রের ওপর দিতে পারেন দুটি হাতে আঁকা নকশার গ্লাস, দুটি কাঠের কোস্টার এবং সঙ্গে রাখতে পারেন কাঠের বাটি। নকশিকাঁথার সঙ্গে দুটি হাতের কাজের বালিশের কভারও উপহার হিসেবে পছন্দ করবেন যে কেউ। এ ছাড়া পিতলের গয়নার বাক্সের ভেতরে একটি মুক্তার মালা আর দুটি রুপার কানের দুলও দিতে পারেন উপহার হিসেবে।

এ তো গেল সামাজিক অনুষ্ঠানের কথা। প্রতিবেশী ছেলেটি হয়তো মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে। এ ক্ষেত্রে কোন বিষয়ে তার আগ্রহ তা জেনে নিয়ে দিতে পারেন সেই সম্পর্কিত বই—এমনটাই জানালেন ফ্যাশন হাউস সাদাকালোর ডিজাইনার তাহসীনা শাহীন। খুব কম খরচেই এখন বিভিন্ন জায়গায় ঘর সাজানো, ইকেবানা, বনসাই, যোগব্যায়াম, গানের প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। পরিবারের কোনো সদস্যের ভালো ফলাফলে সবাই মিলে তার পছন্দের এমন কোনো বিষয়ের ওপর প্রশিক্ষণের খরচটুকু দিতে পারেন। এ ধরনের উপহার সারা জীবন অনুপ্রেরণা জোগাবে তাকে। এদিকে যদি কোনো ছোট শিশু হয়, সে ক্ষেত্রে উপহার হিসেবে বইয়ের কোনো বিকল্প নেই, এমনটাই জানালেন পিবিএসের হেড অব অপারেশন আলী আফজাল খান। তবে বইটিকে তার কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সঙ্গে কলম, রং-পেনসিল বক্স দিতে পারেন।
এখন সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন ধরনের ম্যাসাজ, স্পার গিফট ভাউচারের আয়োজন থাকে। নতুন মা হয়েছেন, এমন কাউকে দেওয়া যেতে পারে এই ধরনের গিফট ভাউচার, এমনটাই জানালেন বিন্দিয়া এক্সক্লুসিভের রূপবিশেষজ্ঞ শারমীন কচি। এতে শারীরিক ক্লান্তি দূর করার পাশাপাশি নতুন মায়ের মিলবে মানসিক প্রশান্তিও।

অরিগ্যামির মোড়কে
শুধু উপহারের ধারণাই নয়, এখন উপহারের মোড়কেও আনা হচ্ছে বৈচিত্র্যের ছোঁয়া। অরিগ্যামি নিয়ে কাজ করেন এমন প্রতিষ্ঠান কাগজামির পরিচালক মাকসুদা আজীজ জানালেন এ সম্পর্কে। দেশে তৈরি ব্রাউন পেপারের মোড়কে অরিগ্যামির মাধ্যমে ফুটিয়ে তুলছেন নান্দনিক নকশা। এ ক্ষেত্রে উপহারের ধরন এবং কাকে দিচ্ছেন সে বিষয়টিকে মাথায় রেখে মোড়কে নকশা করার পরামর্শ দিলেন তিনি। এখন বিভিন্ন ধরনের গিফট ভাউচার দেওয়ার রীতি শুরু হয়েছে। এ ক্ষেত্রে ভাউচারের খামটির ওপরে লাগাতে পারেন লাল ও হলুদ রঙের কাগজের ফুল। ছোটদের উপহারকে আকর্ষণীয় করে তুলতে মোড়কটির ওপর রঙিন কাগজে ঝালরের নকশা কেটে বসিয়ে এক কোনায় আঠা দিয়ে লাগিয়ে দিন রঙিন কাগজের কাগজের চরকি। বন্ধুদের উপহার দিচ্ছেন, এ ক্ষেত্রে মোড়কের কাগজটির ওপর বিভিন্ন আকৃতিতে ফুল, লতা, পাতা কেটে নিন। এবার কাগজ দিয়ে উপহারটিকে মুড়িয়ে নিয়ে তার এক কোনায় হাতে তৈরি (হ্যান্ড মেড পেপার) কাগজের ফুল বসিয়ে দিন। আর এভাবেই আপনার নিজ হাতে নকশা করা কাগজে মোড়ানো উপহারটি হাতে পেয়ে প্রিয় মানুষটির মুখে ফুটবে খুশির ঝলক।