উপাচারের সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল সড়ক থেকে একটু এগিয়ে যেতেই ফটকের দুই পাশের রাস্তাজুড়ে দোকানে থরে থরে সাজানো মোমবাতি, আগরবাতি, টুপি। শুধু তাই নয়, সুতার বান্ডিল, তসবি থেকে শুরু করে কোরআন শরিফ, জায়নামাজ, মাদুলি, সুরমা, আতর, সেন্ট, গোলাপজল, কর্পূর পর্যন্ত। বায়েজিদ বোস্তামীর মাজারের আশপাশেই থাকে এসব সামগ্রীর দোকান। শুধু বায়েজিদ বোস্তামীর মাজারই নয়, নগরের অন্যান্য মাজার, মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে এসব দোকান। বায়েজিদ বোস্তামী মাজার এলাকার দোকানদার আবদুল খালেক বলেন, ‘শত বছরের পুরোনো এই মাজারে মনের আশা পূরণের জন্য ছুটির দিনগুলোতে মানুষের ঢল নামে। আমরা সাধারণত মাজারের পুকুরে থাকা কচ্ছপের খাবার ও মাজার জিয়ারতের আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রি করি।’মসজিদ এলাকাকে ঘিরে এসব দ্রব্য সামগ্রীর দোকানগুলোতে লোকজনের ভিড় জমে। বিশেষ করে মুসলিমদের জুম্মার নামাজ আদায়ের দিন। দোকানপাট হয়ে ওঠে জমজমাট। তখন শুধু উপাচার নিয়েই নয়, ফলমূলের ভ্রাম্যমাণ দোকানও এসে ভিড় জমায় মসজিদ-মন্দিরের ফটককে ঘিরে। বাসায় ফেরার পথে মুসল্লিরা কিনে নিয়ে যায় জায়নামাজ, টুপি, আতর, সুরমা প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রী।শাহ আমানত (রা.) মাজারসংলগ্ন এসব উপাচারের দোকান রিয়াজ অ্যান্ড ব্রাদার্সের বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, ছুটির দিনগুলোতেই মাজারে লোকজনের সমাগম বেশি। তাই বেচাকেনাও হয়। টুপি, আতর, মোমবাতি, আগর বাতিই বেশি কিনে থাকে মানুষ।বুধবার দুপুরে মাজার জিয়ারত করতে আসা মনসুর হোসেন বলেন, ‘মনের বাসনা পূরণ করতে মাজারে প্রায়ই আসি। তখন মোমবাতি জ্বালাই।’হিন্দু-বৌদ্ধদের মন্দির কিংবা উপাসনালয়ের আশপাশেও গড়ে উঠেছে নানা উপাচার-সামগ্রীর দোকানপাট। এখানে পাওয়া যায় মোমবাতি, আগরবাতি, প্রতিমা এবং অবতারের ছবি, পূজার আনুষঙ্গিক সামগ্রী। আবার মাঝে মাঝে দেখা যায়, বিশেষ দিন কিংবা উৎসবকে ঘিরেও এ স্থানে চলে আসে ভ্রাম্যমাণ সব দোকান। নন্দনকাননের চট্টগ্রাম বৌদ্ধ মন্দিরকে ঘিরেও এসব দানীয় দ্রব্য সামগ্রী নিয়ে গড়ে উঠেছে দোকানপাট। বৌদ্ধ মন্দিরের মোড়ে মোমিন রোডের শুরুতে মনোহারি দোকান পুনম, মমতায় পাওয়া যায় বুদ্ধের মূর্তি, ভিক্ষুদের পরিধেয় চীবর (রং কাপড়), মোমবাতি, ধর্মীয় বই থেকে শুরু করে বুদ্ধের এবং শ্রদ্ধাবান ভিক্ষুদের ছবিসহ অন্যান্য দানীয় সামগ্রী। এ ছাড়া বৌদ্ধ মন্দিরের ফটক ঘেঁষেই গড়ে উঠেছে ভ্রাম্যমাণ কিছু দোকান। ধর্মপ্রাণ উপাসকরা মন্দিরে এসে হাতের কাছে এসব সামগ্রী কিনতে পেরে উপকৃত হন। বৌদ্ধ মন্দিরের সামনে বসা বিক্রেতা অমল বড়ুয়া জানান, ‘সকাল থেকে রাত অবধি এখানে খুচরা দরে মোমবাতি, আগরবাতি, দিয়াশলাই, ফুল বিক্রি করি। পূজা করতে এসব দানীয় সামগ্রী লাগে। পুণ্যার্থীদের কাছে এসব বিক্রি করে আমিও পুণ্যের অংশীদার হতে পারছি।’নগরের উল্লেখযোগ্য মসজিদ, মাজার, হিন্দু-বৌদ্ধদের উপাসনালয় মন্দিরে এসব উপাচারের দেখা মিলবে দোকানে কিংবা রিকশা-ভ্যানে। বায়েজীদ বোস্তামি মাজার, ওয়াসার মোড়সংলগ্ন বড় ঈদগা, জেল রোডের শাহ আমানত সুফি মাজার, বদর শাহ মাজারসহ ছোট-বড় মসজিদ-মাজারকে ঘিরেই এসব উপাচারের দোকান গড়ে উঠেছে।