চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি নানা অঘটনের সঙ্গে জড়িতদের বেশির ভাগই ছাত্রলীগের নেতা-কর্মী বলে অভিযোগ ওঠে। ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে পাঁচ ছাত্র গ্রেপ্তার হন। এদের মধ্যে জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-সম্পাদক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে বিদ্রোহী হয়ে ওঠেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ কারণে উপাচার্যের সঙ্গে তাঁদের দূরত্ব বাড়তে থাকে। ছাত্রলীগ এখন উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। ছাত্রলীগ সূত্র জানায়, উপাচার্য হওয়ার আগে আবু ইউসুফ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ব্যবহার করেছেন। উপাচার্য হওয়ার পর তিনি স্থানীয় গ্রামবাসীকে কাছে টানতে শুরু করেন। আর চট্টগ্রামের বাসিন্দা নন, ছাত্রলীগের এমন নেতা-কর্মীদের বিরুদ্ধে তুচ্ছ অভিযোগ এনে তিনি বহিষ্কার করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন প্রথম আলোর কাছে একটি লিখিত ব্যাখ্যা পাঠান। ব্যাখ্যায় বলা হয়, ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের উত্খাত ও নিষ্ক্রিয় রাখতে উপাচার্য আবু ইউসুফ পাঁয়তারা করছেন। অথচ বিগত জোট সরকারের আমলে ছাত্রলীগের অনেক নেতা-কর্মীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বিশ্ববিদ্যালয় অবরোধ করতে ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। এরপরই টানা নয় দিন ক্যাম্পাসে অবরোধ পালিত হয়। এরশাদ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাস থেকে আজ যাঁরা বহিষ্কার হয়েছেন তাঁদের মাধ্যমে তিনি বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করতে ছাত্রলীগ নেতা-কর্মীদের উসকে দিয়েছিলেন। উপাচার্য হয়ে তিনি এখন বলছেন, আমাদের সহপাঠীরা নাকি সন্ত্রাসী-চাঁদাবাজ। জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল তো মেধাবী ছাত্র ছিলেন। তিনি ইংরেজি বিতর্ক করতেন। উপাচার্যের নির্দেশে তো এই জুয়েল বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছেন। আজ কেন তাঁকে সন্ত্রাসী বলা হচ্ছে?’প্রসঙ্গত, ব্ল্যাক জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে।ছাত্রলীগের আরও কয়েকজন নেতা-কর্মী প্রথম আলোর কার্যালয়ে এসে উপাচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগের বর্ণনা দেন। এসব নেতা-কর্মীর অভিযোগ, উপাচার্য হাটহাজারী সীমানার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না। তিনি চট্টগ্রামের বাইরের ছাত্রদের পছন্দ করেন না। যার প্রমাণ হচ্ছে বহিষ্কার হওয়া ১৬ শিক্ষার্থীর সবাই চট্টগ্রামের বাইরের বাসিন্দা। আর প্রক্টর ও ছাত্র উপদেষ্টার বাড়ি হাটহাজারী এলাকায়। উপাচার্য নিজেও হাটহাজারীর বাসিন্দা। জাহিদুল ইসলাম ওরফে ব্ল্যাক জুয়েল প্রথম আলোকে বলেন, ‘আবু ইউসুফ সাহেব আমাদের ব্যবহার করে বিশ্ববিদ্যালয় অবরোধসহ নানা কর্মসূচি পালন করতে উৎসাহ দিয়েছেন। তাঁর নির্দেশে আন্দোলন করতে গিয়ে আমি দুই দফা কারাভোগ করি। উপাচার্যের দৃষ্টিতে আমি এখন সন্ত্রাসী। অথচ ছাত্রলীগের রাজনীতির গতিধারা স্তব্ধ করে দিয়ে উপাচার্য ছাত্রশিবিরের কর্মসূচি বাস্তবায়ন করতে মরিয়া। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়টি অনুধাবন করতে হবে। কারণ এই উপাচার্য দায়িত্বে থাকলে ছাত্রলীগ বলতে ক্যাম্পাসে আর কিছু থাকবে না।’এদিকে ছাত্রলীগ উপাচার্য আবু ইউসুফ, প্রক্টর মোহাম্মদ জসীম উদ্দিন ও ছাত্র উপদেষ্টা তৌহিদ হোসেনের অপসারণ দাবি করেছে। প্রথম আলোর স্থানীয় কার্যালয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। ছাত্রলীগ নিরপেক্ষ ও আঞ্চলিকতার প্রভাবমুক্ত উপাচার্য নিয়োগ, নিহত ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামানের পরিবারকে ক্ষতিপূরণ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।