উপাধ্যক্ষের বেতন মেলেনি দুই বছরেও
নিয়োগের পর দুই বছর পেরিয়ে গেলেও এখনো কোনো বেতন-ভাতা পাচ্ছেন না চট্টগ্রামের বায়েজীদ থানার আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. সেলিমুজ্জমান মজুমদার। তাঁর বিরুদ্ধে কলেজের কিছুসংখ্যক শিক্ষকের অভিযোগের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) তদন্ত করে। কিন্তু দুই বছরের বেশি সময় পরও কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় সেলিমুজ্জমানের সরকারি ভাতার (এমপিও—মান্থলি পেমেন্ট অর্ডার) আবেদনটি আটকে রয়েছে।এ অবস্থায় চরম আর্থিক সংকটে মানবেতর জীবন কাটাতে হচ্ছে ওই শিক্ষককে। কারণ, সরকারি টাকা ছাড়া ওই কলেজের নিজস্ব তহবিল থেকে কোনো বেতন দেওয়া হয় না। এ বিষয়ে তিনি একাধিকবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন ও যোগাযোগ করেও কোনো ফল পাননি বলে জানান। কলেজ সূত্রে জানা যায়, ২০১০ সালের ৫ মে সেলিমুজ্জমান উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। ২০১০ সালের ২ ডিসেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর মোহাম্মদ আনছারীসহ কলেজের কয়েকজন শিক্ষক সেলিমুজ্জমানের বিরুদ্ধে মাউশির মহাপরিচালক বরাবরে অভিযোগ করেন। তাঁদের অভিযোগে বলা হয়, সেলিমুজ্জমান তাঁর আগের কর্মস্থল ইমাম গাজ্জালি কলেজ থেকে আনা কোনো অব্যাহতিপত্র জমা দেননি। তাঁর আবেদন যথাযথ হয়নি।এ বিষয়ে আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর মোহাম্মদ আনছারী বলেন, ‘এ ব্যাপারে অনেক কথা আছে, আপনি কলেজে এলে বলব। সেলিমুজ্জমানের নিয়োগ-প্রক্রিয়া যথাযথ হয়নি। তাঁর বিরুদ্ধে মহাপরিচালকের (মাউশি) দপ্তরে অভিযোগের তদন্ত হয়েছে।’ তদন্তে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কি না অথবা তদন্ত প্রতিবেদন পেয়েছেন কি না, জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জবাব দেন, ‘না’। এদিকে নিয়ম অনুযায়ী ১০-১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা এবং তা এক মাসের মধ্যে প্রকাশের কথা ছিল। কিন্তু দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এ বিষয়ে জানতে চাইলে মাউশির উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা কাজী আসাদুজ্জামান বলেন, ‘আমি মহাপরিচালক মহোদয়ের কাছে যথাসময়েই প্রতিবেদন জমা দিয়েছি।’ জমা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ এবং প্রতিবেদনের কোনো অনুলিপি কেন এখনো সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাজে পৌঁছেনি, এ বিষয়ে উপপরিচালক বলেন, ‘আমি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিয়েছি। এর বেশি কিছু বলতে পারব না।’জানা যায়, সেলিমুজ্জমান এ বছরের ১৬ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করেন। মন্ত্রী তাঁর আবেদনটি সুপারিশ করে শিক্ষাসচিবের দপ্তরে পাঠিয়ে দেন। এরপর সেলিমুজ্জমান এ বছরের মে মাসে পুনরায় ঢাকায় গিয়ে সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগ করলে তারা তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়ার কথা বলে। কিন্তু মন্ত্রণালয় থেকে জানানো হয়, তারা কোনো প্রতিবেদন পায়নি। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে সেলিমুজ্জমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বছরের ২৩ মে বিষয়টির ওপর মতামত জানানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রুহী রহমান মাউশির মহাপরিচালকের কাছে চিঠি পাঠান। বিষয়টি নিশ্চিত করে মাউশির উপপরিচালক (কলেজ-২) মো. মেজবাহ উদ্দিন সরকার বলেন, ‘এ ব্যাপারে আমাদের মতামতসহ আবারও প্রতিবেদনটি পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।’অভিযোগ সম্পর্কে সেলিমুজ্জমান মজুমদার বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগই উদ্দেশ্যমূলক। সুষ্ঠু তদন্তে তা প্রমাণিত হবে। এখন আমি স্ত্রী ও দুই মেয়ে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। ধারদেনা করে চলতে হচ্ছে। এ মাসের মধ্যে এমপিও না হলে আমাকে আরও তিন মাস অপেক্ষা করতে হবে।’