উপার্জনের পথ দেখাল বৈদ্যপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌচাক পরিচর্যা করছেন স্বনির্ভর পাড়ার রিটন চাকমা  প্রথম আলো
মৌচাক পরিচর্যা করছেন স্বনির্ভর পাড়ার রিটন চাকমা প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বৈদ্যপাড়া স্বনির্ভর গ্রাম হিসেবে আশপাশের গ্রামের মানুষের কাছে পরিচিতি পেয়েছে। এ গ্রামের বাসিন্দারা এর আগে কৃষি খামার, মাছ চাষ, গবাদি পশু পালন করে সাফল্য পেয়েছেন। সে খবর প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে প্রকাশিতও হয়েছে। এবার বৈদ্যপাড়ার সৃজনশীল উদ্যোক্তারা মৌ চাষের মাধ্যমে আয়ের নতুন পথ দেখালেন। এলাকার প্রায় ১৭টি পরিবার বাণিজ্যিকভাবে মধু উৎপাদনের উদ্যোগ নিয়েছেন।
বৈদ্যপাড়ার রিটেন চাকমা (৪৫) ও তাঁর স্ত্রী আনন্দ প্রভা চাকমা (৪০) জাবারাং কল্যাণ সমিতি নামের একটি বেসরকারি সংস্থা থেকে সম্প্রতি মৌ চাষের ওপর প্রশিক্ষণ নেন। গত এপ্রিল মাসে একটি বাক্সে মৌ চাষ শুরু করেন তাঁরা। কয়েক মাসের ব্যবধানে ওই বাক্স থেকে ছয় কেজি মধু উৎপন্ন হয়। এই মধু খাগড়াছড়িতে বিক্রি করেন তাঁরা চার হাজার ৮০০ টাকায়। লাভের পরিমাণ দেখে আরও দুটি মৌচাকের বাক্স বসান তাঁরা। এসব বাক্স থেকে মাসে দুবার মধু পাওয়া যাচ্ছে। রিটেন ও তাঁর স্ত্রী আনন্দ প্রভার এই সাফল্য দেখে গ্রামের বেশ কিছু পরিবার মৌ চাষ শুরু করেছেন। এখন বৈদ্যপাড়ায় সব মিলিয়ে ১৭টি পরিবার মৌ চাষের সঙ্গে যুক্ত।
রিটেন চাকমা জানান, বর্তমানে গ্রামের ১৭টি পরিবার ২৪টি বাক্সে মৌ চাষ করছে। একটি বাক্স থেকে মাসে মাত্র একবার মধু সংগ্রহ করলে আড়াই থেকে তিন মণ মধু পাওয়া যায়। আর দুই বার সংগ্রহ করলে পাওয়া যায় সাড়ে চার মণ মধু। শ্রমিক মৌমাছির সংখ্যা বেশি হলে একটি বাক্স থেকে মাসে ১১ কেজি মধু সংগ্রহ করা সম্ভব। বছরে নয় মাস মধু ভালো হয়। বর্ষার তিন মাসে তেমন মধু হয় না। তবে, এখনো মধু বিক্রি করতে খাগড়াছড়ি যেতে হয় তাঁদের। স্থানীয়ভাবে কোনো সংস্থা মধু বাজারজাত করার উদ্যোগ নিলে গ্রামের মৌচাষিরা আরও অনেক বেশি লাভ করতে পারবেন বলে তিনি জানান।
আনন্দ প্রভা চাকমা বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুজনেই মৌ চাষের ওপর প্রশিক্ষণ নিয়েছি। বাড়িতে থেকেই দুজন একসঙ্গে কাজ করছি, মৌচাকের যত্ন নিচ্ছি। এতে তেমন কোনো খরচ নেই। শুধু বর্ষাকালে চিনি আর পানি মিশিয়ে মৌমাছিদের সামান্য খাবার দিতে হয়।’
বৈদ্যপাড়া উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক রাহুল চাকমা বলেন, ‘গ্রামের ৯০ পরিবারের সবাই পরস্পরের আত্মীয়ের মতো। রিটেন চাকমা আমাদের গ্রামের মৌ চাষের পথ-প্রদর্শক। তাঁর পরামর্শে ১৭টি পরিবার মৌ চাষ করছে। প্রত্যেক পরিবারকে তিনি সব সময় নানা রকম পরামর্শও দেন।’
মৌ চাষে গ্রামীণ জনগণকে প্রশিক্ষণ সুবিধা দিচ্ছে জাবারাং কল্যাণ সমিতি। সংস্থার কর্মকর্তা গোপীনাথ ত্রিপুরা বলেন, মৌ চাষ করেও স্বাবলম্বী হওয়া সম্ভব। বর্তমানে দীঘিনালার বিভিন্ন গ্রামে ৬৫টি পরিবার মৌ চাষ করছে। মধু বিক্রি করে একটি পরিবার মাসে নয় থেকে ১০ হাজার টাকা আয় করতে পারে।