উফ! কত্ত মশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং খুব বেড়েছে মশার উপদ্রব। শুধু কামড়ের যন্ত্রণা নয়, মশা থেকে ছড়াতে পারে নানা রোগ। ‘এই সময়টাতে এডিস মশার উপদ্রব কম হলেও কিউলেক্স আর অ্যানোফিলিস মশার সংক্রমণ বেশি হয়ে থাকে। তাই ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে এডিস মশার ওষুধ এখন দেওয়া হচ্ছে না। কিউলেক্স আর অ্যানোফিলিস মশাগুলো সাধারণত বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে। এ জন্য ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে বদ্ধ জলাশয়গুলো পরিষ্কার করে ফেলা হচ্ছে। আর ৪৮ ঘণ্টা পর পর ঢাকা শহরের এলাকাগুলোতে সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত আবার বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত মশা নিধনের জন্য ওষুধ দেওয়া হচ্ছে।’ জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল্লাহ-আল-হারুন।তিনি আরও বলেন, যখন এলাকাগুলোতে ঢাকা সিটি করপোরেশনের কর্মীরা মশা নিধনের ওষুধ সেপ্র করে থাকেন, তখন যদি আশপাশের বাসায় কারও অ্যালার্জি কিংবা অ্যাজমা রোগের সমস্যা না থাকে তবে এ সময়ে বাসার দরজা-জানালা খোলা রাখা যেতে পারে। মশার উপদ্রব থেকে রেহাই পেতে হলে জনগণকে অবশ্যই সচেতন হতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে এবং নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। ঘরে যেন মশার উপদ্রব থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায় সে বিষয়ে পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া। ঘুমানোর সময় মশারি ব্যবহার করা ভালে। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে দরজা-জানালা বন্ধ করে দিতে হবে। আবার সকালের আলো ফুটলেই ঘরের দরজা-জানালা সব খুলে দিতে হবে। কারণ, মশা আলো থেকে অন্ধকারে যায়। সন্ধ্যা হলেই ধূপ জ্বালিয়ে প্রতিটি ঘরে ধোঁয়া দিলে মশার উপদ্রব কম থাকে। যে পথ দিয়ে মশা ঘরে প্রবেশ করে সেই প্রবেশপথে কয়েল রেখে দিলে কয়েলের ধোঁয়ায় অনেক সময় মশা ঘরে কম প্রবেশ করে। কয়েল ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কয়েলের ধোঁয়ায় পরিবারের কারও শ্বাসকষ্টজনিত সমস্যা না হয়। গাছের গোড়ায়, প্লাস্টিকের ভাঙা বাটিতে অনেক সময় পানি জমে থাকে, যাতে এডিস মশা ডিম পাড়ে। এ জন্য প্রতিদিন ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার উপদ্রব কমানোর জন্য অনেকে হয়তো বাজারে যেসব মশা মারার সেপ্র রয়েছে সেসব ব্যবহার করে থাকেন। সেপ্র ব্যবহারে একটু সতর্ক থাকতে হবে। এ সময় ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘরের কোনায় কোনায় সেপ্র করতে হবে। নাক বন্ধ করে ফ্যানের দিকে সেপ্র করতে হবে যেন সেপ্রটা ওপর থেকে নিচে পড়ে। এরপর অন্তত পাঁচ মিনিট পর্যন্ত ঘর বন্ধ করে রাখতে হবে। এরপর ফ্যান ছেড়ে দিলে সেপ্রর গন্ধ চলে যাবে। মশা মারার জন্য বাজারে যেসব বৈদ্যুতিক ব্যাট পাওয়া যায় সেসব ব্যবহার করা যেতে পারে, তবে বাচ্চাদের হাতের নাগালে ব্যাট রাখা যাবে না। কয়েল কিংবা সেপ্র ব্যবহারের সময় অবশ্যই জানালা খোলা রাখতে হবে।মশার উপদ্রব ঠেকাতেঘরে-বাইরে মশার উপদ্রব যেন না বাড়ে সে ক্ষেত্রে আরও কিছু পরামর্শ দিয়েছেন খুলনা জেলার ডুমুরিয়ার উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার। ঘরবাড়ি নির্মাণের সময় সম্ভব হলে বড় জানালা দিতে হবে, যেন বাড়িতে আলো-বাতাস বেশি প্রবেশ করে। এতে মশার উপদ্রব কিছুটা হলেও কম হবে। বাসায় স্যাঁতসেঁতে ভাব যেন না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ, মশা স্যাঁতসেঁতে জায়গায় বংশ বৃদ্ধি করে বেশি। ময়লা-আবর্জনা জমে থাকার স্থান, দুর্গন্ধময় স্থান কিংবা অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশা দ্রুত বংশ বিস্তার করে। এসব স্থানও সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টবে কিংবা ফুলদানিতে পানি জমে থাকলে সেটা প্রতিদিনই পরিষ্কার করে ফেলতে হবে। প্রতিদিন পরিষ্কার না করলে সেই টবের কিংবা ফুলদানিতে জমে থাকা পানিতে যদি মশা ডিম পাড়ে, সেই পানি বাথরুমে ফেললেও সেখান থেকে মশার বংশবৃদ্ধি হতে পারে। বাড়ির আশপাশের পুকুরে কিছু জিওল মাছ যেমন শিং মাছ চাষ করলে এসব মাছ অনেক সময় মশার ডিম খেয়ে ফেলে। ফলে মশা বংশ বিস্তার করতে পারে না। এখনকার সময়ে অনেক বাড়িতে মশারি না টানিয়ে দুই-তিনটা কয়েল জ্বালিয়ে রেখে কিংবা সেপ্র করে রাত কাটিয়ে দেওয়া হয় মশা থেকে রেহাই পাওয়ার জন্য। কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর চেয়ে মশারি টানিয়ে ঘুমানো অনেক নিরাপদ। অনেক বাচ্চার মশার কামড়ে অ্যালার্জি হয়ে যায় শরীরে, তাই মশার উপদ্রব বেশি হলে বাচ্চাদের ফুলপ্যান্ট পরিয়ে রাখা ভালো।