উলু ফুলে জীবন চলে

তন্দ্রা চাকমা, ফুলমতী ত্রিপুরা, বলয় ত্রিপুরা ও শুক্রধন চাকমা পাহাড়ের জঙ্গল থেকে উলু ফুল (ঝাড়ু ফুল) সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করেন। প্রাকৃতিকভাবে ফোটা উলু ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তাঁরা। কাঁটা ছড়ানো জঙ্গল থেকে উলু ফুল তোলা বড়ই কষ্টের। তবে এ কষ্টকে কষ্ট মনে করেন না তাঁরা। জানালেন, বিক্রির টাকা পেয়ে সংসারের অভাব মেটাতে পারার যে আনন্দ, তাতে ফুল তুলতে গিয়ে কাঁটার কষ্টটা ভুলে যান তাঁরা।
এদিকে এ ফুল বিক্রির টাকা থেকে সরকার প্রতিবছর রাজস্বও পেয়ে থাকে প্রায় সাড়ে তিন লাখ টাকার ওপরে। গত অর্থবছরে রাজস্ব পাওয়া গেছে তিন লাখ ৫৪ হাজার টাকা।
পাহাড়ে এখন চলছে উলু ফুল সংগ্রহের মৌসুম। এ মৌসুমে প্রাকৃতিকভাবে ফোটা উলু ফুল সংগ্রহ, বিক্রি ও মজুরি খেটে জীবন চলে তন্দ্রা চাকমাদের মতো দীঘিনালার প্রায় ৫০০ আদিবাসী ও বাঙালি পরিবারের। স্থানীয় বাজারে প্রতিটি (এক ব্রম) উলু ফুলের ঝাড়ু খুচরা বিক্রি হয় মানভেদে ৮ থেকে ১২ টাকা। চাহিদা বেড়ে গেলে এ দাম ১৫ টাকা পর্যন্ত ওঠে। উলু ফুল ব্যবসায়ী আবু বয়ান ও আনন্দ বড়ুয়া বলেন, স্থানীয় লোকজন পাহাড় থেকে আনা ফুলগুলো দিয়ে তৈরি ১০ থেকে ১৫টি ঝাড়ু দিয়ে একটি করে আঁটি করেন। একেকটি আঁটি বিক্রি হয় ১০০ থেকে ১৫০ টাকা। পাইকাররা এসে ট্রাকভর্তি করে এসব ফুলের আঁটি নিয়ে যান রাজধানী ঢাকায়। এক ট্রাক ফুলের দাম পড়ে সাড়ে তিন থেকে চার লাখ টাকা। আর এক ট্রাক ফুল থেকে সরকার রাজস্ব পায় ১০ হাজার টাকার ওপরে।
বোয়ালখালী নতুন বাজারে উলু ফুল বিক্রি করতে আসা কবাখালী রণশোভা কার্বারিপাড়ার সোনালী চাকমা বলেন, ‘পাহাড় থেকে আমি এক সপ্তাহে ৩৩০ ব্রম উলু ফুল সংগ্রহ ও বিক্রি করে তিন হাজার টাকা পেয়েছি। প্রতিবছর উলু ফুল বিক্রির আয় দিয়ে আমার পরিবার চলে।’
উপজেলার বলপেইয়্যা আদামে পাঁচ বছর ধরে উলু ফুল শুকোনোর কাজ করেন নূর জাহান ও ফরিদা বেগম। দিনে বেতন পান ২০০ টাকা। ট্রাকে ফুল বোঝাইয়ের কাজে নিয়োজিত মো. আবু হানিফ, সিরাজুল ইসলাম, আবদুল হাকিম জানান, প্রতিবছর উলু ফুলের মৌসুমে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করেন তাঁরা।
নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মাসুদ সরদার জানান, বন বিভাগের হিসাবে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত উলু ফুল ফোটার মৌসুম। প্রতিবছর এ মৌসুমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফুল-ঝাড়ুর ব্যবসায় জড়িত কয়েক শ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। সরকার প্রতিটি ব্রম থেকে ৩৫ পয়সা হিসাবে প্রতি ট্রাক থেকে প্রায় ১০ হাজার টাকা রাজস্ব পায়। গত বছর এ খাতে তিন লাখ ৫৪ হাজার টাকা রাজস্ব পাওয়া গেছে বলে জানান তিনি।