উলু ফুলে পাহাড়ি নারীদের বাড়তি আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ রানী চাকমার (৪৫) বাড়ি খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে বৈদ্যপাড়া গ্রামে। প্রতিবছর তিনি পাহাড়ে গিয়ে উলু ফুল সংগ্রহ করেন। উলু ফুল বিক্রি করে যে টাকা পান, সেটা সন্তানদের পড়াশোনায় ব্যয় করেন। মৌসুমি এই কাজ করে তাঁর ১০ থেকে ১৫ হাজার টাকা আয় হয়। আনন্দ রানীর চাকমার মতো খাগড়াছড়ির দীঘিনালার অনেক পাহাড়ি নারী পাহাড় থেকে উলু ফুল সংগ্রহ করে সংসার চালাচ্ছেন।
বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল–মে মাস পর্যন্ত উলু সংগ্রহ করা হয়। পরে সেগুলো ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা সরবরাহ করেন। সরকার প্রতিবছর উলু ফুল থেকে কয়েক লাখ টাকা রাজস্ব আয় করে। বন বিভাগ এক আঁটি থেকে রাজস্ব পায় ৩৫ পয়সা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ও হাটবাজার ঘুরে দেখা গেছে, জনপ্রতি ৫০ থেকে ২০০ আঁটি উলু নিয়ে বিক্রির জন্য বাজারে এনেছেন পাহাড়ি নারী-পুরুষেরা। স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে এসব উলু ফুল কিনে সারা দেশে সরবরাহ করেন। বাজারগুলোতে ট্রাকে উলু ফুল বোঝাই করতে দেখা গেছে। উলু ফুল বোঝাইয়ের কাজে নিয়োজিত শ্রমিক মো. আলী আহাম্মদ জানান, প্রতিবছর উলু ফুলের মৌসুমে একজন শ্রমিক ৩৫ থেকে ৪০ হাজার টাকা আয় করেন। ব্যবসায়ীরা জানান, উলু সংগ্রহ ও বিক্রির সঙ্গে দীঘিনালার় কয়েক শ মানুষ যুক্ত। এতে কর্মসংস্থানও হচ্ছে।
বাবুছড়া এলাকার উলু ফুলের পাইকারি ব্যবসায়ী দাতুমনি চাকমা বলেন, গত বছরের চেয়ে এ বছর উলু ফুলের দাম অনেক বেশি। গড়ে প্রতি বান্ডিল উলু ফুল ১৮ থেকে ১৯ টাকা বিক্রি হচ্ছে।
আরেক ব্যবসায়ী মো. রমজান জানান, স্থানীয় বাজারে এ বছর উলু ফুলের দাম অনেক বেশি। গত বছর উলু ফুলের দাম ছিল ১৩ থেকে ১৪ টাকা। আর এ বছর তিন থেকে চার টাকা বেশি।
নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, উলু ফুল থেকে সরকার রাজস্ব যেমন পাচ্ছে, তেমনি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। বন বিভাগের হিসাবে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত উলু ফুলের মৌসুম। সরকার একটি উলু ফুলের অাঁটি থেকে ৩৫ পয়সা রাজস্ব পায়। ২০১৫-১৬ অর্থবছরে উলু ফুল থেকে ৫ লাখ ৭০ হাজার ৮৫০ টাকা রাজস্ব আয় হয়েছে। এ বছর এখন পর্যন্ত রাজস্ব আয় হয়েছে ২ লাখ ৭৩ হাজার টাকা। রাজস্ব আদায় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।