উলের বুননে শীতের পোশাক
শীত তো এসেই পড়েছে। আপনজনকে নিজের মনের মতো করে একটা শীতের পোশাক যদি বানিয়ে দেওয়া যায়, তাহলে ভালোই হয়। এ জন্য চাই উল আর কাঁটা। জেনে নিন এসবের দরদাম।ঢাকার উলের দোকান ঘুরে দেখা যায়, শীতকে ঘিরে উলের বেচাকেনা বেশ ভালো। নিউ সুপার মার্কেটের উল হাউসের মোহাম্মদ রাসেল সরদার জানান, দেশি বা বিদেশি দুই ধরনের উলই চলে। দেশি উল মোটা আর বিদেশি উল অপেক্ষাকৃত চিকন হয়ে থাকে। বিদেশি উলের মধ্যে থাইল্যান্ডের পিটার পেন্ট কোম্পানির উলের দাম পড়বে ৭৫ টাকা আউন্স আর পাউন্ড কেনা যাবে এক হাজার ২০০ টাকায়। পাকিস্তানি এবিসি কোম্পানির উল প্রতি আউন্স ৬০ টাকা আর পাউন্ড মিলবে ৯৬০ টাকায়। ইন্ডিয়ান সালিমার উল প্রতি আউন্স ৩০ টাকা আর পাউন্ডের দাম পড়বে ৪৮০ টাকা।এ তো গেল বিদেশি উলের ফিরিস্তি। দেশি ভ্যালিকা উল কিনতে পারবেন প্রতি আউন্স ৩০ টাকায়, আর পাউন্ডের দাম পড়বে ৪৮০ টাকা।শুধু উল কিনলেই তো চলবে না, কিনতে হবে উলের কাঁটা। তবে কাঁটার আছে নানা আকার। মোটা বুননের জন্য লাগবে ৬, ৭ ও ৮ নম্বর কাঁটা। কেনা যাবে ১৫০ টাকা থেকে ৩০০ টাকায়। আর অপেক্ষাকৃত হালকা বা পাতলা বুননের জন্য লাগবে ১০, ১১ ও ১২ নম্বর কাঁটা। আর এই কাঁটা কেনা যাবে ৪০ টাকা থেকে ৯০ টাকায়। নিউমার্কেটের উল হাউস, বেঙ্গল উল হাউস, চাঁদনী চকের সুতার দোকান থেকে কিনতে পারবেন উলের যাবতীয় সামগ্রী। অপেক্ষাকৃত কম দামে পুরোনো উল কিনতে পারবেন বায়তুল মোকাররম থেকে।