উল্টো পথে নালার পানি সড়কে
টিলায় টিলায় বাড়ি। টিলার নিচে সড়ক। সড়ক থেকে বৃষ্টির পানি সরে যাওয়ার জন্য বসানো হয়েছে নালা। কিন্তু অপরিকল্পিতভাবে এসব নালা বসানোর ফলে বৃষ্টির পানি নালা দিয়ে উল্টো পথে এসে পড়ছে সড়কের ওপর। ফলে নালাটি গ্রামের শতাধিক পরিবারের যাতায়াতে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের নজরের টিলা গ্রামের মুৎসুদ্দিপাড়া সড়কের চিত্র এটি। গ্রামবাসী জানান, পাড়ায় প্রায় শতাধিক পরিবার বসবাস করে। উঁচু টিলায় সব বাড়ি। চলাচলের একমাত্র সড়কটি করা হয়েছে টিলার নিচে। ফলে প্রতিবছর বর্ষায় বৃষ্টির পানি টিলা থেকে গড়িয়ে পড়ে সড়কে। সড়কটি তখন পরিণত হয় পাহাড়ি ছড়ায়। এ সময় গ্রামের মানুষ সড়ক দিয়ে চলাচল করতে পারেন না। একনাগাড়ে বৃষ্টি হলে গৃহবন্দী হয়ে পড়েন সবাই। পানির স্রোতে ইট-সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয় সড়কটিতে। ফলে সারা বছর চলাচলে নানা দুর্ভোগের শিকার হন গ্রামবাসী। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য তাঁরা সড়কটি উঁচু করা অথবা পানি সরে যাওয়ার জন্য নালা স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গত জুলাইতে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় সড়কটি মেরামতের জন্য ১১ মেট্রিকটন গম বরাদ্দ দেন। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রকল্পের আওতায় নালা নির্মাণের কাজ শেষ করেন। কিন্তু নালাটি অপরিকল্পিতভাবে নির্মাণ করায় বৃষ্টির পানি বিলে না গিয়ে উল্টো সড়কে এসে পড়ছে। নালার দেয়ালটি সড়ক থেকে উঁচু হওয়ায় সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ৭ আগস্ট বিকেলে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণ পানি জমে গেছে বলে জানান গ্রামবাসী। গ্রামের বাসিন্দা ঝুলন বড়ুয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো পরিকল্পনা ছাড়াই নালাটি নির্মাণ করা হয়েছে। সড়ক থেকে বিলের দিকে নিচু করে যেখানে নালা নির্মাণ করার কথা সেখানে সড়কের দিকে নিচু করে নালা নির্মাণ করায় পানি সড়কে এসে পড়ছে। তার ওপর নালার দেয়াল সড়ক থেকে উঁচু হওয়ায় পানি আটকে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।’ তিনি বলেন, বাজারদর অনুযায়ী ১১ মেট্রিকটন গমের দাম দেড় লাখ টাকার বেশি। কিন্তু নালাটি নির্মাণে ৪০ হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। উপজেলা প্রকল্প কার্যালয়ের সহকারী কাজল দাশ জানান, সড়ক মেরামত প্রকল্পের আওতায় ১১ মেট্রিকটন গম বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পের সভাপতি হচ্ছেন মরিয়মনগর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান। গত জুলাইয়ের শুরুতে তিনি প্রকল্পের গম উঠিয়ে নেন। প্রকল্পের কাজ শেষ হলেও তিনি কার্যবিবরণী জমা দেননি। ফলে তিনি কী কাজ করছেন সে ব্যাপারে প্রকল্প কার্যালয় অবগত নয়।এ ব্যাপারে চেয়ারম্যান মুজিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘মাটি ভরাট করে সড়কটি মেরামতের জন্য প্রকল্পটি দেওয়া হয়েছিল। কিন্তু মুৎসুদ্দিপাড়ার লোকজনের অনুরোধে নালা নির্মাণের কাজ করা হয়। আর প্রকল্পের ১১ মেট্রিকটন গম বিক্রি করে এক লাখ ৪৩ হাজার টাকা পেয়েছি। যার সবই নালার নির্মাণকাজে ব্যয় করেছি। তবে শ্রমিকেরা নালাটি নির্মাণের সময় বুঝতে পারেননি পানি কোন দিকে যাবে। ফলে নালার পানি উল্টো পথে সড়কে এসে পড়ছে।’ নালাটি পুনরায় সংস্কার করা হবে বলে তিনি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আজম সিদ্দিকী বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ নালাটি পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।