উল্টো পথে মিসর
ক্ষমতা পেলে যে কেউ ছাড়তে চায় না, তা-ই যেন আবার প্রমাণ করছে মিসরের সামরিক কর্তৃপক্ষ। গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট নেওয়ার শেষ দিন তারা এমন এক সাংবিধানিক প্রজ্ঞাপন জারি করেছে, যাকে ক্ষমতা কুক্ষিগত করে রাখার কৌশল বলেই মনে করছে সবাই। ফলাফল: আবার উত্তপ্ত মোবারকবিরোধী আন্দোলনের সূতিকাগার কায়রোর তাহরির স্কয়ার।মিসরীয়রা এমনিতেই মোবারক-পরবর্তী অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদের ওপর খুব একটা খুশি ছিল না। রাজনৈতিক সংস্কারের শম্বুকগতিতে অধৈর্য হতে শুরু করেছিল তারা। তার পরও মোটামুটি সুষ্ঠু পার্লামেন্ট নির্বাচন হওয়ার পর আশায় বুক বেঁধেছিল। এখন প্রেসিডেন্ট নির্বাচন শেষ না হতেই সশস্ত্র বাহিনী নতুন করে কলকাঠি নাড়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ছে জনমনে।প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সাংবিধানিক প্রজ্ঞাপন জারি করে ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ (স্কাফ)। মোবারকের পতনের পর ২০১১ সালের মার্চেও স্কাফ সাংবিধানিক প্রজ্ঞাপন জারি করেছিল। নতুন প্রজ্ঞাপনে আটটি সংশোধন আনা হয়। স্কাফ যে ক্ষমতা হস্তান্তরের আগে নতুন কোনো টালবাহানা শুরু করবে, এমন আভাস অবশ্য কয়েক দিন আগেই পাওয়া গিয়েছিল। মোবারকের শাসনামলে নিযুক্তি পাওয়া বিচারকেরা গত সপ্তাহে যখন নবনির্বাচিত পার্লামেন্টকে অবৈধ আখ্যা দিয়ে বিলুপ্ত ঘোষণা করেন, তখনই আভাস পাওয়া যায় গণতন্ত্রের পথে আরও কঠিন বাধা আসছে। প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সেনা কর্মকর্তাকে হারিয়ে জয়ের দাবি করছে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড। নতুন একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের লক্ষ্যে নির্বাচিত ১০০ জন আইনপ্রণেতার পার্লামেন্টেও দলটির প্রাধান্য রয়েছে। ব্রাদারহুডের ওপর আস্থা নেই সশস্ত্র বাহিনীর। তারা দৃশ্যত সংগঠনটির উপর্যুপরি বিজয়ের সম্ভাবনায় অধৈর্য হয়ে উঠেছে।প্রজ্ঞাপনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, সামরিক বিষয়ে রাষ্ট্রপ্রধানের কোনো হাত থাকবে না। স্কাফ নিজেদের নেতা নিজেরাই নির্বাচন করবে। দেশের বাজেটে তাদের হাত থাকবে। আইনগত বিষয়ও থাকবে তাদের নিয়ন্ত্রণে। স্কাফের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নতুন স্থায়ী সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত দেশে সাধারণ নির্বাচন হতে পারবে না। স্কাফ অনুমোদন দিলেই কেবল প্রেসিডেন্ট কোনো যুদ্ধ ঘোষণা করতে পারবেন। সব মিলিয়ে মিসরে এখন এমন এক পরিস্থিতি, গণতন্ত্রের দাবিতে রক্তক্ষয়ী বিপ্লবের কোনো সার্থকতাই আর দেখা যাচ্ছে না। মনে হচ্ছে নতুন যে বেসামরিক প্রেসিডেন্ট আসবেন, সামরিক বাহিনীর হোমরাচোমরাদের তাঁবেদারিতেই কাটবে তাঁর দিন। তিনি যা কিছু করতে চান না কেন, অনুমোদন লাগবে স্কাফ কর্মকর্তাদের। মোবারকের শাসনামলের প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি স্কাফের প্রধান। মিসরের সর্বোচ্চ সামরিক পরিষদের সাংবিধানিক প্রজ্ঞাপন জারির কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তারা বলেছে, এটি সামরিক কর্মকর্তাদের রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার পাঁয়তারা। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকও একই ধরনের মন্তব্য করে বলেছেন, এটি আসলে এক ‘নীরব অভ্যুত্থান’। হিউম্যান রাইটস ওয়াচের গবেষক হেবা মোরায়েফ এ ব্যাপারে তাঁর টুইটার পাতায় লেখেন, ৩০ জুনের মধ্যে নির্বাচিত নতুন সরকারের কাছে স্কাফের ক্ষমতা হস্তান্তরের যে কথা রয়েছে, নতুন সংশোধনীর ফলে তা হবে ‘অর্থহীন’। মানবাধিকার সংগঠন ইজিপশিয়ান ইনিশিয়েটিভ ফর পারসোনাল রাইটসের হোসাম বাহগাত বলেন, ‘এই সংশোধনী সেনা স্বৈরশাসনের ষোলকলা পূর্ণ করল।’মিসরের বিশিষ্ট রাজনীতিক এল বারাদি বলেছেন, ‘এটি হচ্ছে গণতন্ত্র ও বিপ্লব থেকে বড় ধরনের পশ্চাদপসরণ।’কেবল বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতা বা মানবাধিকার কর্মীরা নন, সামরিক পরিষদের এই একতরফা উদ্যোগ মিসরের সাধারণ মানুষও মেনে নেয়নি। মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে তাহরির স্কয়ারে গত মঙ্গলবারের বিশাল গণবিক্ষোভই তা প্রমাণ করে। প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বে ওঠা দুই প্রার্থীর একজন মোহাম্মদ মুরসি ব্রাদারহুড সমর্থিত ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির নেতা। তাঁর প্রতিদ্বন্দ্বী মোবারকের শাসনামলের সর্বশেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক (৭০)। সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা তিনি। এ নির্বাচনে জয় নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে দুই পক্ষ। প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার তারিখ নির্ধারিত ছিল ২১ জুন। কিন্তু ১৭ জুন দ্বিতীয় দফা ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই মুরসি জয়ী হয়েছেন বলে দাবি করা হয় ব্রাদারহুডের পক্ষ থেকে। ব্রাদারহুড সমর্থিত টিভি চ্যানেলে সংগঠনটির নেতারা দাবি করেন, মুরসি প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এর প্রতিবাদ জানিয়ে আহমেদ শফিকের পক্ষ থেকে বলা হয়, ভোট গণনা শেষ হওয়ার আগেই মুরসি জয়ী হন কীভাবে?বিশ্লেষকদের ধারণা, ব্রাদারহুড নেতা মুরসিকে নিয়ে চাপা ভীতি রয়েছে স্কাফের। কারণ এই সামরিক পরিষদের নেতারা সবাই মোবারকের শাসনামলের সেনা কর্মকর্তা। মুরসি ক্ষমতায় গেলে তাঁদের ওপর যাতে আইনের খড়্গ চালাতে না পারেন, এ জন্য আগেই তাঁর হাত-পা বেঁধে দেওয়ার চেষ্টা হিসেবে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মোবারকের দীর্ঘ শাসনামলে নিষিদ্ধ ছিল ব্রাদারহুড। কাজেই তাদের প্রার্থী দেশের ক্ষমতায় গেলে অন্তত কোনো কোনো মোবারকপন্থী কর্মকর্তা সমস্যায় পড়তেই পারেন। যদিও মুরসি বারবার বলেছেন, ক্ষমতায় গেলে আবেগ বা ক্ষোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। নেবেন না প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা। কিন্তু সেনা কর্মকর্তারা মুরসি তথা ব্রাদারহুডের ওপর আস্থা রাখতে পারছেন না। এদিকে মোবারক যুগের বিচারকদের রায় মেনে নেননি মিসরের নুতন পার্লামেন্ট সদস্যরা। সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত বলে এ পার্লামেন্ট মূলত সাংবিধানিক গণপরিষদ। পরিষদের সদস্যরা গত সোমবার প্রথম অধিবেশনে বসেন। এতে সামরিক পরিষদের ক্ষমতাকে ‘অবৈধভাবে আইনসিদ্ধ করার চেষ্টার’ প্রতিবাদ জানানো হয়। বৈঠকে ইসলামপন্থী ও উদারপন্থী নেতারা একমত হয়ে বলেন, স্কাফ যে সিদ্ধান্ত নিয়েছে, তা ‘সামরিক অভ্যুত্থান’ বৈ কিছু নয়। স্পিকার সাদ আল কাতাতনি বলেন, ‘এই পার্লামেন্ট কেবল গণভোটের মাধ্যমে বিলুপ্ত হতে পারে।’উদারপন্থী আইনপ্রণেতা এল সোয়ি বলেন, তাঁরা যে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন, তা একটি আইনসিদ্ধ পার্লামেন্ট। বলা হচ্ছে সদ্য নির্বাচিত পার্লামেন্ট বিলুপ্ত হলেও নতুন সংবিধান প্রণয়নে এর কোনো প্রভাব পড়বে না। আইনপ্রণেতারা সংবিধান প্রণয়নের ক্ষেত্রে ‘কোনো বিঘ্ন ঘটালে’ জারি করা নতুন প্রজ্ঞাপন বলে স্কাফ সংবিধান রচনার জন্য একটি কমিটি গঠন করতে পারবে। সংবিধান প্রণয়নের ক্ষেত্রে এ বিষয়টিকে একটি বড় ধরনের ফাঁক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁরা অনেকেই বলেছেন, বিপ্লবের শেষ দিকে সেনা কর্মকর্তাদের কাছে মোবারকের ক্ষমতা হস্তান্তরের বিষয়টিই ছিল গণতন্ত্রের পথে বড় বাধা। পরবর্তী সময়ে আবার তাদের অধীনেই প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ও মেনে নিতে পারেনি মিসরের অনেক সাধারণ মানুষ। বিশেষ করে মোবারকের শাসনামলের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের প্রার্থী হওয়ার বিষয়টি। ভোটকেন্দ্রে ক্রমহ্রাসমান ভোটার উপস্থিতি এর একটা প্রমাণ। প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণের সময় ভোটারদের মধ্যে হতাশা ও নিস্পৃহতা ছিল লক্ষণীয়। কোনো কোনো কেন্দ্র ছিল একেবারে ফাঁকা। কাতারের দোহার ব্রুকিংস সেন্টারের গবেষক সাদি হামিদ বলেন, ‘মিসরের মানুষ ভোট দিতে দিতে হয়রান। গত বছর টানা ২৯ দিন ধরে ভোট নেওয়া হলো। কিন্তু এরপর থেকে তাদের জীবন যাপনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো উন্নতিই তো হয়নি।’আরেকজন বিশ্লেষক বলেন, ভোটারেরা কষ্ট করে ভোট দিচ্ছেন, নতুন পার্লামেন্ট হচ্ছে, আর সেনারা তা এক ঠেলায় গুঁড়িয়ে দিচ্ছেন—লাভটা হলো কী? সেনারাই যদি সব ক্ষমতার উৎস হয়, তাহলে আর ভোটাভুটি কেন?যে গণতন্ত্রের স্বপ্নকে সামনে রেখে আরব বসন্তের হাওয়ায় উদ্দীপিত মিসরের মানুষ মোবারকবিরোধী আন্দোলনে নেমেছিল, তা যেন আজ বিলীন হতে বসেছে। তবে গত মঙ্গলবার তাহরির স্কয়ারের বিক্ষোভে একটি বিষয় জোরালোভাবে প্রমাণিত হয়েছে যে মিসরের সাধারণ মানুষের মধ্যে বিপ্লবের সময়কার সেই ঐক্য এখনো অটুটু রয়েছে। বৈধতা পেয়ে ব্রাদারহুডের সাংগঠনিক ক্ষমতাও বেড়েছে অনেক। কাজেই সামরিক পরিষদের কর্মকর্তারা দেশের ক্ষমতা নিয়ে ছিনিমিনি খেলে সহজে পার পাবেন না। তাঁদের এসব পদক্ষেপ আরেকটি রক্তক্ষয়ী বিপ্লবের জন্ম দেবে না, তা নিশ্চিত করে বলা যায় না।