উল্টো ফাঁপর
ছোটবেলা থেকেই আব্বা-আম্মাকে দেখতাম, অল্পবয়সী কোনো ভিক্ষুক দেখলে দূর দূর করে তাড়িয়ে দিতেন। বলতেন, খুঁজলে কাজের লোক পাই না আর তোমরা অল্প বয়সে আসছ ভিক্ষা করতে। আমি মনে মনে ভাবতাম, আব্বা-আম্মা এত অমানবিক কেন? এই ভিক্ষুকদের দু-চারটা টাকা কিংবা অল্পকিছু চাল দিলে কী এমন ক্ষতি। জিজ্ঞেস করলে আম্মা বলতেন, অল্পবয়সী ভিক্ষুকদের ভিক্ষা দিলে তাদের অভ্যাস খারাপ হয়ে যায় এবং তারা মাথায় চড়ে বসে।একদিন দুপুরবেলা আমরা সবে ভাত খেয়ে উঠেছি, এমন সময় এক অল্পবয়সী ভিক্ষুক মহিলা বাচ্চা কোলে করে এসে করুণ মুখে জানাল, গতকাল থেকে সে কিছুই খায়নি, কিছু খাবার থাকলে যেন তাকে দেওয়া হয়। মেয়েটির কথায় আম্মার মনে দয়া হলো। তিনি প্লেটভর্তি ভাত, বড় মাছের টুকরোসহ নানা রকম তরকারি দিয়ে মেয়েটিকে খেতে দিলেন। দেখলাম মেয়েটি খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। কিছুক্ষণ পর প্লেটের ভাত-তরকারি শেষ হয়ে যাওয়ায় আম্মা আবার মেয়েটিকে ভাত-তরকারি এনে দিলেন। অতঃপর খাওয়া শেষে আম্মা মেয়েটিকে জিজ্ঞেস করলেন সে কোথায় থাকে, তার খেতে কোনো অসুবিধা হয়েছে কি না ইত্যাদি। ওনার লক্ষ্য হলো, যদি মেয়েটি কাজ করে তাহলে তাকে কাজের লোক হিসেবে রেখে দেওয়া। কিন্তু মেয়েটা আমাদের চেয়ে বেশি চালাক। কাজ করতে হবে বুঝতে পেরে মেয়েটি জবাব দিল, ‘দূর অ, কি হদিন হাইবার লাই দিঅ, গরম চাই ভাত দিন ন পার, ডর মাইনস্যর খাস্তা এতল্লাই হারাপ।’ অর্থা ৎ, দূর ছাই! কী সব খেতে দিয়েছ! গরম ভাত দিতে পারোনি? বড়লোকের স্বভাব খারাপ। মেয়েটির এই উল্টো ঝাড়িতে ‘দয়ালু আমি’ সাইজ হয়ে গেলাম এবং কান ধরলাম, আর কোনো দিন অল্পবয়সী কোনো ভিক্ষুককে ভিক্ষা দেব না।খাইরুল ওয়ারাচেয়ারম্যান পাড়া, চিরিংগা, চকরিয়া, কক্সবাজার।