উল্লাস শেষ, এবার ভর্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের উৎসব শেষ হয়ে এসেছে। মিষ্টির দোকানের ভিড়ও নেই। জীবনের প্রথম সনদ পাওয়ার আনন্দ ছাপিয়ে এখন ভর্তির ভাবনা প্রতিটি মেধাবীর চোখেমুখে। প্রতিবারই এসএসসি পরীক্ষার পর ভাবনাটা আসে ছাত্র ও অভিভাবকদের মধ্যে। এবারও ব্যতিক্রম নয়। কারণ কলেজগুলোতে উচ্চমাধ্যমিকে যে পরিমাণ আসন রয়েছে তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কিংবা মেধার স্বাক্ষর রাখাদের তুলনায় কম। তাই ভর্তি নিয়ে এই ভাবনা।এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন জিপিএ-৫ পাওয়ার আনন্দ উদ্যাপন করতে করতে চট্টগ্রাম কলেজে ভর্তির ইচ্ছার কথা বলেছে কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের অমিত, মিসবাহ, তানভির, ইস্পাহানি পাবলিক স্কুলের তরিকুলেরা। এবার এসএসসিতে তিন বিভাগে সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৮০০ জন। যা গতবারের চেয়ে এক হাজার ২৭১ জন বেশি। গতবার জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৫২৯ জন।এবার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫-এর সংখ্যা চার হাজার ২৪৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে এক হাজার ৪৭৭ আর মানবিকে ৭৫ জন। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে জিপিএ-৪ কিংবা তার বেশি পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। মানবিকে এক হাজার একজন এবং ব্যবসায় শিক্ষায় আট হাজার ৯৩২ জন জিপিএ-৪ পেয়েছে। তারাও সরকারি কলেজে ভর্তিযুদ্ধে অংশ নেবে। তাই সবচেয়ে বেশি ভর্তিযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে সরকারি কলেজগুলোতে। কারণ নগরের পাঁচটি সরকারি কলেজে আসন রয়েছে সাড়ে চার হাজারের মতো। তার মধ্যে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ ও সরকারি বাণিজ্য কলেজই শিক্ষার্থীদের কাছে প্রথম পছন্দের। এর মধ্যে চট্টগ্রাম কলেজে একাদশ শ্রেণীতে আসনসংখ্যা ৭৫০, মহসিন কলেজে এক হাজার ৩০০ আর বাণিজ্য কলেজে ৪৫০। আসনসংকটের কথা স্বীকার করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বলেন, ‘এবার গতবারের চেয়ে জিপিএ-৫ বেড়েছে। তাই আসনসংকট হবে। বিভিন্ন সরকারি কলেজে ছাত্র বাড়িয়ে নেওয়ার একটা পরামর্শ রয়েছে। তবে বাড়িয়ে নিলেও তাদের কোথায় বসতে দেবে তা-ও একটা প্রশ্ন।’ গতবারের মতো মেধা ও বয়সের ভিত্তিতে এবারও ভর্তি প্রক্রিয়া চলবে বলে তিনি জানান। জানা গেছে, কলেজগুলোতে আসন দ্বিগুণ করার জন্য বলা হয়েছে। কিন্তু সে অনুযায়ী লোকবল ও স্থান না থাকায় তা সম্ভব হচ্ছে না। প্রসঙ্গত, জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এবারও কলেজিয়েট উচ্চবিদ্যালয় শীর্ষে রয়েছে। এ বিদ্যালয়ের ৩৫৪ জনই জিপিএ-৫ পেয়েছে। পরের অবস্থান রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ৪৩ জন। এ ছাড়া ইস্পাহানি থেকে ৯১ জন, সিলভার বেলস স্কুল থেকে ৬৫, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৩৫ জন ও খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৩০ জন জিপিএ-৫ পেয়েছে। ভর্তি নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও উদ্বিগ্ন। ভর্তি নিয়ে কথা হয় অভিভাবক, ব্যবসায়ী খোকন নন্দী ও ব্যাংকার মো. ইউসুফের সঙ্গে। তাঁদের মতে, অনেকে জিপিএ-৫ পেয়েছে। তাই এবার ভালো কলেজে ভর্তির সুযোগ থেকে অনেকে বঞ্চিত হবে। অভিভাবকদের মতে, প্রকৃত মেধাবীদের সুযোগ দেওয়ার জন্য বয়সের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা অর্থাৎ নম্বরের বিষয়টি গুরুত্ব দেওয়া হলে ভালো হয়। বয়সকে প্রথম প্রাধান্য দিলে অনেক মেধাবী ভালো কলেজে ভর্তির সুযোগবঞ্চিত হবে।