উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: আলী আশরাফ
নগর পরিকল্পনাবিদ ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি এম আলী আশরাফ বলেছেন, ‘গত এক বছরে চট্টগ্রাম মহানগরের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে আমরা আশাবাদী।’ তিনি জানান, চট্টগ্রাম মহানগরের প্রধান সমস্যা বর্ষাকালের জলাবদ্ধতা। চট্টগ্রামবাসী এ দুর্ভোগ থেকে রেহাই পেতে মেয়র হিসেবে মোহাম্মদ মন্জুর আলমকে নির্বাচিত করেন। বর্ষা চলেই এসেছে। কিন্তু নির্বাচনী ওয়াদা অনুযায়ী জলাবদ্ধতা সমস্যাটি এখনো নিরসন করতে পারেননি। মে-জুলাই মাসেই বেশি বৃষ্টি হয়। কিন্তু সময়মতো খাল খনন না করায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। শুষ্ক মৌসুমে না করে খাল খনন করা হয় বর্ষা এলে। এতে খনন করা খালের ময়লা-আবর্জনা আবার বর্ষার পানিতে ভেসে খাল-নালা ভরে যায়। এতে জলাবদ্ধতা না কমে বরং আরও প্রকট আকার ধারণ করে। আলী আশরাফ বলেন, ‘সড়কের ওপর কার্পেটিং করার পর যেভাবে ফাইবার অপটিক্যাল সংযোগসহ বিভিন্ন কাজে সড়কের কাটাকাটি চলে, তার ওপর সিটি করপোরেশনের কোনো নজরদারি নেই। এসব কাজে সমন্বয়হীনতার অভাব স্পষ্ট। এসব কাজে সড়ক শুষ্ক মৌসুমে না কেটে বর্ষার সময় কাটার ফলে নগরবাসীর দুর্ভোগ আরও বাড়ে।’