উশুতে স্বর্ণ জয়ের স্বপ্ন চট্টগ্রামের ফাহমিদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় ক্রীড়ায় (এসএ গেমস) উশু ইভেন্টে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছেন ফাহমিদা ইয়াসমিন ওরফে আরজু। ইতিমধ্যে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করেছেন। পটিয়া শাহ আমির উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ফাহমিদা ইয়াসমিন। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ে শখের বশে এক বন্ধুর হাত ধরে মার্শাল আর্ট শেখার প্রতিষ্ঠানে ভর্তি হন। বাড়ি থেকে মাত্র আধকিলোমিটার দূরে পটিয়া জিমনেসিয়ামে ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার। কিছু দিনের মধ্যে তিনি দক্ষতার প্রমাণ রাখেন। দৃষ্টি কাড়েন ট্রেনিং সেন্টারের সাবেক প্রধান প্রশিক্ষক, উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসানের। তিনি তাঁকে গড়ে তোলেন প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে। উন্নত ক্রীড়াশৈলী ও দক্ষতার কারণে এবার এসএ গেমসে স্বাগতিক বাংলাদেশের পক্ষে উশু ইভেন্টে খেলায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে ফাহমিদার। এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রতিযোগিতার পাশাপাশি জাতীয় পর্যায়ে অংশ নিয়েও বেশ সাফল্য কুড়িয়েছেন। ২০০৯ সালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষে জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে খেলে স্বর্ণ জিতে নেন। ২০০৮ সালে বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনে আবাহনীর পক্ষ হয়ে উন্মুত্ত জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথম হন। সর্বশেষ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেন। পটিয়া পৌর এলাকার দক্ষিণ গৌবিন্দারখীল গ্রামের ইলিয়াছ মিয়া ও জোহরা বেগমের মেয়ে ফাহমিদা। এক ভাই তিন বোনের মধ্যে আরজু তৃতীয়। তার বড় ভাই মোহাম্মদ ইকবাল হোসেন জানান, একসময় তিনি নিজেও মার্শাল আর্ট শিখতেন। কিন্তু পড়াশোনার চাপ ও আর্থিক সংকটের কারণে খেলাধুলা থেকে সরে আসতে হয়। কিন্তু ছোট বোন আরজুর উন্নত ক্রীড়াশৈলী দেখে তাঁকে উত্সাহ দিয়ে যাচ্ছেন।আজ ৪ ফেব্রুয়ারি থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দক্ষিণ এশীয় ক্রীড়ার (এসএ গেমস) উশু ইভেন্টের খেলা। উশু এসএ গেমসে অন্তর্ভুক্ত হওয়ার পর বাংলাদেশ এ খেলায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে। খেলার প্রস্তুতি সম্পর্কে সিলেট থেকে মুঠোফোনে ফাহমিদা জানান, ‘আমার অনুশীলন খুবই ভালো হচ্ছে। স্বর্ণ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’