উশুর ওস্তাদ রুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুমা আকতার। ছবি: প্রথম আলো
রুমা আকতার। ছবি: প্রথম আলো

১১ বছর আগের কথা। ছোট ভাই সোহেল রানার উশু চায়নিজ মার্শাল আর্ট দেখতে গিয়েছিল মেয়েটি। ভাইয়ের মার্শাল আর্ট দেখে এতই মুগ্ধ হয় যে ভর্তি হয়ে যায় কক্সবাজার উশু একাডেমীতে। সেই মেয়ে এখন চায়নিজ মার্শাল আর্টে একসঙ্গে চার-পাঁচজন ছেলেকে কুপোকাত করে ফেলে।

যাঁর কথা বলা হচ্ছিল, তিনি হলেন রুমা আকতার। কক্সবাজার শহরের কমবেশি সবাই তাঁকে চেনে ‘মার্শাল আর্টকন্যা’ হিসেবে। আর প্রতিবছর জাতীয় উশু প্রতিযোগিতায় একটি স্বর্ণপদক তাঁর দখলে থাকছেই। রুমা শুধু নিজের আত্মরক্ষা করেন না, কারও বিপদ দেখলেও এগিয়ে যান। তেমনই একটি ঘটনা জানা গেল তাঁর কাছ থেকে।

একদিন বিকেলে রিকশায় বাড়ি ফিরছিলেন রুমা। গোলদীঘির পারে পাঁচজন বখাটে যুবক অন্য একটি স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করছিল। রুমা রিকশা থামিয়ে প্রতিবাদ করলেন। মেয়েটি ঘরে ফিরে গেলেও বখাটেরা রুমাকে ঘিরে ধরে। এরপর যুবকেরা আক্রমণ শুরু করলে রুমা মার্শাল আর্টের মাধ্যমে তাঁদের প্রতিরোধ করেন। এ সময় আশপাশের লোকজন এসে রুমার অনেক প্রশংসা করেন।

রুমা আকতার বলেন, ‘সমাজে মেয়েরা এখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। বখাটেদের হাতে মেয়েরা প্রতিনিয়ত ইভ টিজিংয়ের শিকার হচ্ছে। অনেক মেয়ে জানে না কীভাবে প্রতিবাদ করতে হয়। তাই ভাই যখন উশু শিখছিল, তখন মনে হয়েছিল, আমিও তো এটা শিখলে আত্মরক্ষা করতে পারব। অন্য মেয়েদেরও এটা শেখা উচিত।’

২০০৩ সাল থেকে এ পর্যন্ত সব কটি জাতীয় উশু প্রতিযোগিতায় তাওলু ইভেন্টে রুমা আকতার টানা স্বর্ণপদক (মেয়েদের মধ্যে) পেয়েছেন। ২০১০ সালে সিলেটে অনুষ্ঠিত সাউথ এশিয়া গেমসে বাংলাদেশ জাতীয় উশু দলে ১০ সদস্যের (চারজন মেয়ে, ছয়জন ছেলে) একটি দল অংশ নেয়। এর মধ্যে ছিলেন রুমা আকতারও। এটি ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় তাওলু ইভেন্টে ‘নান্দাউ’ বিভাগে রুমা আকতার স্বর্ণপদক জয় করেন। আর ‘নানচোয়ান’ বিভাগে পান রৌপ্যপদক।

কক্সবাজার সরকারি মহিলা কলেজে বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুমা আকতারের বাড়ি শহরের পুর্বঘোনাপাড়ায়। বাবা হামিদ হোসেন ব্যবসায়ী। মা কুলসুমা বেগম গৃহিণী। দুই বোন দুই ভাইয়ের মধ্যে রুমা দ্বিতীয়। পরিবার থেকে সব সময় সমর্থন-সহযোগিতা পান রুমা। মা কুলসুমা বেগমের ইচ্ছা, লেখাপড়ার পাশাপাশি মেয়ে আন্তর্জাতিক অঙ্গনে উশু প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক।

কক্সবাজার উশু একাডেমীর পরিচালক ও উশু প্রশিক্ষক ছিদ্দিকুল ইসলাম ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন বলেন, ‘প্রত্যাশা, রুমা একসময় আন্তর্জাতিক খ্যাতি পাবেন। কক্সবাজারের এই উশুর ওস্তাদকে সবাই চিনবে।’