উশুর টানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার সময় বিশেষ ভঙিমায় উশু প্রশিক্ষক সিদ্দিকুল ইসলাম
ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার সময় বিশেষ ভঙিমায় উশু প্রশিক্ষক সিদ্দিকুল ইসলাম

ছোটবেলায় সিনেমার মারামারির দৃশ্য প্রিয় ছিল তার। মার্শাল আর্টের মারামারি হলে তো কথাই নেই। নায়ক যখন ভিলেনকে পেটাত, ভারি আনন্দ হতো। বন্ধুদের সঙ্গে খেলায়ও সেই দৃশ্যগুলো অনুকরণের চেষ্টা করতেন। এভাবেই মার্শাল আর্টের সঙ্গে পথচলা শুরু। এখন মার্শাল আর্টেই ঘর-বসতি। তিনি উশু প্রশিক্ষক সিদ্দিকুল ইসলাম (৩৮)। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার জিতেছেন বেশ কয়েকবার।
এগিয়ে যাওয়ার গল্প
সময়টা ১৯৯৪ সাল। কক্সবাজারের পূর্ব পাহাড়তলী গ্রামের তরুণ সিদ্দিকুল ভর্তি হলেন উশু প্রশিক্ষক দিল মোহাম্মদ রুস্তমের
(বাংলাদেশ জাতীয় উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক) বজ্রমুষ্টি একাডেমিতে। সেখানে টানা চার বছর উশু প্রশিক্ষণ নেন। পোক্ত হয়ে প্রথম জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন ১৯৯৯ সালে। প্রথমবারেই বাজিমাত করেন। সেবার ঢাকায় অনুষ্ঠিত উশু জাতীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রথম হন সিদ্দিকুল। তৎকালীন রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস হোটেল অবকাশে সিদ্দিকুলের হাতে তুলে দেন জীবনের প্রথম পুরস্কারটি। সেই শুরু।
এর পরের গল্প শুধুই এগিয়ে যাওয়ার। ২০০৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসে দেশের হয়ে সামদা-৫৬ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন। ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চার বছর জাতীয় পর্যায়ে (দাউশো-সানসোয়ান) প্রতিযোগিতায় সিদ্দিকুলের হাতে ওঠে স্বর্ণপদক। ২০০৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত থার্ড এশিয়ান গেমসে জিয়ানসো ও সিয়ানসো দুটি বিভাগে অংশ নিয়ে ব্রোঞ্চপদক লাভ করেন তিনি। ২০০৯ সালে বাংলাদেশ চায়না কাপ টুর্নামেন্টেও টাইসি ও টাইসিজিয়েন বিভাগে সিদ্দিকুল স্বর্ণপদক পান। সিদ্দিকুল বর্তমানে বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি) উশু তাওলু ইভেন্টের প্রধান কোচ হিসেবে কর্মরত আছেন।
উশুর আলো ছড়িয়ে দিতে...
দুই বছর আগের কথা। সিদ্দিকুল ইসলাম নিজ শহরের ছেলেমেয়েদের উশু প্রশিক্ষণ শেখানোর জন্য গঠন করেন ন্যাশনাল উশু একাডেমি। এরপর শুরু হয় ছেলেমেয়েদের ভর্তি ও প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণ চলে কক্সবাজার জেলা স্টেডিয়ামে। বর্তমানে এই একাডেমির সদস্যসংখ্যা ৯৯। এদিকে কক্সবাজারের একাডেমি গঠনের ছয় মাস পর চট্টগ্রামের পটিয়ায় প্রতিষ্ঠা করেন আরেকটি উশু একাডেমি। সেখানে উশু প্রশিক্ষণ নিচ্ছেন দুই শতাধিক ছেলেমেয়ে। পটিয়ার পর রাঙামাটিতে উশু একাডেমি গঠন করা হয়। সেখানেও প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় চার শ ছেলেমেয়ে। এ ছাড়া সিলেট, মাদারীপুর, নেত্রকোনা, দিনাজপুর, রাজশাহী, গাজীপুর, ময়মনসিংহসহ দেশের ১২টি জেলায় রয়েছে সিদ্দিকুলের পৃথক উশু একাডেমি, যার বর্তমান সদস্যসংখ্যা আড়াই হাজারের মতো। এর মধ্যে মেয়ে প্রায় ৬০০ জন। সাত থেকে ৫০ বছর বয়সী যে কেউ আবেদন করে একাডেমির সদস্য হতে পারে। সিদ্দিকুর ইসলাম জানান, ক্যারাটে-কংফুর তুলনায় উশু জনপ্রিয় এবং ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ায় ছেলেমেয়েরা এতে ঝঁুকছে। তা ছাড়া আত্মরক্ষার জন্যও তো উশু শিখে রাখা দরকার। তিনি বলেন, উশুর জন্য সারা দেশে যা কিছু করছি সব নিজের উদ্যোগেই। এ ক্ষেত্রে সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা পাচ্ছি না। তবে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামটি ব্যবহারের অনুমতি দিয়ে এলাকার ছেলেমেয়েদের উশু প্রশিক্ষণে সহযোগিতা দিচ্ছে।