উষ্ণতায় শাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতপোশাক হিসেবে শালের জনপ্রিয়তা রয়েছে সব সময়। এ বছর ফ্যাশন হাউসগুলো এনেছে নানা নকশার শাল। দেখুন তার খোঁজ।শুধু শাড়ি কিংবা পাঞ্জাবির সঙ্গেই নয় বরং ফতুয়া, কুর্তা, জিনস এবং টি-শার্টের সঙ্গে এখন সবাই জড়িয়ে নিচ্ছে একটা শাল। ‘তারুণ্যের অনুষঙ্গ যেন এই শাল’ এমনটা বলেন ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান। তিনি আরও বলেন, ‘শীত মানেই তো শাল, তা হোক পাতলা বা ভারী। আর দেশীয় ঐতিহ্য ধরে রাখতেই নিত্য উপহার খাদি কাপড়ে শাল তৈরি করে। এবারের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের ছবি দিয়ে ডিজাইন করেছি। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের আমেজ আনতেই এই আয়োজন। এছাড়া দেশী পাখির ছবি বা নদীর নাম নিয়ে নকশা করা শাল তো আছেই। ’গত কয়েক বছরে শীতের পোশাক শালের মাঝে এসেছে বড় ধরনের পরিবর্তন। আর কেবল নকশাতেই নয়, বরং শালের আকারেও দেখা যাচ্ছে পরিবর্তন। বড় শালের জায়গাটা দখল করে নিয়েছে হালকা আর ছোট শালগুলো। শালের নকমা, মোটিফেও দেখা যাচ্ছে বাড়তি মনোযোগ। শালটা যেন হয়ে উঠেছে ডিজাইনারের ক্যানভাস। এমনটা জানালেন ফ্যাশন হাউস যাত্রার ধানমন্ডি শাখার ম্যানেজার মাহমুুদ হোসেন। শীত উপলক্ষে ফ্যাশন হাউস চরকা এনেছে নানা ধরনের শাল। খাদি, উল এবং খাদি ও সুতির মিশ্রণে মোট তিন ধরনের শাল তৈরি করেছে। চরকার ডিজাইনার ও সত্বাধিকারী জাভেদ কামাল জানান, এই শালগুলোতে কারচুপি, অ্যাপ্লিক, লেইস আর ব্লক প্রিন্টের কাজ করা হয়েছে। এখানে খাদির শাল পাওয়া যাবে ৩৫০ থেকে ৬৫০ টাকায়, উলের শাল ২৫০ থেকে ৯০০ টাকায় এবং খাদি ও উলের সংমিশ্রণে তৈরি হওয়া শালের দাম পড়বে ৪৫০ থেকে ৬০০ টাকা। এ ছাড়া ফ্যাশন হাউস তারামার্কায় শীতের আয়োজনে রয়েছে বেশ কিছু শাল। কুমিল্লার খাদি শাল কেনা যাবে ৬০০ থেকে ৮০০ টাকায় আর নোয়াখালীর গান্ধী আশ্রমের শাল পাওয়া যাবে ৮০০ থেকে দেড় হাজার টাকায়। ফ্যাশন হাউস আড়ংয়ে পাওয়া যাচ্ছে রকমারি শাল। এসবে সুতি, খাদি, অ্যান্ডি, ধুপিয়ান কাপড় ব্যবহার করা হয়েছে। কাজ করা হয়েছে কাঁথা ফোঁড়, এমব্রয়ডারি মাধ্যমে। এ ছাড়া সারা বছর আড়ংয়ে যেসব পোশাক জনপ্রিয়তা পায়, তার নকশার সাথে মিল রেখেও কিছু শাল তৈরি করা হয়। এমনটা জানালেন আড়ংয়ের বিপণন বিভাগের প্রধান ফারজানা হালিম হাই। ফ্যাশন হাউসগুলো ঘুরলেই নজরে পড়ে যায় হরেক রকম রং আর ডিজাইনের শাল। নিত্য উপহারের শালগুলো কিনতে পারবেন ৩৫০-৮৫০ টাকাতে। ফ্যাশন হাউস আড়ংয়ে নকশা অনুযায়ী শালের দাম পড়বে ৩৭৫-১১০০০ টাকা। যাত্রা থেকে শাল কেনা যাবে ৩৫০-৮০০ টাকাতে। সাদা-কালো থেকে সুতি কিংবা উলের মাঝে কাজ করা শাল কেনা যাবে ৪৫০-১৪০০ টাকাতে। ফ্যাশন হাউস রঙের শালের মাঝে কিছুটা বৈচিত্র এসেছে। ছোট ছোট শীতের ছড়া দিয়ে ডিজাইন করা বাহারি শাল কেনা যাবে ৩০০-১৫০০ টাকাতে। এ ছাড়া ঢাকার নিউমার্কেটসহ অন্যান্য শপিং মলে পাবেন পশমিনা শাল। দাম পড়বে ৫০০-১৫০০ টাকার মধ্যে।