প্রথম আলো: হিযবুত তাহ্রীর ব্যানারে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তৎপরতা এখনো চোখে পড়ছে। তাঁরা তো নিষিদ্ধ সংগঠন। আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন?জুলফিকার আলী মজুমদার: এই সংগঠনের কর্মকাণ্ড বন্ধ রাখতে আমরা শুরু থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সবগুলো টহল দল ও গোয়েন্দা ইউনিটও সক্রিয়। তারা আসলে চার-পাঁচ মিনিটের জন্য নগরে ঝটিকা মিছিল বের করে, যে কারণে গ্রেপ্তার করতে আমাদের বেগ পেতে হয়। এর পরও আমরা সম্প্রতি তিনজনকে ধরেছি। চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো হয়েছে। প্রথম আলো: নজরদারি বাড়ানোর সুফল পাওয়া যাচ্ছে? জুলফিকার আলী মজুমদার: অবশ্যই। অনেকের নাম পেয়েছি। তবে তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করছি না।প্রথম আলো: এঁরা আসলে কোন অবস্থান থেকে নিষিদ্ধ এই সংগঠনে যোগ দিচ্ছেন? জুলফিকার আলী মজুমদার: এঁদের সবাই উচ্চ শিক্ষিত পরিবার থেকে এসেছে। কোনো অশিক্ষিত লোক এই সংগঠনে নেই বলে আমরা জানতে পেরেছি। প্রথম আলো: জেনেশুনে কেন এই সংগঠনে আসছেন তাঁরা? জুলফিকার আলী মজুমদার : তাঁরা গোপনে কাজ করতে পছন্দ করেন। প্রকাশ্যে মিছিল-সমাবেশ করতে তেমন দেখা যায় না। তাঁরা ইন্টারনেট, ফেইসবুক ও মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে গোপনে কর্মকাণ্ড চালাচ্ছেন। কেউ না কেউ তাঁদের মগজ ধোলাই করছে। এঁরা ধর্মান্ধ হতে পারে বলে আমাদের ধারণা। প্রথম আলো: ওই ধর্মান্ধ গোষ্ঠী কারা তা কী আপনারা শনাক্ত করতে পেরেছেন? জুলফিকার আলী মজুমদার : যাঁরা ধরা পড়ছে, তাঁরা আসলে তৃতীয় সারির নেতা-কর্মী। পেছন থেকে তাঁদের উসকে দিচ্ছে ধর্মান্ধ গোষ্ঠীর লোকজন। এই গোষ্ঠীর অনেকের নাম-ধাম তো পত্রিকায় আসছে। আরও তথ্য-প্রমাণ পেলে আমরা তাঁদের গ্রেপ্তার করব।