উসাইন বোল্টের জন্য ক্যারিয়ার টিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অ্যাথলেট-জীবন থেকে অবসর নিলেন উসাইন বোল্ট। অবসর–জীবনটা তিনি বাংলাদেশে কাটালে বসে না থেকে কী কী করতে পারতেন? টিপস দিয়েছেন সোহাইল রহমান, এঁকেছেন শিখা

খুলে বসতে পারতেন কোচিং সেন্টার

সারা জীবন উসাইন বোল্ট পেয়েছেন অসংখ্য সোনা। তাঁর এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য খুলতে পারতেন কোচিং সেন্টার। যেখানে সহজে গোল্ডেন এ-প্লাস পাওয়ার ১০১টি উপায় শেখাতেন তিনি।

হতে পারতেন মোটিভেশনাল স্পিকার

দেশে এখন মোটিভেশনাল স্পিকারদের রমরমা বাজার। উসাইন বোল্ট তাঁর সাফল্যের গল্প শুনিয়ে দেশের জনগণকে মোটিভেট করতে পারতেন। বিশেষ করে কীভাবে গতিশীল হতে হয়, এই মোটিভেশন দেশের কিছু অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়।

পিৎজা ডেলিভারি বয় হিসেবেও ভালো করতেন

ঢাকা শহরে আধা ঘণ্টায় পিৎজা ডেলিভারি দেওয়া এখন অসম্ভব। যানজটের রাস্তায় গাড়ির থেকে পায়ে হেঁটে যাতায়াতই সহজ। ফলে যানজট থাকলেও বোল্ট এক দৌড়ে আধা ঘণ্টার মধ্যে পিৎজা ডেলিভারি দিতে পারতেন ঢাকার যেকোনো স্থানে।

ফেসবুক সেলিব্রিটি তো হতেই পারতেন

‘নেই কাজ তো খই ভাজ’ প্রবাদের আধুনিক ভার্সন হলো ‘নেই কাজ তো ফেসবুক চালা’। উসাইন বোল্টের হাতে এখন কোনো কাজ নেই। তিনি এ সময়ে সারা দিন কাটাতে পারতেন ফেসবুকে। নিয়মিত সেলফি আর স্ট্যাটাস পোস্ট করে স্বল্প সময়ে বনে যেতেন ফেসবুক সেলিব্রিটি।

বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিলে তো ভবিষ্যৎ উজ্জ্বল

বোল্ট তাঁর জীবনের বেশির ভাগ সময় নষ্ট করলেন দৌড়াদৌড়ি করেই। মা-বাবা আর প্রতিবেশীদের উপদেশ শুনে উসাইন বোল্ট বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে পারতেন অবসরে। ফলে এ সময় নিয়ম করে বিভিন্ন দেশের মুদ্রা আর রাজধানীর নাম মুখস্থ করতে দেখা যেতে পারত তাঁকে।

চাইলে দৌড়ের ওপরও থাকতে পারতেন

এমনিতেই সারা জীবন দৌড়ের ওপর ছিলেন, অবসর জীবনটাও দৌড়ের ওপর থাকতে পারতেন অনায়াসে। বাংলাদেশে দৌড়ের ওপর থাকা এমন কিছু কঠিন নয়; আমরা প্রায় সবাই দৌড়ের ওপরই তো আছি। তবে এই দৌড়ে পুরস্কারের কোনো আশা নেই।