উসাইন বোল্টের তিন মজার ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ বেইজিং অলিম্পিক থেকে শুরু উসাইন বোল্টের জয়যাত্রা। ২০১২ লন্ডন অলিম্পিকে কেউ তাঁকে হারাতে পারেননি, তাঁর জয়ধারা অব্যাহত এবার রিওতেও। ১০০ মিটারে আরও একবার সোনা জিতে সর্বকালের সেরা অ্যাথলেটদের তালিকায় নিজের নাম পাকা করে ফেলেছেন ‘বজ্রবিদ্যুৎ’। ট্র্যাকের বাইরে উসাইন বোল্ট মানেই যেন দুর্দান্ত কিছু। রানাআব্বাস লিখেছেনএই বিশ্বসেরা অ্যাথলেটের তিনটি মজার ঘটনা।

এবার রিওতে ২০০ মিটার সেমিফাইনালে সবাইকে ছাড়িয়ে উসাইন বোল্ট (মাঝে)। ছবি: রয়টার্স
এবার রিওতে ২০০ মিটার সেমিফাইনালে সবাইকে ছাড়িয়ে উসাইন বোল্ট (মাঝে)। ছবি: রয়টার্স

১

এমন হেলাফেলা!

নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, বোল্টের অভিধানে যেন ‘পরাজয়’ বলে কোনো শব্দ নেই! তবে যে প্রতিযোগিতাই হোক, প্রতিদ্বন্দ্বীকে নিশ্চয়ই হালকাভাবে দেখেন না গতিদানব। কিন্তু তাঁর ভঙিটা এমনই, অন্যদের হারানো আর কঠিন কী!

কদিন আগে, রিওতে ১০০ মিটারে তাঁর নিজের হিটের কথাই ধরুন। অলিম্পিক স্টেডিয়ামে ঢুকলেন তুমুল করতালিতে সিক্ত হয়ে। একটু পর স্টার্টিং লাইনে দাঁড়িয়ে নিজেই মাথার ওপর দুহাত তুলে তালি দিতে বললেন সবাইকে। দৌড় শেষ করার পর আবারও। যতটুকু জোরে দৌড়ালে হিট জেতা যায়, ঠিক ততটুকুই দিলেন। হেলেদুলে দৌড়েও সময় নিলেন ১০.০৭ সেকেন্ড। শেষ দিকে বার কয়েক পিছিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী স্প্রিন্টারদের দিকে তাকালেন। না, তাকানোর মধ্যে কোনো কৌতুককর কিছু ছিল না। কিন্তু একবার ভাবুন কতটা নিশ্চিন্ত হলে সেকেন্ডের ব্যবধানের খেলায় এই কাজটা করতে পারেন বোল্ট। স্বাভাবিকভাবেই এই পেছনে তাকানো অন্য রকম বিনোদন দিয়েছে দর্শকদের।

ফাইনালে অবশ্য জিতেছেন ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে। ২০০ মিটারে হিটও জিতেছেন শেষ দিকে আয়েশি ভঙ্গিতে দৌড়েই। সময় নিয়েছেন ২০.২৮ সেকেন্ড। বৃহস্পতিবার ২০০ মিটারের সেমিফাইনালেও দেখা গেছে একই দৃশ্য—অন্যদের হারিয়েছেন হেসে-খেলে! সময় লেগেছে ১৯.৭৮ সেকেন্ড, যেটি তাঁর মৌসুম সেরা। একই সময় নিয়ে সোনা জিতেছেন ফাইনালেও। বোল্ট এতটাই অপ্রতিরোধ্য, মনে হয় বাকিরা দৌড়ান তাঁকে সঙ্গ দিতে!

গত বছর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের সঙ্গে ক্যামেরাম্যান সং তাওয়ের সেই সংঘর্ষ। ছবি: সংগৃহীত
গত বছর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের সঙ্গে ক্যামেরাম্যান সং তাওয়ের সেই সংঘর্ষ। ছবি: সংগৃহীত

২

ক্যামেরাম্যানের সঙ্গে টক্কর

গত বছর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে চীনের এক ক্যামেরাম্যানের সঙ্গে ঘটে ঘটনাটা। একটু আগেই ২০০ মিটার জিতেছেন বোল্ট। বেইজিংয়ের বার্ডস নেস্টে দর্শকদের অভিবাদনের জবাব দিতে ব্যস্ত তিনি। পেছন থেকে ট্রলিতে তাঁকে অনুসরণ করছিলেন ওই ক্যামেরাম্যান। হঠাৎ ভারসাম্য হারিয়ে উঠে পড়লেন বোল্টের গায়ের ওপর। ভারসাম্য হারিয়ে দুজনই পড়ে গেলেন ট্র্যাকের ওপর!

ঘটনাটা নিয়ে তুমুল আলোড়ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। দৃশ্যটা দেখে অনেকেই হেসে কুটিকুটি। তবে দুর্ঘটনাটা বড়ই হতে পারত। সে রকম কিছু হয়নি বলে এ নিয়ে খানিকটা মজা করলেন বোল্ট, ‘সবাই বলছে, জাস্টিন গ্যাটলিনই (বোল্টের প্রতিদ্বন্দ্বী) ওকে টাকা দিয়ে এটা করিয়েছে, আমারও তা-ই মনে হয়! তবে আমি ভালো আছি। এটা এমন কিছু নয়।’ গ্যাটলিনও পাল্টা রসিকতা করতে ছাড়েননি, ‘আমি আমার টাকা ফেরত চাই, সে (ক্যামেরাম্যান) তার কাজটা ঠিকঠাক করেনি!’

বড় কোনো বিপত্তি না হওয়ায় বোল্ট অবশ্য পরে স্বস্তি প্রকাশ করেন, ‘ঘটনার সময় বেশ ভয় পেয়েছিলাম। দুর্ঘটনা অবশ্য হতেই পারে। আমার পায়ের দু-এক জায়গায় ছিঁড়ে গেছে। তবে অনুশীলনে এর চেয়েও বেশি কিছু সহ্য করতে হয়েছে আমাকে।’

সং তাও নামের সেই ক্যামেরাম্যানও কম রসিক নন। বোল্টকে ‘ক্ষতিপূরণ’ হিসেবে উপহার দেন একটা ব্রেসলেট।

এ বছর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বোল্টের সেই ‘চ্যাম্পিয়ন’ নাচ
এ বছর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বোল্টের সেই ‘চ্যাম্পিয়ন’ নাচ

৩

নাচের বোল্ট

শৈশবে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন বোল্ট। হতে চেয়েছিলেন প্রতিপক্ষ ব্যাটসম্যানের চোয়াল গুঁড়িয়ে দেওয়া দুর্দান্ত এক ফাস্ট বোলার। কিন্তু তাঁর রানআপ দেখে ক্রিকেট কোচের পরামর্শেই বোল্ট হয়ে যান দৌড়বিদ। বাকিটুকু ইতিহাস। ক্রিকেটার না হলেও খেলাটার প্রতি অন্য রকম ভালোবাসা আছে জ্যামাইকান স্প্রিন্টারের। ওয়েস্ট ইন্ডিজ সাফল্য পেলে বোল্টের আনন্দ এ কারণেই বেড়ে হয় দ্বিগুণ।

ইডেন গার্ডেনে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে বোল্টকেও। গেইল-স্যামিদের শিরোপা জয়ের আনন্দে নেচেছেন তিনিও। ওয়েস্ট ইন্ডিজের জয় দেখে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর জনপ্রিয় ‘চ্যাম্পিয়ন’ গানের তালে দেখা যায় গতিদানবের উন্মাতাল নৃত্য! ব্রাভো-স্যামিরা যখন মাঠে ‘চ্যাম্পিয়ন’ গানের তালে নাচছিলেন, টিভির সামনে সেটির সঙ্গে তাল মেলাচ্ছিলেন বোল্ট।

নাচে বোল্ট যে ভীষণ পারঙ্গম, সেটির প্রমাণ মিলল এবার রিওতেও। ১০০ মিটার হিটের আগে সংবাদ সম্মেলনে সাম্বা নৃত্যশিল্পীদের সঙ্গে নেচে দেখালেন। তাঁর নাচের মুদ্রা দেখে মনে হবে, নৃত্যশিল্পীদের চেয়ে কোনো অংশে কম নন সর্বকালের সেরা স্প্রিন্টার!

তথ্যসূত্র: এএফপি