
বাসা থেকে বিশ্ববিদ্যালয় কিছুটা দূরে বলে বাসেই নিয়মিত যাতায়াত করি। প্রতি ঘণ্টায় রুটিনমাফিক ক্যাম্পাস থেকে বাস ছেড়ে যায়। ক্লাস শেষে তাই একটু তাড়াহুড়ো করে বাসের জন্য ছুটতে হয়। দেরি হয়ে গেলেই বাস মিস! প্রতি ঘণ্টায় বাস চলার সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। একটা বাস মিস হওয়া মানেই এক ঘণ্টার অপেক্ষা। এই সময়টাও কেটে যায় বন্ধু, আড্ডা, গানে। কিন্তু কখনো কখনো দেখা যায় আড্ডা এতই জমে যায় যে আর উঠতে ইচ্ছা হয় না। এক ঘণ্টা বসে থেকে আড্ডার ছলে পরের বাসও মিস করেছি, এমন ঘটনা কম ঘটেনি। এই নিয়ে বন্ধুমহলে হাসিঠাট্টা চলতেই থাকে।
সেদিনও যথারীতি ক্লাসের পরের বাসটা ধরতে দেরি হবে বলে আর অযথা ছোটাছুটি না করে বসে গেলাম আড্ডায়। গানে গানে আড্ডা যখন জমেছে আর আমাদের সামনে জমেছে বাদামের খোসার স্তূপ, ঠিক তখন শুনি বাসের হর্ন! দেখলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক দিয়ে বাস বেরিয়ে যাচ্ছে। ব্যাগটা কোনোমতে কাঁধে নিয়ে, জুতা হাতে নিয়েই ছুটলাম। এ যেন বাসের সঙ্গে দৌড় প্রতিযোগিতা! প্রস্তুতি থাকলে দৌড়ে বাস ধরা যায়, কিন্তু অপ্রস্তুত ছিলাম বলে বাসটা চলে গেল। প্রথম ফটক পর্যন্ত দৌড়ে এসেও বাস ধরতে ব্যর্থ হলাম। কী আর করা, আড্ডায় ফিরে গিয়ে বন্ধুদের হাসির পাত্র হওয়ার ইচ্ছাটা আর ছিল না। তার ওপর জুতা হাতেই দৌড়েছি বলে হাসির শব্দের মাত্রাটা এবার একটু বেশিই ছিল।
অগত্যা অটোতে উঠে বাসার পথে রওনা হলাম। কিছু দূর আসতেই পেছনে শুনি বাসের আওয়াজ। তাকিয়ে দেখি বাসটা আমাদেরই বিশ্ববিদ্যালয়ের। তাহলে ভুলটা কোথায় ছিল? একটু আগেই না একটা বাস ছেড়ে গেল! পরে জানলাম, প্রথম বাসটা আসলে মেরামতের জন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেটাও বাস ছাড়ার সময়ের বেশ কিছুক্ষণ আগেই। আমি ঘড়িতে সময় না দেখেই ছুট দিয়েছি, যা হোক কী আর করা, ভুল তো হয়েই গেছে।
এবার একে একে বন্ধুদের ফোন আসতে লাগল। ‘কিরে উসাইন বোল্ট, বাস ধরছস তো নাকি?’ যেই হাসিঠাট্টার হাত থেকে থেকে বাঁচতে ফিরে না গিয়ে চলে এলাম, সেই হাসি আমার পিছু ছাড়ল না। পরের কয়েক দিনও এই নিয়ে বন্ধুমহলে চলল হাসাহাসি।
লেখক: তৃতীয় বর্ষ, ব্যবসায় প্রশাসন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়