উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে ক্ষণগণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত জোটের অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। নির্বাচন প্রতিহত করার জন্য বিরোধী দলের ঘোষিত এই কর্মসূচির কারণে আতঙ্কিত সাধারণ মানুষ। নির্বাচন কমিশন এবং প্রশাসন শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও আশ্বস্ত হতে পারছে না কেউ। প্রার্থীরা শেষ মুহূর্তে নির্বাচনী আমেজ সৃষ্টির চেষ্টা করলেও উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যেই নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে।
৫ জানুয়ারি চট্টগ্রামের নয়টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। গতকাল বুধবার বিভিন্ন আসনে নির্বাচনী সরঞ্জাম পুলিশি পাহারায় পৌঁছানো হয়েছে। ভোট গ্রহণের আগের দিন উপজেলা সদর থেকে তা পৌঁঁছে দেওয়া হবে বিভিন্ন ভোটকেন্দ্রে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নির্বাচনী সরঞ্জাম প্রতিটি আসনে পৌঁছে দেওয়া হচ্ছে। সেখান থেকে কেন্দ্রে চলে যাবে। ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচারণা।’
এদিকে, শেষ মুহূর্তে এসে নির্বাচনে অংশগ্রহণকারী সিংহভাগ প্রার্থী মাঠ গরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নগরে মিনি ট্রাকে মাইক লাগিয়ে চলছে নির্বাচনী প্রচারণা। সঙ্গে নানা রকম বাদ্যযন্ত্রও দেখা গেছে। পোস্টারও লেগেছে অনেক। ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এমন প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ওরফে নদভি বলেন, ‘প্রার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে। আমি যেখানে যাচ্ছি, সেখানে সাড়া পাচ্ছি। আশা করি, মানুষ ভোট দিতে যাবে।’
নির্বাচন বানচালের বিরোধী দলের হুমকি প্রসঙ্গে নদভী বলেন, ‘আমার মনে হয় না তাঁরা সফল হবেন। কারণ, মানুষের মধ্যে আগ্রহ আছে। আর ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে আমাদের জানানো হয়েছে।’
জানা গেছে, চট্টগ্রামের নয়টি আসনে এখন ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুটি আসন ছাড়া বাকিগুলোতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী রয়েছে। যে দুটি আসনে আওয়ামী লীগ নেই, সেগুলো হলো চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)। প্রথমটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে এবং পরেরটি বাংলাদেশ তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারীকে ছেড়ে দেওয়া হয়। যে সাতটি আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে, সেখানে তাঁদের প্রতিদ্বন্দ্বীরাও শক্তিশালী নন। তাই ভোটের ফলাফল কী হবে, অধিকাংশ ভোটারই তা অনুমান করতে পারছেন। এসব কারণে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ কম বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কর্মকর্তা বলেন, ‘যদি সব দলের অংশগ্রহণে নির্বাচন হতো, তাহলে আমরা দম ফেলার সময় পেতাম না। কাজের ব্যস্ততাও থাকত অনেক বেশি।’ এর পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের নির্বাচন প্রতিরোধের হুমকি এবং এই লক্ষ্যে অবরোধ কর্মসূচি ঘোষিত হওয়ায় ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ আরও কমেছে। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। যদিও প্রশাসনের আশ্বাস আতঙ্কের কোনো কারণ নেই।
চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা আতঙ্ক কাটানোর চেষ্টা করছি। আশা করি সফল হব। কারণ, ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। ৩ জানুয়ারি থেকে (শুক্রবার) ফোর্স চলে যাবে মাঠে। পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী আছে। আমাদের প্রস্তুতি চলছে ভালোই। আতঙ্কের কোনো কারণ আছে বলে মনে করি না।’