দ শ ম স ং স দ নি র্বা চ ন
দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, প্রচারণায় বাধা আর হুমকি-ধমকি—নির্বাচনী প্রচারণার শুরু থেকে এসব ঘটনা অব্যাহতভাবে ঘটেছে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে। তার ওপর রয়েছে বিএনপি-জামায়াতের নির্বাচন প্রতিহত করার হুমকি। এ কারণে ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ভোটাররা।
উখিয়ার রাজাপালং ইউনিয়নের ভোটার সাইফুল ইসলাম (৪৮) বলেন, ‘বিএনপি-জামায়াতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, ৫ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়া নিষেধ। অন্যদিকে, দুই প্রার্থী আওয়ামী লীগের আবদুর রহমান ওরফে বদি ও জাতীয় পার্টির তাহা ইয়াহিয়ার কর্মী-সমর্থকেরা চাইছেন, ওই দিন কেন্দ্রে গিয়ে যেন ভোটটি দিয়ে আসি। এ নিয়ে উৎকণ্ঠায় আছি।’
নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলা: জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া অভিযোগ করেন, ইয়াবাসহ মাদক পাচারীদের বিরুদ্ধে ভোটারদের সচেতন করায় তিনি সাংসদ বদির রোষানলে পড়েছেন। বদির লোকজন তাঁকে নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছেন না।
গত ৩০ ডিসেম্বর শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, বদির সন্ত্রাসীরা গত ২৯ ডিসেম্বর দুপুরে টেকনাফের সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়ায় পথসভা করার সময় তাঁকে মারধর করে। উখিয়া-টেকনাফের বিভিন্ন নির্বাচনী পথসভা ও গণসংযোগের সময়ও বাধা দেওয়ার ঘটনা ঘটছে। এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মহলকে একাধিকবার অবগত করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্দেহ থেকে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় উখিয়া উপজেলার থায়ংখালী এলাকায় একদল লোক সাংসদ বদির নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। এরপর কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। রাত আটটার দিকে বদির সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রার্থী-সমর্থক গফুর উদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা চালায় এবং দুটি গাড়িসহ কয়েকটি বাড়ি ভাঙচুর করে। এরপর বিভিন্ন এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে।
এ প্রসঙ্গে সাংসদ বদি জানান, তিনি কাউকে নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন না। তাঁর পক্ষে কোনো সন্ত্রাসী কাজ করছে না। নির্বাচনে পরাজয় আঁচ করতে পেরে একটি মহল নানা অপপ্রচার চালাচ্ছে।
ঝুঁকিপূর্ণ ৬৪ কেন্দ্র: উখিয়া-টেকনাফের ৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘৬৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও আমরা ৮০টি কেন্দ্রই মারাত্মক ঝুঁকিপূর্ণ মাথায় রেখে কাজ করছি।’
ব্যালটে হাত দিলে গুলি: জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, কেউ ভোটকেন্দ্রে ঢুকে কু-উদ্দেশ্যে ব্যালটে হাত দিলে সঙ্গে সঙ্গে গুলি করে তা প্রতিরোধ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আসনের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, আনসার, র্যাবের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এ ক্ষেত্রে ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, এই আসনের ভোটার সংখ্যা দুই লাখ ৩৩ হাজার ১১৪। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৬০৫।