উৎকণ্ঠায় সব শ্রেণীর মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে বিভিন্ন সময়ে অনুপ্রবেশকারী প্রায় চার লাখ রোহিঙ্গার সঙ্গে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে কক্সবাজারের ২৩ লাখ মানুষ। রোহিঙ্গারা স্থানীয় শ্রমবাজার দখল, বসতি স্থাপনের মাধ্যমে বনজ সম্পদ উজাড় এবং চুরি-ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিব্রত। সাম্প্রতিক পরিস্থিতিতে নতুন করে বিপুলসংখ্যক রোহিঙ্গা জড়ো করে কক্সবাজারকে ‘রোহিঙ্গা রাজ্য’ বানানোর চক্রান্ত চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল বারী বলেন, ‘স্থানীয় শ্রমবাজার রোহিঙ্গাদের দখলে চলে যাওয়ায় ইতিমধ্যে এখানকার প্রায় তিন লাখ শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। রোহিঙ্গারা বন-জঙ্গল দখল করে বসতি স্থাপন এবং চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় শহরের আইনশৃঙ্খলা হুমকির মুখে পড়েছে। সাম্প্রতিক পরিস্থিতির সুযোগে নতুন করে আরও বিপুলসংখ্যক রোহিঙ্গা এখানে জড়ো করে কক্সবাজারকে রোহিঙ্গা রাজ্য বানানোর চক্রান্ত চলছে।’ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান বলেন, ‘রোহিঙ্গারা কক্সবাজারবাসীর জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। ১৯৯১ সালের পর থেকে তারা এখানে জামাইআদরে থাকার সুযোগ পেয়েছে। এদের সংখ্যা যতই বাড়ছে, ততই এদের হামলা-নির্যাতনের শিকার হচ্ছেন স্থানীয় লোকজন।’ কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করা না হলে জননিরাপত্তা হুমকির মুখে পড়বে। কারণ এরা একাধিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত।’ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তাপস রক্ষিত বলেন, ‘একটি মৌলবাদী রাজনৈতিক দল মিয়ানমারের জঙ্গিগোষ্ঠীকে লেলিয়ে দিয়ে আবার রোহিঙ্গাদের অনুপ্রবেশর ঘটানোর চক্রান্ত করছে। শহরের সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের জন্য উসকানিমূলক বক্তব্য দিচ্ছে।’ কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে আমরা চার শতাধিক হোটেল ও দেড় হাজার রেস্তোরাঁ মালিক মহা টেনশনে আছি। কারণ প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক এই শহরে ভ্রমণে আসেন। তাঁরা সৈকত, নির্জন পাহাড়, ঝরনা, ছড়া-ঝিরি পরিদর্শনে যাচ্ছেন। কিন্তু কোনো জায়গায় তাঁরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে এখানে কেউ আর ভ্রমণে আসতে চাইবেন না। এ সময় সংঘবদ্ধ রোহিঙ্গাদের নিয়ন্ত্রণও কঠিন হয়ে পড়বে। তাই এখন থেকে রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা দরকার।’ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেকও রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উখিয়া রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তাঁরা গ্রামে গ্রামে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছেন। জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জানান, আগের রোহিঙ্গাদের নিয়ে জেলার মানুষ বিপদে রয়েছে। তার ওপর নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হলে রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। এ ব্যাপারে বিজিবি ও কোস্ট গার্ড বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।