কক্সবাজার শহরের প্রধান সড়ক, বিপণিকেন্দ্র, অলিগলি ও শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে মেয়েরা ইভ টিজিংয়ের শিকার হচ্ছেন। বখাটে তরুণেরা মোটরসাইকেল নিয়ে অথবা দলবেঁধে মেয়েদের উত্ত্যক্ত করছে। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সমপ্রতি বিভিন্ন স্থানে ইভ টিজিংয়ের সময় কয়েকজনকে ধরে কারাদণ্ড দিলেও তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ইভ টিজিংয়ের উৎপাতে অসহায় মেয়েরা। পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, সমপ্রতি শহরে ইভ টিজিং বেড়েছে বলে খবর পাচ্ছি। শিগগির অভিযান চলবে। অবৈধ মোটরসাইকেলও জব্দ করা হবে। সরেজমিনে একদিন ৮ মে, বিকেল সাড়ে পাঁচটা। শহরের লালদীঘির পাড়ের (প্রধান সড়কের লাগোয়া) অভিজাত বিপণিকেন্দ্র ‘বিলকিস মার্কেট’। সড়কের বিপরীতে একটি মিষ্টির দোকান থেকে বেরিয়ে কলেজ পড়ুয়া দুই মেয়ে কেনাকাটার জন্য বিপণিকেন্দ্রে ঢুকছিলেন। বিপণিকেন্দ্রের সামনে সড়কের পাশে রাখা আটটি মোটরসাইকেল। সাইকেলের ওপর বসা ১০-১২ জন তরুণ। তরুণেরা মেয়েদের উদ্দেশে শুরু করেন নানা অঙ্গভঙ্গি, হাসাহাসি ও গান। এক মেয়ে তাঁদের দিকে তাকান। তখন সাইকেলে বসা বখাটেরা হাত তুলে তাঁকে টা টা দেন। মেয়েটি অবস্থা বেগতিক দেখে দ্রুত বিপণিকেন্দ্রের ভেতরে ঢুকলে এক বখাটে তাঁর পিছু নেন এবং সামনে গিয়ে জিজ্ঞেস করেন, ‘তোমার নাম লাকি না? আমাকে কিছু বলবে নাকি?’ মেয়েটি কোনো উত্তর না দিয়ে একটি মুঠোফোনের দোকানে ঢুকে পড়েন। তাতেও রক্ষা নেই। বখাটে তরুণটিও দোকানে ঢোকেন। একপর্যায়ে ওই মেয়েটি কেনাকাটা না করে রিকশায় করে বাজারঘাটার দিকে চলে যান। তখন মোটরসাইকেল নিয়ে পিছু নেন দুই বখাটে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিপণিকেন্দ্রের এক দোকানমালিক জানান, বখাটেদের জন্য মেয়েরা কেনাকাটা করতে পারেন না। প্রতিনিয়ত নিগৃহীত হচ্ছেন তাঁরা। শুধুই কি বিলকিস মার্কেট? শহরের নিউ মার্কেট, বার্মিস মার্কেট, এ সালাম মার্কেট, সি-কুইন মার্কেট, ফজল মার্কেট, সুপার মার্কেট, হকার্স মার্কেটসহ বিভিন্ন অভিজাত বিপণিকেন্দ্রে এখন বখাটে তরুণ-যুবকদের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়েছে। কক্সবাজার দোকান মালিক ফেডারেশন সমিতির সভাপতি মোস্তাক আহমদ জানান, বখাটের উপদ্রব আশঙ্কাজনকহারে বাড়ছে। সন্ধ্যার পর মেয়েরা নিরপদে চলাচল করতে পারছেন না। কেনাকাটার জন্য বাজারে যেতে পারছেন না। এতে দোকানপাটের বেচাবিক্রিও কমে যাচ্ছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি জানান, শিগগির ইভ টিজিংবিরোধী অভিযান চালিয়ে এসব প্রতিরোধ করা হবে। অসহায় স্কুল-কলেজের মেয়েরা কক্সবাজার সরকারি মহিলা কলেজের এক ছাত্রী জানান, দুপুরে কলেজ ছুটি হলে বখাটেরা টমটম গাড়ি নিয়ে কলেজের ফটক, সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ের ফটক ও প্রধান সড়কের তিন রাস্তার মাথায় বসে থাকে। মেয়েদের দেখলেই বখাটেরা টমটম গাড়িতে উঠতে মেয়েদের অনুরোধ করে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রী জানায়, বিকেল চারটার পর বিদ্যালয় থেকে হেঁটে হেঁটে গোলদীঘির পাড় হয়ে বৌদ্ধমন্দির সড়ক দিয়ে টেকপাড়া যাওয়ার সময় অর্ধশতাধিক বখাটে সড়কের পাশে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করে। কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী জানান, ইভ টিজিং সম্পর্কে ধারণা ও সাহস জোগাতে মেয়েদের নিয়ে কলেজে সভা-সমাবেশ করা হচ্ছে। বখাটের জেল-জরিমানা: গত ২৯ এপ্রিল স্থানীয় নাজির হোসেনের ছেলে নুরুল আলমকে (১৯) এক স্কুলপড়ুয়া মেয়েকে পথরোধ করে টানাহেঁচড়া করার দায়ে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন। গত ২১ এপ্রিল এ রকম একটি ঘটনায় আদালত বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকার বুজুরুছ মিয়ার ছেলে আবু হানিফকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ দিনের কারাদণ্ড দেন। ২০ এপ্রিল উত্ত্যক্ত করে একজনকে আহত করার দায়ে বখাটে তিন যুবক নন্দীপাড়ার মৃত বারেক আহমদের ছেলে শফিউল আলম প্রকাশ বদি আলম (২৮), আক্তার হোসনের ছেলে মো. ইউসুফ (২০) ও মোজাফ্ফর আহমদের ছেলে নেজাম উদ্দিনকে (২৪) দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন জানান, ইভ টিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রাখা হয়েছে। ইভ টিজিংয়ের শিকার মেয়েরা নিরাপত্তা এবং পারিবারিক মানসম্মান নষ্ট হওয়ার ভয়ে বখাটের নামধাম প্রকাশ করতে রাজি হন না। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রণজিত বড়ুয়া জানান, ইভ টিজিংয়ের কারণে গত এক মাসে ২০ জনের বেশি বখাটে তরুণ যুবককে আটক করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, রেজিস্ট্রেশবিহীন মোটরসাইকেল জব্দ এবং বখাটেদের গ্রেপ্তারে পুলিশের একটি ভ্রাম্যমাণ দল টহলে রাখা হয়েছে।