
পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়া ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় ফটিকছড়িতে চা উৎপাদন এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। উপজেলার ১৭টি চা-বাগানে গত বছর চা উৎপাদিত হয়েছিল ৫৮ লাখ কেজি। চলতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬০ লাখ কেজি। সবকিছু অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ উৎপাদন বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চা সংসদ সূত্র জানায়, ২০১৪ সালে সারা দেশে ৬ কোটি ৯১ লাখ ৭৫ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে, যার ১০ শতাংশ চা ফটিকছড়ির বাগানগুলো থেকে জোগান দেওয়া হয়।
চা-বাগানের কর্মকর্তাদের সঙ্গে আলাপে জানা যায়, কিছু চা-বাগানে কয়েক বছর ধরে সেচের নিজস্ব ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এর আগে প্রকৃতির ওপর নির্ভর করতে হতো।
এদিকে যথাসময়ে বৃষ্টি না হলে খরা মৌসুমে চাগাছে কুঁড়ি বের হয় না। তবে গত মার্চ থেকে কিছুদিন অন্তর পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় তা উৎপাদনে গতি আনে। এ ছাড়া বিদ্যুতের অবস্থাও বর্তমানে ভালো।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিলুফার জাহান জানান, চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে চট্টগ্রামে ভালো বৃষ্টিপাত হয়েছে, যা পুরো খরা মৌসুম পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার আশা পোষণ করে হালদা ভ্যালি চা-বাগানের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, কর্তৃপক্ষের নিজস্ব সেচব্যবস্থা থাকায় সমস্যা হচ্ছে না। এবার চা উৎপাদন গত বছরের তুলনায় অন্তত ১০ থেকে ১৫ শতাংশ বেশি হবে। একই কথা বলেন কৈয়াছড়া চা-বাগানের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ও নেপচুন চা-বাগানের ব্যবস্থাপক কাজী এরফান উল্লাহও।
বাংলাদেশ চা সংসদ চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি ও আছিয়া চা-বাগানের ব্যবস্থাপক মমতাজুল হাসান বলেন, খরা ও কুয়াশা না থাকায় পোকামাকড়ের আক্রমণ নেই। তা ছাড়া সেচের কারণে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়ায় এবার উৎপাদন অতীতের চেয়ে বৃদ্ধি পাবে।