উৎসব আনন্দে মাতোয়ারা সৈকত
পরনে লাল থামি আর ব্লাউজ। মাথায় সাদা ফুলের খোঁপা। গলায় সাদা ফুলের মালা। হাতে বাহারি রঙিন ছাতা। দেখতে সুন্দর লাগছিল রাঙামাটি থেকে আসা মারমা সম্প্রদায়ের পাহাড়ি তরুণীদের। ঐতিহ্যবাহী পোশাকে সেজে এরা ১৪ জানুয়ারি বিকেল তিনটায় নেমে পড়ে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের বালুচরে। উদ্দেশ্য, খুশিমনে নাচ-গান করা। সৈকত ভ্রমণে আসা হাজার হাজার মানুষের সামনে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে মঞ্চে ওঠে কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের একদল তরুণী। দর্শকদের মধ্যে পড়ে গেল ব্যাপক সাড়া। হাততালি দিয়ে আদিবাসী এই তরুণীদের সাদরে গ্রহণ করা হলো। এভাবে রাত আটটা পর্যন্ত আনন্দে মাতোয়ারা ছিল পুরো সৈকত। নানা ভাষার এত রকমারি পোশাকের গান, নৃত্যানুষ্ঠান একসঙ্গে দেশের কোথাও দেখা মেলা ভার। এটি ছিল আদিবাসী মেলা। কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় বসবাসরত রাখাইন, খিয়াং, খুমি, ত্রিপুরা, মারমা, চাক, লুসাই, মুরং, তংচঙ্গ্যা, বম, পাংখুয়া, মাহালি, ওঁরাও, সাঁওতাল, গারো, হাজং, খাসিয়া, ম্রো ও মণিপুরি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর দুই শতাধিক তরুণ-তরুণী দলবেঁধে একের পর এক নানা ঢঙে নাচ-গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখে। শুরুতে ‘আয়ুম রুমা-আয়ুম’ নববর্ষের এই গান নিয়ে মঞ্চে আসে সিলেটের খাসিয়া সম্প্রদায়ের তরুণীরা। তারা ফসল তোলার আনন্দে গাওয়া জুমনৃত্য পরিবেশন করে। তারপর রাঙামাটির মারমা তরুণীরা পরিবেশন করে মনোমুগ্ধকর ছাতানৃত্য। বান্দরবানের চাকমা তরুণীরা পরিবেশন করে ‘ওই পূর্ণিমা রাতে’ গান দিয়ে জুমনৃত্য। সাঁওতাল মেয়েরা পরিবেশন করে ‘চলো চলো মেয়েরা পাহাড়ি ঝরনায়’ নৃত্য গানটি। রাজশাহীর ওঁরাও সম্প্রদায়ের ছেলেমেয়েরা পরিবেশন করে ‘ডাক দিয়ে যা’ ওঁরাও নৃত্য গানটি। মাহালি সম্প্রদায়ের তরুণ-তরুণীরা পরিবেশন করে জুমের ফসল ঘরে তোলার পর স্বামী-স্ত্রীর মধ্যে আনন্দের জুমের নৃত্য। ত্রিপুরার তরুণীরা পরিবেশন করে বোতলনৃত্য। রাখাইন তরুণীরা পরিবেশন করে নববর্ষ সাংগ্রাং উৎসবে গাওয়া ছাতা ও প্রদীপনৃত্য। খাগড়াছড়ির মারমা তরুণীরা পরিবেশন করে ঐতিহ্যবাহী পাখানৃত্য। বান্দরবানের বম মেয়েরা শিকারিনৃত্য, মারমা ছেলেমেয়েরা পরিবেশন করে মাছ শিকারের পর আনন্দের গাওয়া নৃত্যগান। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বিজুতে গাওয়া বিজুনৃত্য, পাংখুয়াদের সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে বাঁশ দিয়ে প্রার্থনানৃত্য দর্শকদের মুগ্ধ করে। একটার পর একটা নান্দনিক নৃত্যগানে কখন যে রাত আটটা বেজে গেল, দর্শকেরা বুঝতেও পারেনি। সৈকতের লাবণী পয়েন্টে তৃতীয়বারের মতো এই মেলার আয়োজনটি করে যৌথভাবে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। বিকেল সাড়ে তিনটায় বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন সাংসদ রাশেদ খান মেনন। স্বাগত বক্তব্যে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘দেশের ক্ষুদ্র জাতিসত্তা আদিবাসীদের নিয়ে এই মেলার আয়োজন। উদ্দেশ্য, পর্যটনশিল্পের বিকাশ এবং আদিবাসীদের বর্ণাঢ্য সংস্কৃতি ও বৈচিত্র্যময় জীবনধারা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সামনে তুলে ধরা।’ চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশে নানা স্থানে আগে ৭৩টি আদিবাসী সম্প্রদায়ের বসবাস ছিল। এখন আছে ৪৩টি। বাকিরা বিলুপ্ত হয়ে গেছে। এই আদিবাসীদের বাঁচিয়ে রাখার স্বার্থে সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দরকার। বাঙালি-আদিবাসী সবাই মিলে এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে।’ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী বলেন, ‘২০১১ সালকে সরকার পর্যটন বর্ষ ঘোষণা করেছে। আর এই মেলাটি হচ্ছে পর্যটন বছরের প্রথম উৎসব। সরকার কক্সবাজারের উন্নয়নে ৮০০ কোটি টাকার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে।’ বক্তৃতার ফাঁকে মঞ্চে এসে গান পরিবেশন ও শুভেচ্ছা জানান সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনয়শিল্পী আফজাল শরিফ ও মৌসুমী। বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাইখ সিরাজ, হোম স্টোনের চেয়ারম্যান ডালিয়া আলম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি ও পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান কেশৈলা চাকমা। বিকেল পাঁচটায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ মঞ্চে এসে বলেন, ‘আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে এসব জনগোষ্ঠীকে একত্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা সত্যি দুরূহ ব্যাপার।’ আদিবাসীকে উপজাতি বলি কেন? কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের উপজাতি বলব না। বলব আদিবাসী নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এ সময় সৈকতের বিপুলসংখ্যক দর্শক হাততালি দিয়ে তাঁর কথার সমর্থন জানান। শুধুই কি নাচ-গান? বাইরে বসেছিল আদিবাসীদের তৈরি নানা পণ্য নিয়ে আরেক মেলা। মেলায় স্টল ছিল ৩৪টি। ঢাকার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ‘কিপ ফিট হার্ড হিট’ স্টলে গিয়ে দেখা গেল, বিপুলসংখ্যক মানুষের জটলা। সবাই দেখছে শিশুদের ক্রিকেট খেলা। বিশ্বকাপ ক্রিকেটের আগমনবার্তা পৌঁছে দিতে এবং ক্রিকেট খেলায় ভুলিয়ে শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়াতে এই আয়োজন। সন্ধ্যা পর্যন্ত খেলতে খেলতে এক হাজারের বেশি শিশুকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করে তারা। হাসপাতালের পরিচালক (প্রশাসন) মাহবুবুল আলম জানান, সব শিশুকে একটি ব্যাট ও বল দেওয়া হয়। এতে পোলিও এবং কৃমিনাশক ট্যাবলেটসহ সব প্রকার টিকা নিতে তারা উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া সিলেটের বৃহত্তর জৈন্তা আদিবাসী কল্যাণ সংস্থা, রাজশাহীর আদিবাসী সাংস্কৃতিক পরিষদ, বান্দরবানের গ্রামভাটি, চট্টগ্রামের চৌধুরী গ্রুপ, দিনাজপুরের আদিবাসী সাংস্কৃতিক পরিষদ নিজেদের তৈরি কাপড়চোপড়, বাঁশ দিয়ে তৈরি নানা পণ্য মেলায় প্রদর্শন করে। স্টলে সাজিয়ে রাখা হয় কক্সবাজারের রাখাইনদের হাতে তৈরি আচার, বাদাম, কাপড়, বিয়ের অলংকার-সরঞ্জাম, বিনোদনের বাদ্যযন্ত্র, গানবাজনার ক্যাসেট ইত্যাদি। মেলা উপলক্ষে আকাশে ওড়ানো হয় হরেক রঙের ঘুড়ি। ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক এনায়েত উদ্দিন বলেন, ‘জীবনের প্রথম সৈকত ভ্রমণে এসে একসঙ্গে ১৯টি আদিবাসী গোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব দেখার সুযোগ পেলাম এবং আদিবাসীরাও যে বাংলাদেশের সম্পদ, এ ধারণাটা নিয়ে গেলাম। এই দেশটা আমাদের সবার।’