—কী আঁকব ভাইয়া?—যে রোদ, আপনি বরং একটা পাখা এঁকে দিন। গালে একটা পাখা নিয়ে ঘুরলে যদি গরম কিছুটা কমে!বছর দুয়েক আগে পয়লা বৈশাখে রমনায় ঘুরে ঘুরে মুখচিত্র আঁকতে গিয়ে যে মজার অভিজ্ঞতা হয়েছিল, সেটাই বলছিলেন চারুকলার চতুর্থ বর্ষের ছাত্র খোরশেদ আলম। ‘কারও মুখে আল্পনা এঁকেছি, কেউ লিখিয়ে নিয়েছেন পয়লা বৈশাখ-শুভ নববর্ষ, কারও গালে এঁকেছি ঢোল-একতারা...। খুব মজা হয়েছিল!’শুধু যে পয়লা বৈশাখ, তা নয়। যেকোনো বিশেষ দিবস কিংবা উৎসবের অংশ হয়ে উঠেছে মুখচিত্র। এমনকি খেলার মাঠেও মুখচিত্র বিপুল জনপ্রিয়। ‘টাইগার’দের সমর্থন জানাতে কেউ কেউ মুখে রং মেখে পুরোদস্তুর বাঘ হয়ে যান, কেউ আবার গালে লিখে নিয়ে যান খেলোয়াড়দের জন্য খুদেবার্তা ‘গর্জে ওঠো’! মুখে আঁকাআঁকির এই প্রচলন চলছে বহু দিন ধরেই। এবারের পয়লা বৈশাখেও পথে নামলে রং-তুলি হাতে ঘুরে বেড়াচ্ছেন, এমন বেশ কিছু শিল্পী পেয়ে যাবেন। রমনা তো বটেই, দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত ছোট-বড় মেলাগুলোতেও নিশ্চিতভাবেই থাকছে মুখচিত্রের আয়োজন।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব আর পয়লা বৈশাখে আয়োজিত মেলায় থাকে মুখচিত্রের স্টল। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের সদস্য নিকিতা বলেন, ‘অনেকেই মুখে আল্পনা এঁকে নেয়। তবে বন্ধুদের মধ্যে কেউ এলে দুষ্টুমি করে মুখে রংচং মেখে ভূত সাজিয়ে দিই! হা হা হা! তবে দুশ্চিন্তার কিছু নেই। মুখে পানির ঝাপটা দিলেই রং উঠে যাবে।’সারা দিন রং আর তুলি নিয়ে ঘুরি। চারুকলার ছাত্র ধ্রুব বলেন, ‘এটা তো আসলে আনন্দের জন্য করা।’ শিক্ষার্থীদের বাইরে কিছু লোক এসে কেউ আঁকাতে না চাইলেও এক রকম জোর করে মুখচিত্র এঁকে দেন। এরপর বেশি টাকা দাবি করে বসেন। এসব আচরণ উৎসবের পরিবেশ নষ্ট করে। অনভিজ্ঞদের আঁকাও ভালো হয় না।আঁকিয়েদের থেকে জানা গেল, মুখচিত্র আঁকতে তাঁরা পোস্টার কালার কিংবা অ্যাক্রেলিক রং ব্যবহার করেন।