উৎসব চলবে সপ্তাহজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ এপ্রিল শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানের আদিবাসীরা স্বাগত জানাবে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবকে। এর পরদিন ১৪ এপ্রিল শুরু হবে মূল উৎসব। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। তবে চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা জনগোষ্ঠীর সদস্যরা আগামীকাল ১২ এপ্রিল ফুল বৈসাবি বা ফুলবিজু উদ্যাপন করবেন। উৎসবকে ঘিরে আদিবাসী জনপদগুলো আনন্দমুখর হয়ে উঠেছে। প্রতিবারের মতো এবারেও মারমা সংখ্যাগরিষ্ঠ বান্দরবানে সাংগ্রাই বা পানিখেলা উৎসব শুরু হবে ১৪ এপ্রিল। সেদিন চাকমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গা এই তিন জনগোষ্ঠীর উৎসব শেষ হবে। এ জন্য বান্দরবানের বৈসাবি উৎসব পাহাড়ের অন্যান্য এলাকার চেয়ে দীর্ঘ সময় ধরে চলে। সাংগ্রাই উদ্যাপন কমিটি ও ত্রিপুরা কল্যাণ সংসদের সংশ্লিষ্টরা জানান, প্রতিবছরের মতো এবারও ম্রো, ত্রিপুরা, চাক, চাকমা ও তঞ্চঙ্গ্যারা তাঁদের নিজস্ব রীতি অনুযায়ী উৎসবকে বরণ করবেন। এ ছাড়া বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা তৈরির উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। ১৬ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। সাংগ্রাই উদ্যাপন পরিষদের সভাপতি অং চ মং মারমা জানান, ১৩ এপ্রিল আয়োজিত শোভাযাত্রায় জেলার বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করবেন। ১৪ এপ্রিল সকালে বুদ্ধমুর্তি স্নান ও রাতে মধ্যমপাড়ায় তরুণ-তরুণীদের অংশগ্রহণে পিঠা তৈরির উৎসব হবে। ১৫ ও ১৬ এপ্রিল বিকেলে পুরোনো রাজবাড়ি মাঠে মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা ও সন্ধ্যায় মারমা শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। ত্রিপুরা কল্যাণ সংসদের সদস্য বীরচন্দ্র ত্রিপুরা জানান, ১৪ এপ্রিল বা পয়লা বৈশাখে শোভাযাত্রা, আলোচনা সভা, বিলুপ্তপ্রায় ঐতিহ্যের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে সংগঠনের পক্ষ থেকে। ফাতিমা রানি মিশন মিলনায়তনে এই অনুষ্ঠান চলবে। রোয়াংছড়ি উপজেলা সদরে তঞ্চঙ্গ্যা আদিবাসীরা ১২ এপ্রিল ফুল বিজুর দিন ঘিলা খেলা প্রতিযোগিতার আয়োজন করছে। ম্রো আদিবাসিরাও ১৪ এপ্রিল চিম্বুক পাহাড়ের পটোসিংপাড়ায় চাংক্রান উৎসব উদ্যাপন করবেন বলে জানা গেছে। সাংস্কৃতিক-কর্মী সিংয়ং ম্রো জানান, ১৪ এপ্রিল পটোসিংপাড়ায় বিভিন্ন এলাকা থেকে ম্রো আদিবাসী নারী-পুরুষেরা আসবেন। সেখানে এক দিনের চাংক্রান মেলা অনুষ্ঠিত হবে। আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাংস্কৃতিক কর্মকর্তা চ থুই প্রু মারমা জানান, ইনস্টিটিউটের পক্ষ থেকে ১২ এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১৫ এপ্রিল বান্দরবান শহরের আদিবাসীপাড়াগুলোতে লোকগান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।