উৎসব ছিল না ১৯ গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিনেই ঘরে অমাবস্যার জোয়ারের লোনা পানি। তাই জ্বলেনি চুলা। অনেকের ভাগ্যে জোটেনি কোনো খাবার। তাঁদের ঈদের আনন্দ যেন ভেসে গেছে সাগরের জলে। কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ১৯টি গ্রামে এবার ঈদের আনন্দ ছিল না। এদিকে জোয়ারের পানির কারণে ষাইটমারা ও সরইতলা গ্রামে মানুষ ঈদের নামাজও পড়তে পারেনি।জানা গেছে, সম্প্রতি ভারী বর্ষণ ও সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ধলঘাটা ইউনিয়নের বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভেঙে যায়। এতে গত সোমবার ঈদের দিন অমাবস্যার জোয়ারের লোনা পানি লোকালয়ে ঢুকে পড়ে সরইতলা, ষাইটপাড়া, সুতরিয়া, বেগুনবনিয়া, পণ্ডিতের ডেইল, সাপমারার ডেইল, দক্ষিণ সুতরিয়া, সিকদারপাড়া, পানিরছড়া, বৃহত্তর মুহুরী ঘোনাসহ ১৯টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের ঈদ-আনন্দ মাটি হয়ে যায়।সরইতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবদুল কাদের ও মোস্তফা কামাল জানান, তাঁদের আশা ছিল পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ করবেন। কিন্তু তা আর হলো না। সারা দিন ঘরের ভেতর ছিল জোয়ারের পানি। ছেলেমেয়েদের নতুন কাপড় পরা তো দূরের কথা, খাওয়া-দাওয়া করতে হিমশিম খেতে হয়েছে।ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ২১ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১২ কিলোমিটারই এখন ভাঙা। বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। এ কারণে জোয়ারের পানিতে ভাসছে ১৯টি গ্রাম। ঈদের দিনেও লোনা পানি ঢুকে পড়ে ঘরবাড়িতে।স্থানীয় লোকজন জানান, বেড়িবাঁধ সংস্কার না করায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ছে গ্রামে। এ কারণে ১৯টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। তাঁরা দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানান।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘ধলঘাটার জোয়ার-ভাটা ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার করতে পানি উন্নয়ন বোর্ডকে অনেক চিঠি দিয়েছি। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।’পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, বরাদ্দ না পাওয়ায় বাঁধ সংস্কার করা সম্ভব হচ্ছে না।