উৎসব-পার্বণে আনন্দ দল
সবার পরনেই একই উর্দি, মাথায় পালকের টুপি, পায়ে গামবুট জুতা। লাঠি নাচনেওয়ালার পেছন পেছন সারিবদ্ধভাবে ধ্রিম ধ্রিম তালে ড্রাম আর বাংলা-হিন্দি গানের সুর তুলে বিউগল বাজিয়ে যেতে দেখা যায় তাঁদের। তাঁদের কারও হাতে ঢোল কিংবা ড্রাম, কারও হাতে বাঁশি, কারও হাতে বিউগল আবার কারও হাতে ঝুনঝুনিসহ নানা বাদ্যযন্ত্র। ঠিক পেছনেই থাকে বরযাত্রী কিংবা লোকজনের বহর। বিয়ে, গায়েহলুদ, ওরস, জন্মদিন, পূজা-পার্বণ, খতনা, খেলাধুলা, রাজনৈতিক মিটিং-মিছিল-সমাবেশে কিংবা অন্য কোনো উৎসব অনুষ্ঠানে তাঁদের ডাক পড়ে। বাজনা বাজিয়ে তাঁরা কোনো অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলেন। সারা বছরই তাঁদের দেখা যায়। তবে শীতের মৌসুমে তাঁদের ব্যস্ততা একটু বেড়ে যায়। নগরের পাথরঘাটা এলাকার বান্ডেল রোডে রয়েছে ব্যান্ড পার্টির ১২টি দোকান। শীত নামতে না নামতেই তাদের শুরু হয় ব্যস্ততা। নিউ মিতালী ব্যান্ড পার্টি, নিউ আনন্দ ব্যান্ড পার্টি, সংগীতা ব্যান্ড পার্টি, চিটাগং ব্যান্ড পার্টি, আল মদিনা ব্যান্ড পার্টি, লায়ন ব্যান্ড পার্টি, বাংলাদেশ, রয়েল, লিলি, মনা, নিউ স্টার, গাউছিয়াসহ পাথরঘাটা এলাকাজুড়ে রয়েছে ২০টির মতো ব্যান্ড পার্টির দোকান। এ ছাড়া লালখান বাজার মোড়সংলগ্ন চানমারী রোডে এবং ওয়াসার মোড়সংলগ্ন হাই লেভেল রোডে রয়েছে আরও পাঁচটি ব্যান্ড পার্টির দোকান। প্রতিটি ব্যান্ডদলেই রয়েছে স্থায়ী-অস্থায়ী ৩০ থেকে ৮০ জনের কারিগর। আয়োজকের চাহিদা অনুযায়ী ব্যান্ড পার্টির দলের সদস্যসংখ্যা, অনুষ্ঠান এবং সময়ের ওপর নির্ভর করে ভাড়া নির্ধারণ করা হয়। ১১ জনের একটি ব্যান্ডদলের ভাড়া ছয় হাজার টাকা। ২১ থেকে ২৪ জনের একটি দলের ভাড়া ১০ থেকে ১২ হাজার টাকা। বিয়ের মৌসুমে অর্থাৎ শীতকালে ব্যান্ড পার্টির ব্যস্ততা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় ভাড়াও।তবে যাঁরা সারা বছর মানুষের মনে আনন্দ বিলি করে বেড়ায়, সেই ব্যান্ডদলের শিল্পীদের মনেই আনন্দ নেই। বললেন, নির্দিষ্ট কোনো বেতন-ভাতা না থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। আয়োজকদের কাছ থেকে যা পাওয়া যায়, তার থেকে পোশাকের ভাড়াসহ অন্যান্য খরচ কেটে রেখে ভাগবাটোয়ারা করে তবেই দেওয়া হয় পারিশ্রমিকের টাকা। দিন-রাত বাজনা বাজিয়ে হাতে থাকে ২০০ থেকে ৪০০ টাকা। মালিকদের প্রতি তাদের রয়েছে অনেক অভিযোগ। পরিশ্রম অনুযায়ী মালিকেরা তাদের পারিশ্রমিক দেন না। কাজ চলে চুক্তি অনুযায়ী। চুক্তির মেয়াদ শেষ হলেও নানা টালবাহানা কিংবা অনেকটা জোর জবরদস্তি করেই বাধ্য করে কাজ করতে। চুক্তি ভঙ্গ করলে অনেক সময় মারধরও করে থাকে। আয়োজকদের পক্ষ থেকে খুশি হয়ে বকশিশ দিলেও তা মালিকপক্ষ নিয়ে যায় বলে অভিযোগ তাদের। কারিগর মো. জামির হোসেন বলেন, কারিগরদের বিপদে-আপদে মালিকেরা কোনো সাহায্য করেন না। বিপদের সময় ঋণ দিলেও তার বিপরীতে গতর খাটতে হয়। চানমারী রোডের মিতালী ব্যান্ড পার্টির মালিকের ছেলে মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অফ সিজনে এ ব্যবসায় মন্দা যায়। পঞ্জিকা দেখে প্রস্তুতি নিয়ে থাকি। এ জন্য পাশাপাশি অন্য ব্যবসাও করতে হয়। মালিক-কর্মচারীর মধ্যে মাঝেমধ্যে দেনা-পাওনা নিয়ে ঝামেলা হয় না, তা নয়। সালিসের মাধ্যমে বিবাদ মিটিয়ে ফেলা হয়।’ ব্যান্ড পার্টির আরেক কর্মচারী জাকির হোসেন বলেন, কারিগরদের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। পার্টির যখন কোনো কাজ থাকে না তখন যে যা পারে সেই কাজেই নেমে পড়তে হয়। কিন্তু কাজ তো এত সহজে পাওয়া যায় না। মালিকপক্ষ থেকে কোনো নির্দিষ্ট বেতন দেয়া হয় না। নেই কোনো বোনাস-ভাতা। তাই বাজনা বাজানোর কাজ না থাকলে রিকশা, ভ্যানগাড়ি চালিয়ে, মজুরি খেটে করে আয় রোজগার করতে হয়।পাথরঘাটা সতীশ বাবু লেইনের আল-মদিনা ব্যান্ড পার্টির স্বত্বাধিকারী মো. আবদুল খালেক খান বলেন, ‘এখানে যারা কারিগর তারা সবাই সহায়-সম্বলহীন হয়ে আমাদের কাছে আসে। দীর্ঘদিন ধরে ব্যান্ড পার্টিতে যোগ দিয়ে কাজ শিখে চলে যায়। তাদের পেছনে আমরা অনেক শ্রম ও অর্থ ব্যয় করি।’