উৎসব যখন টি-শার্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি–শার্ট উৎসবে আয়োজন করা হয় ফ্যাশন শোর। ছবি: সংগৃহীত
টি–শার্ট উৎসবে আয়োজন করা হয় ফ্যাশন শোর। ছবি: সংগৃহীত

টি-শার্ট, কামিজ বা শিশুদের পোশাক ঝুলছে চারদিকে। দূর থেকে দেখলে মনে হবে তারে ঝুলিয়ে শুকাতে দেওয়া হয়েছে সেগুলো। কাছে গেলেই ভুল ভাঙে। আসলে এসব পোশাকের নকশা করা হয়েছে বড় বড় সাদা ব্যানারের ওপরে। আর তা ঝুলিয়ে দেওয়া হয়েছে শাহবাগের আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের ভেতরে-বাইরে। এখানকার আয়োজনটা টি-শার্ট ঘিরে। ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি আজিজ মার্কেটে ষষ্ঠবারের মতো এই আয়োজন চলে। উদ্বোধনের পর থেকেই দর্শকদের ভিড় দেখা গেছে প্রতিদিন। আর তাই পোশাকের পাশাপাশি এখানে দর্শকদের জন্য প্রতিদিন আয়োজন করা হয় ফ্যাশন শো, সংগীত, মাইম শো, বাউল গান, গম্ভীরাসহ নানা কিছু। উদ্বোধন করেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তাঁর সঙ্গে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ফ্যাশন পরামর্শক চন্দ্র শেখর সাহাসহ অনেকে।
‘পোশাকে বসন্ত ও পোশাকে একুশ’ শিরোনামের এ উৎসবে মোট ২৫২টি দেশি প্রতিষ্ঠান নিজেদের পোশাক প্রদর্শন করে। টি-শার্ট উৎসব কমিটির আহ্বায়ক মো. আলমগীর জানান, ‘কয়েক বছর ধরেই আমরা এই উৎসবের আয়োজন করছি। এখানে দেশীয় পোশাকের সঙ্গে তরুণ-তরুণীদের পছন্দের টি-শার্ট কিংবা পশ্চিমা পোশাকও থাকছে। আর তার সবটাই আমাদের নিজস্ব নকশায়।’
উৎসবের নাম টি-শার্ট হলেও এখানে দেখা গেছে অন্য পোশাকও। শাড়ি, কামিজ, থ্রি-পিস, টপ, স্কার্ফ, ওড়না, শিশুদের পোশাক, পাঞ্জাবিসহ নানা কিছু। একুশে ফেব্রুয়ারিকে মাথায় রেখে উৎসবে দেখা গেল পোশাকে সাদা-কালো রঙের খেলা। বাংলা বর্ণমালা, শহীদ মিনারের নকশা, নানা ধরনের পঙ্ক্তি দিয়ে করা হয়েছে পোশাক।
ফ্যাশন হাউস নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান জানালেন, ‘এখন তরুণদের কাছে জিনসের সঙ্গে টি-শার্ট পরার চলটাই বেশি। মেয়েরাও টি-শার্টের সঙ্গে জড়িয়ে নিচ্ছে রংবেরঙের স্কার্ফ।’ উৎসবের দ্বিতীয় দিনে টি-শার্ট কিনতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া জান্নাহ বলেন, ‘আরামদায়ক পোশাক হিসেবে টি-শার্টের জুড়ি নেই। যেকোনো বিশেষ দিন উপলক্ষে অল্প টাকায় টি-শার্ট কিনে ফেলা যায়। যার কারণে নিজের জন্য বা বন্ধুদের উপহার হিসেবে টি-শার্টই ভালো।’