
‘মনে খুব ভয় কাজ করে। কোনো কিছু বেশিক্ষণ ধরে মনেও রাখতে পারি না। মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামালের কাছ থেকে সমাধান পেয়ে খুব ভালো লাগছে।’ কথাগুলো ঢাকার উত্তরা থেকে আসা রফিকুল ইসলামের। প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী (৪ নভেম্বর) উপলক্ষে ৭ নভেম্বর বাংলা একাডেমিতে আয়োজিত উৎসব ১৬ আনায় আলাদা করে জায়গা ছিল প্রথম আলোর ক্রোড়পত্রগুলোর জন্য। এখানে অধুনার স্টলে সকাল ১০টা থেকেই ছিলেন পুষ্টিবিদ, ডায়েটেশিয়ান, মনোরোগ বিশেষজ্ঞরা। পাঠকেরা সরাসরি কথা বলে পরামর্শ পেয়েছেন তাঁদের কাছ থেকে। রফিকুল ইসলামের সমস্যার সমাধান দেন অধ্যাপক মোহিত কামাল, লিখে দেন কিছু ওষুধও।
মিরপুর থেকে আসা সাদিয়া সুলতানা জানালেন, ‘সব সময় অন্যমনস্ক থাকি। মাইগ্রেনেরও একটু সমস্যা আছে। কিছু সমাধান অধুনার স্টল থেকেই পেয়ে খুব ভালো লাগছে। এসব ব্যাপারে সঠিক সমাধান কোথায় পাব, সেটাই মনে মনে ভাবতাম। এই পাঠক মেলায় আসাকে তাই আমি সার্থক মনে করি।’
অধুনার স্টলে ওজন মাপার ব্যবস্থাও ছিল। অধ্যাপক শুভাগত চৌধুরী, মনোবিদ আহমেদ হেলাল, মেখলা সরকার দিনের বিভিন্ন সময় ছিলেন পাঠকদের সঙ্গেই। ক্রোড়পত্রগুলোর স্টল ঘিরে থাকা সবমিশালি মঞ্চেও উঠেছিলেন তাঁরা। দর্শকদের দিয়েছেন কাজে লাগে এমন নানা পরামর্শ। মনোবিদ আহসেদ হেলাল সবমিশালি মঞ্চে বলেন, সন্তানকে বুঝে তঁার সঙ্গে সঠিক ব্যবহার করতে হবে মা–বাবাকে। অভিনেতা সজলকে দেখা গেল পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো ও শামছুন্নাহার নাহিদের কাছ থেকে পরামর্শ নিতে। শুভাগত চৌধুরী বলেন, পাঠকদের সঙ্গে দেখা

হওয়ার সুযোগ কম থাকে। সবাই এসে কথা বলছেন, ছবি তুলছেন এটি খুব ভালো লাগছে।
শুধুই কি পরামর্শ, অধুনার স্টলে স্টাইলিশদের ভিড়ও ছিল দেখার মতো। ক্রিকেটার নাসির হোসেন ও তাসকিনের স্টাইল ছাপা হয়েছিল অধুনায়। দুজনে জানালেন, ‘আসলে এটা আমাদের জন্য ছিল নতুন অভিজ্ঞতা। বলতে পারেন আমাদের একটি শখ। সব সময় আমাদের খেলাধুলার মধ্যেই থাকতে হয়। এর মধ্যে অধুনায় নিজের স্টাইল তুলে ফটোশুট করা সত্যিই আনন্দের।’ অধুনার স্টাইলে মাথার হ্যাটের ছবি দেখে ফেরদৌসের কাছে সবাই তাঁর হ্যাট উপহার চান। অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের স্টাইল কিছুদিন আগে অধুনায় ছাপা হয়েছিল। তিনিও এসেছিলেন অধুনার স্টলে।
দিনভর অধুনা স্টলে আরও এসেছিলেন বাপ্পা মজুমদার, বিদ্যা সিনহা মীম, জয়া আহসান, আরিফিন শুভ, সজল, কনা, সায়নাসহ অনেকে। এঁরা কেউ অধুনা পাতার স্টাইল বিভাগে কেউবা দুই প্রজন্মে এসেছিলেন ।
অতিথিরা অধুনার স্টলে বসে পাঠকদের সঙ্গে কথা বলেন নানা বিষয়ে। আর সেলফি তোলা তো ছিলই।