উৎসবমুখর ছিল জ্ঞানমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কত রকমের মেলা হয়! লোক মেলা, কুটির শিল্পের মেলা, বাউল মেলা, কম্পিউটার মেলা, বইমেলা—আরও কত কী! কিন্তু জ্ঞানমেলা? সেটাও হয় এই বাংলাদেশে। সর্ব দক্ষিণের জেলা বাগেরহাটের রামপাল উপজেলায়—যেখানে কয়েক বছর আগেও নৌকা ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। সেই রামপালের শ্রীফলতলা পাইলট উচ্চবিদ্যালয়ে জ্ঞানমেলায় এফএসবি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের স্টলে বসে আপনি অনলাইনে একটি পণ্য কেনার কথা কি কল্পনা করতে পারেন? সেটা সম্ভব হলো আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প আয়োজিত ষষ্ঠ জ্ঞানমেলায়। ৮ ও ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয় এ মেলা। মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল। উপস্থিত ছিলেন শ্রীফলতলার সন্তান শিল্পী ও আমাদের গ্রামের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদুল হক। মেলার আয়োজন সম্পর্কে আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম জানান, দারিদ্র্য দূর করতে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। আর গ্রামকে উন্নয়নের জন্য শহর ও গ্রামের মানুষের মধ্যে জ্ঞানের বিনিময় দরকার। এমন ভাবনা থেকে ২০০৪ সালে শুরু হয়েছিল এই মেলা। তথ্যপ্রযুক্তির সর্বশেষ সংযোজন সম্পর্কে জানাতে এ রকম প্রত্যন্ত একটি জায়গা আমরা বেছে নিয়েছি। তথ্যপ্রযুক্তি তো শুধু ধনী, শিক্ষিত ও শহরের মানুষের জন্য নয়, বরং আমাদের মতো দেশে তার অধিক প্রয়োজন গ্রামের মানুষের কাছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জিত হলেই বাংলাদেশের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। গ্রামীণ মানুষের স্বাভাবিকজীবন যাত্রার ব্যাঘাত না ঘটিয়ে আয়োজন করা হয় এ মেলার। লোকজ সংস্কৃতি, লোকজ মেলার সব উপাদানই থাকে এ আয়োজনে।পাশাপাশি তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে আনা হয় মেলায়। এবারের মেলায় ২৮টি স্টল ছিল। এফএসবি লিমিটেডের স্টলেপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান জানান, ২০০৮ সালে মংলা উপজেলার মিঠেখালী গ্রামে আমাদের কোম্পানি অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য ‘আমার দেশ আমার গ্রাম’ নামে একটি ই-শপ প্রতিষ্ঠা করে। প্রথম দিকে অনলাইনে কেনাবেচা কষ্টসাধ্য হলেও সরকারের উদ্যোগে সে বাধা দূর হয়েছে। এখন মংলার মানুষের উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন চিংড়ি, বিভিন্ন মাছ, মধু, নকশিকাঁথা, হাতের কাজ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আমাদের গ্রামের স্টলে ছিল এজি ব্রেস্ট কেয়ার ই-হেলথ প্রকল্প। আমাদের গ্রামের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক দীপক ব্যানার্জি জানান, বাংলাদেশের নারীরা বিশেষ করে গ্রামের নারীদের একটি বড় অংশ স্তন ক্যানসার নিয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হন। তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা টেলিমেডিসিন প্রকল্প চালু করেছি। ইন্টারনেটের মাধ্যমে আমরা এই মেলায় বসে তাঁদের স্বাস্থ্যসেবার সুযোগ করে দিয়েছি। এবারের মেলায় সেরা স্টলের পুরস্কার পেয়েছে রামপাল উপজেলার পেড়িখালী মডেল স্কুল। বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক নাজমুল হুদা জানান, ‘বিজ্ঞানকে ভয় নয়, আনন্দের সঙ্গে বিজ্ঞানকে জয়’ এ কথাকে মনে রেখেএই মেলায় অংশগ্রহণ। মেলার প্রথম দিন ছিল গ্রামীণ জীবনের তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে একটি সেমিনার। ছিল স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যারম, দাবা, বিতর্ক, গণিত, সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা। দুই দিনই সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন সন্ধ্যায় মৃদুল চৌধুরীর ভিডিওচিত্র ‘দেশান্তরী’ দেখানো হয়। সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী, খুলনা। দ্বিতীয় দিন সংগীত পরিবেশন করে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর গড়া সংগঠন অন্তর বাজাও, মংলা।মেলা মানে উৎসব, মেলা মানেই তারুণ্য। আর সেই উৎসব যদি হয় জ্ঞানের তথ্যপ্রযুক্তির, তাহলে তার স্বাদ ভিন্ন হতে বাধ্য।