উৎসবমুখর পরিবেশে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের গৌরবময় অর্জন ও সমুজ্জ্বল ইতিহাস ধারণ করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী কর্মসূচি পালনের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হবে।
২৪ সেপ্টেম্বর সকালে উপাচার্য দপ্তরের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনসমূহের যৌথসভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ১৯৬৬ সালের ১৮ নভেম্বর থেকে ৫০ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশে দক্ষ, যোগ্য ও আলোকিত মানবসম্পদ তৈরি করে আসছে। মুক্তিযুদ্ধেও এ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অবদান ও গৌরবগাথা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশে-বিদেশে উচ্চ পদে আসীন থেকে বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ–উপাচার্য শিরীণ আখতার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন, জিএস এস এম ফজলুল হক প্রমুখ। এ ছাড়া সভায় অ্যালামনাইগুলোর ১২৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত সবাই কর্মসূচি প্রণয়নের ব্যাপারে এবং অনুষ্ঠানকে সবার অংশগ্রহণমূলক ও সর্বাত্মক সফল করতে মুক্ত আলোচনায় অংশ নেন। সবার মতামতের আলোকে উপাচার্যকে চেয়ারম্যান, সহ–উপাচার্যকে কো-চেয়ারম্যান, রেজিস্ট্রারকে প্রধান সমন্বয়কারী ও প্রক্টরকে সদস্যসচিব করে একটি কোর কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে এ কোর কমিটি এবং অ্যালামনাই অ্যাসোসিয়শনের মতামতের আলোকে উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়।