‘আমাদের প্রিয় শিক্ষাঙ্গনের প্রতিদিনের পরিবেশ হয়ে উঠুক উৎসবমুখর। পড়ার ফাঁকে গান, কবিতা, নাটক, নৃত্যসহ নানামুখী সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীরা মেতে উঠুক। সহযোগিতার হাত বাড়িয়ে দিন শ্রদ্ধেয় শিক্ষকেরা।’ একই সঙ্গে কলেজের নানা সমস্যার দিকে কর্তৃপক্ষের সুনজর দেওয়ার কথাও বললেন তাঁরা। শিক্ষার্থীদের ভাষায়, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে জ্ঞানের চর্চাও অত্যন্ত জরুরি। ভালো মানুষ হয়ে দেশ গড়তে স্বপ্ন দেখতে হবে, দেখাতে হবে। কথাগুলো রংপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের।চারদিক খোলামেলা। দিগন্তজোড়া মাঠ। ছিমছাম, সুন্দর পরিবেশ। রয়েছে অনেক ইতিহাস। বহন করে চলেছে ঐতিহ্য। শিক্ষার্থীরা করছেন পড়াশোনা। আর এরই ফাঁকে আড্ডারও যেন কমতি নেই। আড্ডা মারতে মারতেই ভালো কিছু কাজ যে হয় না, তা কিন্তু নয়।বর্তমানে এক বছর থেকে কিছু অনুষ্ঠান হতে দেখা যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে সুস্থধারার কাজও করতে পারেননি প্রগতিমনা শিক্ষার্থীরা। দীর্ঘদিন পুরোদমেই বন্ধ ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ড। খুব একটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেও পারতেন না তাঁরা।এখন এক ভবন থেকে আরেক ভবনে শিক্ষার্থীরা ছুটে চলেছেন অবিরাম। কখনো ক্লাস, কখনো ভালো কাজের আড্ডা, আবার কখনো সাংস্কৃতিক কর্মকাণ্ড। তারুণ্যের উচ্ছ্বাসে তাঁরা ভাসছেন। তাঁদের চোখ-মুখে আশার আলো। তাঁরা দেখছেন অনেক স্বপ্ন—ভালো কলেজ, বড় কলেজ। আছে অনেক কিছুই। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্কও বেশ মধুর। এর পরও কথা থাকে। কথা থেকে যায়।রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজে ১৮টি বিষয়ে সম্মান ও মাস্টার্স বিভাগ রয়েছে। এ বছর আবার চালু হয়েছে উচ্চমাধ্যমিক। সব মিলিয়ে শিক্ষার্থী প্রায় ১৯ হাজার। ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন শিপ্রা বসু। কলেজের বিষয় নিয়ে তাঁর সঙ্গে অনেক কথা। বললেন, ‘এত বড় একটি কলেজ। কিন্তু মিলনায়তন নেই। শুনলে তো অবাক লাগারই কথা। মিলনায়তন ছাড়া কি চলে? তবে আশার কথা, অনেক দিন থেকে একটি মিলনায়তন নির্মাণ হচ্ছে। কিন্তু শেষ হচ্ছে না। আশা করি এর কাজ দ্রুত সম্পন্ন হোক। এই মিলনায়তনে প্রতিদিন নানা অনুষ্ঠানে জেগে উঠবে তারুণ্য।’রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুনমুন রহমান জানালেন, ‘বিস্তৃত পরিসরে খোলা মাঠ। দিগন্তছোঁয়া আকাশ। ঘুরতে-ফিরতে ভালোই লাগে। তবে ক্লাসের ফাঁকে আমরা যখন আমাদের বিশ্রামাগারে যাই, তখন কষ্ট পাই। প্রায় সময় থাকে না পানি। পড়তে হয় বিড়ম্বনায়।’ সব সময় পানি সরবরাহের দাবি জানালেন তিনি।অল্প কিছুদিনের মধ্যে প্রিয় বিদ্যাপীঠ ছেড়ে চলে যেতে হবে উদ্ভিদবিদ্যা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহারকে। দীর্ঘ ছয় বছর কাটিয়েছেন এখানে। হাসিমুখে বললেন, ‘এই কলেজের ক্যাম্পাস যেন সব সময় থাকে উৎসবমুখর। আশা করি শিক্ষার্থীদের মধ্যে বিভেদ কিংবা দলাদলিথাকবে না।’ প্রতিটি দিন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন নাজমুন।তবে অধিকাংশ শিক্ষার্থী বলেছেন, ‘এই ঐতিহ্যবাহী কলেজে সুস্থ সংস্কৃতিচর্চায় তেমন একটা এগিয়ে যেতে পারছে না। ছাত্ররাজনীতির দলাদলির কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ডের দলগুলো পারেনি কবিতা, নাটক কিংবা অন্য কোনো ভালো অনুষ্ঠান। তবে এখন সেই আগের পরিবেশ নেই। আবারও শুরু হয়েছে চর্চা। ইতিমধ্যে মুক্তিযুক্তের ওপর নির্মিত ভাস্কর্যটির উদ্বোধন হয়েছে। দীর্ঘ ১৯ বছর পর হলেও এটি শেষমেশ চালু করা হয়েছে। নানা প্রতিকূলতার কারণে এটির নির্মাণকাজ বন্ধ ছিল।এই ভাস্কর্যকে ঘিরে এর চারদিকে সুন্দর পরিবেশ সৃষ্টি করা যেতে পারে বলে শিক্ষার্থীরা অভিমত জানিয়েছেন। এখানে উন্মুক্ত মঞ্চ গড়ে উঠতে পারে। সেখানে মুক্ত নাটক, কবিতা, গানসহ নানা রীতির অনুষ্ঠানে মুখরিত থাকবে বলে শিক্ষার্থীরা জানান।খাবারের জন্য একমাত্র ক্যানটিনের পরিবেশ ভালো করতে হবে বলে জানালেন এক শিক্ষার্থী। সেই সঙ্গে মানসম্পন্ন খাবার। সেখানে বসার জন্য নেই কোনো উপযুক্ত আসন। এটিও নিশ্চিত করতে হবে বলে সবে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থী আশেকুর রহমান জানায়।ছেলেদের বিশ্রামাগার বিধ্বস্ত। ঘিঞ্জি পরিবেশ। পর্যাপ্ত আলো-বাতাসের অভাব। এর পরও শিক্ষার্থীরা সেখানে ছুটে যান। এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি উন্নতমানের বিশ্রামাগার ও পর্যাপ্ত সরঞ্জামেরও আবেদন জানালেন অধিকাংশ শিক্ষার্থী। হিসাববিজ্ঞানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনোয়ার হোসেনের মতে, শ্রেণীকক্ষগুলো ছোট। বসতে হয় গাদাগাদি করে। মাথার ওপর হাওয়ার জন্য ফ্যানগুলো ঘোরে না। গরমে হাঁসফাঁস করতে হয়।’ এমন অভিব্যক্তি শুধু আনোয়ারের নয়। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করারও আবেদন নিবেদন যেন প্রতিটি শিক্ষার্থীরই। পরিবহন আছে, পরিবহন নেই—এভাবেই ব্যক্ত করলেন শিক্ষার্থী ওসমান গণি। তাঁর মতে, শিক্ষার্থী পরিবহন মাত্র তিনটি বাস দিয়ে মোটেই সম্ভব নয়। আরও কয়েকটি বাস বরাদ্দের জন্য তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারের ওপর মহলের প্রতি। ইংরেজি তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা বললেন, কবিতা, গান, অভিনয়সহ আরও কিছু ভালো দিক নিয়ে আন্তবিভাগ প্রতিযোগিতা হতে পারে, হতে পারে উৎসব। কলেজের মেয়েরা বললেন, আরও ছাত্রীনিবাস চাই। সেই সঙ্গে ছেলেদেরও দাবি ঠিক একই।অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থী সত্যজিৎ ঘোষ এভাবেই বললেন, ‘একটি ডাকঘর চাই চাই চাই। সেই সঙ্গে জরুরি প্রয়োজন একটি অ্যাম্বুলেন্স।’ স্বাস্থ্যকেন্দ্রটির পুরোদমে কার্যক্রম চালু হলে শিক্ষার্থীদের কী যে উপকার হবে, এ কথাও বললেন তিনি।কলেজ থেকে ফিরে যেতে যেতে কানের মধ্যে ভেসে আসছে হাস্যোজ্জ্বল মুখে সেই সব শিক্ষার্থীর আশার বাণীগুলো। আর মনে পড়ছে তারুণ্যের উচ্ছ্বাসে তাঁদের ভালো অঙ্গীকারের কথা।