উৎসবমুখর বাঁকখালীর তীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁকখালী নদীর দুই তীরে রংবেরঙের বাহারি নৌকা। বাদ্যযন্ত্রের তালে চলছে নাচগান। চারদিকে হইহুল্লোড়। ৮ ডিসেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের রামুর তেমুহনী পয়েন্টে নৌকাবাইচ প্রতিযোগিতা উপলক্ষে এমনই উৎসবে মেতে ওঠে
হাজারো মানুষ। চার দিনব্যাপী প্রতিযোগিতার চূড়ান্তপর্ব অনুষ্ঠিত হয় ওই দিন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রামুর পশ্চিম নোনাছড়ি ভাই ভাই কমিটি দল। নোনাছড়ি তালেব বাহিনী দল দ্বিতীয় ও উত্তর ফতেখাঁরকুলের মায়ের দোয়া দল তৃতীয় হয়েছে। ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) আয়োজনে প্রতিযোগিতায় অংশ নেয় জেলার বিভিন্ন এলাকার ২৬টি দল।
বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, শত বছর আগে রামুর বাকখাঁলী নদীতে নৌকাবাইচ খেলা শুরু হয়েছিল। কালক্রমে এ খেলা আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যে ভরপুর রামু উপজেলা। এখানে রয়েছে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা।
রামু কেন্দ্রীয় নৌকাবাইচ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে আহমদ হোছাইন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান আলী, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর, ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, আবু মো. ইসমাঈল নোমান, মোস্তাক আহমদ, নুরুল ইসলাম সিকদার, শাহ আলম, মুফিজুর রহমান, কামাল শামসুদ্দিন আহমদ প্রমুখ।