উৎসবে অভিযান
প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করতে ২৩ থেকে ২৯ মে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করেছে।ঘন-কালো মেঘে ঢাকা আকাশ। খানিক পরেই ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। এসব না হলে কি অ্যাডভেঞ্চার জমে। প্রকৃতির এই বৈরিতা উপেক্ষা করেই তরুণেরা আসতে থাকে অ্যাডভেঞ্চার উৎসবে। ঢুকেই দেখতে পাবেন সার্ফার জাফরের সার্ফিং বোর্ড। নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের স্টলের সামনে তখন বেশ ভিড় জমে গেছে। সবার আগ্রহ এভারেস্টের চূড়ায় ওঠার জন্য প্রয়োজনীয় পোশাক ও জিনিসপত্রের দিকে। কেউ আবার একটু ছুঁয়েও দেখতে চায়। এইসব পোশাক আর উপকরণ আবার ইতিহাসেরও অংশ। মুসা ইব্রাহীম তাঁর এভারেস্ট অভিযানে এসব ব্যবহার করেছেন। তরুণদের অভিযানের প্রতি আরও আগ্রহী করতে এই আয়োজন করেছে ক্লাবটি। এ ছাড়া পর্বতারোহণ, সাঁতার কিংবা যেকোনো অভিযানে সহায়তা প্রদান করে থাকে তারা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শাহ সিমেন্ট অ্যাডভেঞ্চার ফেস্ট ২০১১-এর উদ্বোধন হয় ২৩ মে। ২০১০ সালের এ দিনটিতে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টে পদচিহ্ন রাখেন। আর ১৯৫৩ সালের ২৯ মে বিশ্বে সর্বপ্রথম এভারেস্ট জয় করেন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে শেরপা। ২৩ ও ২৯ মে উদ্যাপনের জন্য মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের এক বছর পূর্তি উপলক্ষে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী জি এম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ দেশের বাঙালি সন্তানদের গৃহছাড়া, লক্ষ্মীছাড়া করে দিতে হবে। তারুণ্যের এ শক্তিকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যেতে হবে। অ্যাডভেঞ্চার করে তারা তাদের অনেক প্রতিভাকে প্রকাশ করতে পারবে। এ মেলার উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তারুণ্যের শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। মুসা সেই প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। প্রথম দিনেই মায়ের সঙ্গে ঘুরতে এসেছে সিফাত। ‘সকালে পত্রিকায় বিজ্ঞাপন দেখেছি। ও খুব অ্যাডভেঞ্চারপ্রিয়। তাই দেখাতে এনেছি। ওর সাঁতারের খুব শখ। ভাবছি, এখানের কোনো একটা ক্লাবের সদস্য করব ওকে।’ বলেন সিফাতের মা হুসনে আরা। মেলার প্রথম দিনে বিভিন্ন স্টল সাজানো হয়েছিল। তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ’-এর স্টলে তাঁরা বিক্রি করছিল হাতের বালা, ব্রেসলেট, টি-শার্ট। বিক্রীত অর্থ দিয়ে তাঁরা কয়েকটি স্কুলে পাঠাগার করে দেবেন। এর সদস্য মুশফিক বলেন, ‘আমাদের স্টলে সবুজায়ন, শান্তি, সমতা ও রাজনীতিসহ নানা বিষয়ে মতামত দেওয়া যাবে।’ কথা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী সৈয়দ নাজমুন সাকিবের সঙ্গে। তিনি বলেন, পর্যটকদের কাছে বাংলাদেশকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়, তা নিয়ে কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাব।কলেজে চলছে গ্রীষ্মের ছুটি। তাই তো কলেজের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন তাঁরা। অংশ নিতে পেরেছেন এই অ্যাডভেঞ্চার মেলায়। বলছিলাম নটর ডেম কলেজের নেচার স্টাডি ক্লাবের কথা। কথা হয় এই ক্লাবের সদস্য প্রীতম ভৌমিকের সঙ্গে। যেকোনো বয়সের যে কেউ এ ক্লাবের সদস্য হতে পারবেন। যাঁরা সাইকেল চালাতে আগ্রহী, তাঁরা হতে পারেন বিয়ন্ডের সদস্য। এ অ্যাডভেঞ্চার ক্লাব দেশব্যাপী সাইকেল চালানোর সময় সামাজিক প্রচারণা করে থাকে।বাংলা চ্যানেল পাড়ি দেওয়া কাজী হামিদুল হক, মুসা ইব্রাহীম ও লিপটন সরকারের ছবি নজর কাড়ে এক্সাট্রিম বাংলার স্টলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্য রাব্বি বলেন, ‘এই ক্লাবের সঙ্গে থেকে দেশকে চেনার সুযোগ পাচ্ছি। আর রহস্য ও নতুনত্ব আমাকে টানে। তাই আজ এখানে এসেছি।’এ ছাড়া মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দলছুট, ঢাকা সাইক্লিং ক্লাব ও গুলশান ইয়ুথ ক্লাব অংশ নিয়েছে।নর্থ আলপাইন ক্লাবের সভাপতি আনিসুল হক বলেন, এভারেস্ট জয়ের পথটা বিপজ্জনক। মুসার এভারেস্ট জয়ের সঙ্গী ও শেরপাদের অভিজ্ঞতা শুনে তা সহজে বোঝা যায়। প্রকৃতির ও অর্থনৈতিক সেসব বাধা জয় করে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেছে মুসা ইব্রাহীম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুসা ইব্রাহীমের বাবা মো. আনছার আলী, ইউরোপীয় ইউনিয়নের শুভেচ্ছাদূত স্যার ফ্রাঙ্ক পিটার্স, মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের সহযোগী লাল বাহাদুর জিরেল, শেরপা সরদার সোম বাহাদুর তামাং। শাহ সিমেন্টের ডেপুটি ব্র্র্যান্ড ম্যানেজার ইব্রাহীম খলিল, এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। লাল বাহাদুর জিরেল ও সোম বাহাদুর তামাং তাঁদের পর্বতারোহণের অভিজ্ঞতা ও কলাকৌশল বলবেন আগতদের। বিভিন্ন অভিযানভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে প্রতিদিন। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৮ মে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২৯ মে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।যে কেউ সাইকেল শোভাযাত্রায় অংশ নিতে চাইলে ২৭ মে সকাল সাতটায় টিএসসিতে চলে যাবেন। পরদিন ২৮ মে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ছোটদের জন্য অ্যাডভেঞ্চার, এভারেস্ট রান মিনি ম্যারাথন, ওয়াকাথন ও স্কেটিং। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তবিশ্ববিদ্যালয় ট্রায়াথলনের আয়োজন করা হয়েছে। ২৯ মে সমাপনী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে হবে জুমার ক্লাইম্বিং প্রতিযোগিতা। বিজয়ীদের পুরস্কৃত করা হবে। নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক মুসা ইব্রাহীম বলেন, তরুণরাসহ যেকোনো বয়সের মানুষ এখানে আসবেন। অংশও নিতে পারবেন এসব অভিযানে।