উৎসবে আচরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের আচরণ যেন এই আনন্দ আয়োজনকে নষ্ট করে না দেয়। ছবি: অধুনা
আমাদের আচরণ যেন এই আনন্দ আয়োজনকে নষ্ট করে না দেয়। ছবি: অধুনা

বৈশাখ আমাদের দোরগোড়ায় হাজির। একে বরণ করার প্রস্তুতিও চলছে। বছরের পর বছর ধরে চলতে চলতে কিছু রীতি আমাদের বর্ষবরণের প্রথায় পরিণত হয়েছে। রমনা বটতলায় ছায়ানটের বর্ষবরণ বা চারুকলার মঙ্গল শোভাযাত্রা ছাড়া কি এখন আমরা ঢাকাবাসীরা পয়লা বৈশাখের কথা ভাবতে পারি! আর শুধু ঢাকায় কেন, দেশজুড়েই নিজেদের মতো করে হচ্ছে বৈশাখবরণের নানা উৎসব।

বড় আয়োজনে দীর্ঘ প্রস্তুতি লাগে। ঢাকার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে বেশ আগেই। পত্রপত্রিকায় আমরা এর খবর দেখছি। ছায়ানটের অনুষ্ঠানে যাঁরা গান গাইবেন, নাচবেন বা আবৃত্তি করবেন তাঁদের প্রস্তুতি বা রিহার্সেলও চলছে পুরোদমে। আমাদের অভিজ্ঞতা বলে অনুষ্ঠানের আয়োজক বা পারফরমারদের প্রস্তুতি সব সময় ঠিকই থাকে। কিন্তু আমরা যাঁরা সকালে ছায়ানটের অনুষ্ঠানে যেতে চাই, অনুষ্ঠান উপভোগ করতে চাই বা মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে যাই তাঁদের প্রস্তুতি ঠিক আছে তো? আমাদের পারফরম্যান্স কিন্তু সব সময় ভালো হয় না। কখনো কখনো তো তা খুবই বাজে। আসলে আমরা যাঁরা দর্শক, শ্রোতা বা উৎসবের অংশগ্রহণকারী তাঁদেরও কিছু রিহার্সেল বা প্রস্তুতি দরকার। আচার ও আচরণগত প্রস্তুতি।

লাইন মেনে ঢুকতে হলে তা ঠিকমতো মানা উচিত
লাইন মেনে ঢুকতে হলে তা ঠিকমতো মানা উচিত

এবারের ছায়ানটের বর্ষবরণ বা চারুকলার মঙ্গল শোভাযাত্রার একটা বাড়তি গুরুত্ব আছে। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের ৫০ বছর পূর্তি হচ্ছে এবার। আর এটা হয়তো আমরা অনেকেই জানি যে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা গত ৩০ নভেম্বর ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। এই শোভাযাত্রার দিকে এখন আন্তর্জাতিক নজরও থাকবে। আয়োজকেরা নিশ্চয়ই এ ব্যাপারে সচেতন আছেন। এখন সচেতনতা দরকার আমাদের, যাঁরা এই শোভাযাত্রায় অংশ নিতে চাই, যাঁরা পাশে দাঁড়িয়ে এই একে উপভোগ করতে চাই।

রমনায় ছায়ানটের অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রার কারণে ওই অঞ্চল ঘিরে লাখ লাখ লোক জমায়েত হয়। দুনিয়া অনেক দেশেই বড় বড় সাংস্কৃতিক উৎসব বা শোভাযাত্রায় বহু লোকের জমায়েত ঘটে। শৃঙ্খলা ও আচার-আচরণগত কিছু বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা থাকলে জমায়েত যতই বড় হোক কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের মঙ্গল শোভাযাত্রাটি কি এমন সুশৃঙ্খল হতে পারে না যে রাস্তা দিয়ে শোভাযাত্রাটি যাচ্ছে, এতে কোনো হুড়োহুড়ি নেই। লোকজন সার বেঁধে ফুটপাতে দাঁড়িয়ে তা উপভোগ করছেন!

এটা সম্ভব হয় না আমাদের আচরণগত সমস্যার কারণে। নিজেদের তাই কিছু বিষয়ে সচেতন হওয়ার সময় এসেছে। এই সচেতনতা শৃঙ্খলা বজায় রাখার সচেতনতা। হুড়োহুড়ি না করার সচেতনতা। আমাদের নিজেদের আচার-আচরণকে ঠিক রাখার সচেতনতা। আমাদের দীর্ঘদিনের অভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। কোথাও কোনো কিছুর জন্য লাইন ধরতে হলে আমাদের কিছু সাধারণ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। ধরুন আপনি কোনো ব্যাংকে গিয়ে টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়েছেন, ধাক্কাধাক্কি করার মতো খুব ভিড়ও নেই, কিন্তু দেখবেন আপনার পেছনে যিনি দাঁড়িয়েছেন তিনি অনেকটা গায়ের ওপর এসে পড়েছেন। এটা স্বভাবগত সমস্যা। কেউ হয়তো তাঁকে কোনো দিন শেখায়নি যে এভাবে দাঁড়ানো যায় না।

আমাদের সমস্যা আরও আছে। তা হলো আইন বা নিয়মকানুন মানতে না চাওয়ার সমস্যা। গতবার রমনা বটমূলে যাওয়ার অভিজ্ঞতা বলি। আয়োজক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেসব উদ্যোগ বা নিয়মকানুন করা হয়েছে তা খারাপ নয়। কোন পথে প্রবেশ বা কোন পথে বের হতে হবে—এগুলো বেশ পরিকল্পিতভাবেই ঠিক করা আছে। কিন্তু আমরা আমাদের সুবিধামতো পথ দিয়ে ঢুকতে ও বের হতে চাই। কারণ আমরা একটু ঘুরে যেতে প্রস্তুত নই, নিয়ম মানতেও খুব একটা রাজি নই। আমাদের এই সচেতনতাটুকু থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে শৃঙ্খলা বজায় রাখা অনেক সহজ হয়ে যেত। ‘প্রবেশ’ লেখা পথ দিয়ে বের হওয়ার জন্য বা এর উল্টোটার জন্য বহু মানুষকে নানা সময়ে পীড়াপীড়ি করতে দেখি। আমরা কবে এটা শিখব যে এ ধরনের আবদার করা যায় না।

ছায়ানট ৫০ বছর ধরে রমনা বটমূলে অনুষ্ঠান করছে। মঙ্গল শোভাযাত্রার আয়োজকেরা আমাদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে এসেছেন। আসুন, এবার বর্ষবরণ অনুষ্ঠানে আমরা যাঁরা দর্শক ও শ্রোতা আছি তাঁরা এই আয়োজকদের কিছু উপহার দিই। তাদের পুরোপুরি সুশৃঙ্খলভাবে আয়োজনগুলো করতে সহায়তা করি। কিছু জিনিস মেনে চললেই এটা আমরা করতে পারি। আসুন, আমরা প্রবেশ ও বের হওয়ার নির্দিষ্ট পথগুলো ব্যবহার করি, এ জন্য লাইন মেনে চলি। রমনা পার্কের ভেতর শুধু হাঁটার পথগুলো ব্যবহার করি। গাছ বা ঘাস যেন না মাড়াই। হুড়োহুড়ি থেকে বিরত থাকি। আগের ও পেছনের মানুষের কথা মাথায় রেখে যেন আমরা হাঁটি।

আসুন, মঙ্গল শোভাযাত্রাটিকে আমরা আগের চেয়ে সুশৃঙ্খল হতে সহায়তা করি। সবার জন্য উপভোগ্য করে তুলি। মঙ্গল শোভাযাত্রা শুরুর পর মাঝপথে ঢোকার নিয়ম নেই। যাঁরা শুরুতে থাকতে পারবেন না তাঁরা যেন মাঝপথে ঢোকার চেষ্টা থেকে বিরত থাকি।

আমাদের অভ্যাস ও আচরণগত কিছু পরিবর্তন অনেক কিছুই পাল্টে দিতে পারে। ভালো আচার-আচরণ, সামাজিক ব্যবহার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ মানবিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি স্থিতিশীল সামাজিক কাঠামো গঠনের ভিত্তি এর মধ্য দিয়েই তৈরি হয়। এটা সমাজকে জীবন্ত ও গতিশীল রাখে। এবার বর্ষবরণের অনুষ্ঠান দিয়ে আমাদের আচার-আচরণগত এই পরিবর্তনগুলোর অন্তত সূচনা হোক!