উৎসবে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলমারির কোণ থেকে বের হয় কাঁসার থালা। পাট পাট করে তুলে রাখা গরদের শাড়িটা হয়তো পরা হয় এক প্যাঁচে; খোঁজ পড়ে জবা, শিউলির। তাই দিয়েই সাজানো হয় বাড়ি। খুব তোড়জোড়ের প্রয়োজন নেই। ছোটখাটো আয়োজনের মধ্য দিয়েই সবাইকে নিয়ে আনন্দ-আপ্যায়নে কাটাতে পারেন পূজার দিনটা। ‘পূজার সময় সারা গ্রামের মানুষ আমাদের বাড়িতে খায়, প্রত্যেককে দেওয়া হয় জোড়া শাড়ি, ধুতি; বাড়ির মেয়ে-পুরুষ সবাই মিলে আরতি করি, ঢোল বাজাই। মাটিতে বসে কলাপাতায় খাওয়াদাওয়া চলে।’ নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় এভাবে স্মৃতিচারণা করছিলেন পূজার। নাগরিক ব্যস্ততায় অবশ্য পূজার দিনগুলো ঠিক এভাবে কাটানো যায় না। কিন্তু বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলে খাওয়াদাওয়া, হই-হুল্লোড় হয়ই।শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সারা বছর যেভাবেই কাটুক না কেন, পূজার কটা দিন মানুষ ফিরে যেতে চায় ঐতিহ্যে। নিত্যকার থালাবাসন তুলে এ সময় বের করা হয় পাথর, কাঁসার বাসন। তবে পাথরের বাসন এখন সহজলভ্য না হওয়ায় মাটির বাসনও ব্যবহার করা যায়। পূজার রান্নায় তেমন কোনো পরিবর্তন আসেনি। পুরোনো ধাঁচের রান্নাবান্নাই মানুষ পছন্দ করে এ সময়। বেশির ভাগই নিরামিষ খাওয়া হয়; লুচি, লাবড়া তো আছেই। এর সঙ্গে পরিবেশন করা যায় বেগুন ভাজি, খিচুড়ি, ছোলার ডাল। মিষ্টিরও কত বাহার! নাড়ু, মোয়া, নারকেলের সন্দেশ, প্যাঁড়া, পায়েস আরও কত কী! এর সঙ্গে দেওয়া যায় নানা রকমের পিঠা।’তিনি আরও বলেন, ‘পূজা মানেই লুচি-লাবড়া। লুচির সঙ্গে লাবড়া, ডাল, সবজি—সব একসঙ্গে থালায় পরিবেশন করতে পারেন। কাঁসার বড় থালায় ছোট ছোট বাটিতে রাখতে পারেন খাবার। আর কলাপাতায় বেড়ে দিতে পারেন শুকনো খাবার।’মিষ্টি ঘরে বানালে তো কথাই নেই। মাছ, ফুল এমন নানা ছাঁচে ঘরে তৈরি সন্দেশ পাতে দিলে দারুণ বাহবা পাবেন। ঘরে ঝামেলা করতে না চাইলেও আয়োজনে কমতি হবে না। মিষ্টির দোকানগুলোতে থাকছে নানা আয়োজন। যেমন রসে পাওয়া যাবে পূজা উপলক্ষে আনা সন্দেশসহ আরও নানা মিষ্টি। নানা রকম পিঠাও এখন কিনতে পাওয়া যায়। কয়েক রঙের ভিন্ন ভিন্ন মিষ্টি একসঙ্গে সাজিয়ে পরিবেশনে ভিন্নতা আনতে পারেন। ছোটখাটো পরিবর্তন করেই ঘরে আনতে পারেন বিশেষ দিনের আমেজ। এ জন্য শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ হলো, ‘ঘরে আলপনা এঁকে ফেলা। বাজার থেকে রং-তুলি কিনে মনের মতো যেকোনো নকশায় করতে পারেন আলপনা। ঘরজুড়ে নয়, বরং যেকোনো একটা কোণ, প্রবেশপথ বা সিঁড়িতে ছোট করে নকশা করতে পারেন। মাটি বা পিতলের প্রদীপ জ্বালাতে পারেন। ঘরের এক কোণে মাটির ঘড়ায় পানি দিয়ে ভাসিয়ে দিতে পারেন ফুল। শিউলি বা জবা ফুল সাজিয়ে রাখতে পারেন ছোট কাঁসার থালায়। পাতাসহ ফুলগুলো রাখলে রঙের বেশ বৈচিত্র্য আসবে। এই থালা রাখতে পারেন টি-টেবিলে বা খাবার টেবিলে। থালাতে দিতে পারেন শঙ্খ, ঘণ্টা ইত্যাদি নানা অনুষঙ্গ। জমকালো কিছু নয়, বাড়ির এদিকে-সেদিকে সাজিয়ে রাখতে পারেন মাটি বা ধাতুর তৈরি ঘণ্টা, ছোট মূর্তি, মুখোশ। রোজকার ঘরের চেহারা বেশ বদলে যাবে তাতে। তবে সবকিছুতেই দেশি ঐতিহ্যের ছোঁয়া থাকা চাই।’পূজার সাজ বলতেই যেন চোখে ভাসে লাল পাড় সাদা শাড়ি। বছরের অন্য সময়ে গরদ শাড়ি তেমন পরা না হলেও পূজার সময় গরদের কদর বেশ। গরদ শাড়িতে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট মাধ্যম ব্যবহার করে এখন নানা নকশা করা হচ্ছে। তাতে এ শাড়ির বৈচিত্র্য বেড়ে গেছে বহুগুণ। ঢাকার ধানমন্ডি ৪ নম্বর সড়কে মমতাজ প্লাজায় সিল্ক শাড়ির দোকানগুলোতে পাবেন গরদ শাড়ি। নকশা করা গরদ শাড়ি পাবেন এখানে। ফ্যাশন হাউস রঙও গরদ শাড়িতে নানা নকশা ব্যবহার করেছে।কুমুদিনী ট্রাস্টের পরিচালক শ্রীমতী সাহা জানালেন, কুমুদিনীতে পাওয়া যাচ্ছে টাঙ্গাইল তাঁতের ওপর পাড়ে নকশি ব্লক করা শাড়ি। রংটা লাল-সাদাই।নকশি পাড়ের প্রাধান্য দেখা যাচ্ছে কে ক্রাফট, অঞ্জনসের শাড়িতেও। রঙ, নিত্য উপহারের পোশাকে আছে ত্রিশূল, দেবীর মুখ, নানা শ্লোকের ব্যবহার।রঙের পরিচালক ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার মতে, ‘পূজার সময় মানেই নানা রকম সাজের সুযোগ। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী—দিন ভাগ করে নানা সাজে সাজা যায়। আবার দিন-রাতের সাজও ভিন্ন হতে পারে। অঞ্জলি দিতে যাওয়ার সময় বেশ গরম থাকে। সে জন্য তখন পরতে পারেন সুতির পোশাক। শাড়ি, সালোয়ার-কামিজ বা কোর্তা—সবই পরতে পারেন। আবার রাতে পরা যেতে পারে জমকালো ঐতিহ্যবাহী শাড়ি; যেমন মসলিন, কাতান, জামদানি। এ সময় পোশাকে লাল, সাদা, কমলা রঙের প্রাধান্য দেখা যায়। চওড়া লাল পাড়ের শাড়ি অনেকেই পরেন। বড় ও ভারী গয়না পরা যেতে পারে এই কটা দিন। রুদ্রাক্ষের মালাও পরতে পারেন। আলতা, কাচের চুড়িও বেশ দেখাবে। এক প্যাঁচের শাড়ির সঙ্গে পরতে পারেন সাবেকি ঢঙের লেইস বসানো থ্রি-কোয়ার্টার হাতার ব্লাউজ। আর যেকোনো পোশাকের সঙ্গেই চলতে পারে কপালে বড় লাল টিপ।’ তবে পূজার সাজে শাড়িই সেরা—এ মত শর্মিলা বন্দ্যোপাধ্যায় আর বিপ্লব সাহা দুজনেরই। আর এক প্যাঁচে শাড়ির সঙ্গে চুলে ফুল গুঁজে নিলে দারুণ দেখাবে। এ বছর বুফঁ ধাঁচের চুলের ফ্যাশনটা ফিরে এসেছে। অর্থাৎ ব্যাককোম্ব করে ফোলানো চুলের কদর থাকছে। এভাবে চুল ফুলিয়ে খোঁপা বাঁধতে পারেন, আবার ছেড়ে রাখলেও মন্দ লাগবে না।ছেলেদের সাজের বাহার কম হবে কেন! নানা দিনে নানা সাজ ছেলেরাও করতে পারেন। পাঞ্জাবি, টি-শার্ট সবই চলতে পারে। এর সঙ্গে কোনো দিন ধুতি, কোনো দিন জিনসের প্যান্ট পরতে পারেন। রঙে পাবেন সেলাই করা ধুতি। পরার ঝামেলা কম বলে ধুতি পরার শখ মিটিয়ে নিতে পারেন পূজার সময়।সাজে পোশাক আর অন্দর সাজে পূজার আয়োজন চলছে। মডেল: মৌটুসী বিশ্বাস ও তাথৈ কৃতজ্ঞতা: শর্মিলা বন্দোপাধ্যায় পোশাক: রঙ