উৎসবে আভিজাত্য
বর্ষবরণের দিনে বিশেষ সাজ মানেই যেন শাড়ি। একটা সময় ছিল, পয়লা বৈশাখে শাড়ি মানেই যেন গরদ। পরে ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারির নকশা করা সুতি শাড়িগুলো জনপ্রিয় হয়ে ওঠে। ইদানীং দেখা যাচ্ছে, উৎসবে ঐতিহ্যবাহী শাড়িগুলো পরার চল ফিরে আসছে। এই বৈশাখে তাই সাজতে পারেন সিল্ক বা গরদ শাড়িতে।ফ্যাশন বিশেষজ্ঞ চন্দ্রশেখর সাহা বলেন, ‘লাল এবং সাদার মিশেলে একটা ঐতিহ্যবাহী শাড়ি বাঙালি নারীর থাকবেই।’ একটা সময়ে সিল্ক ছিল একান্তই উচ্চবিত্তের। এখন ক্রেতাদের নাগালে এসেছে সিল্ক। দোয়েল সিল্কের ব্যবস্থাপনা পরিচালক জি এম আলমগীর জানান, রেশম সুতোর বুননে তৈরি হয় রাজশাহী সিল্ক। এর চেয়েও খাঁটি রেশম সুতো পাকিয়ে (টুইস্ট করে) নিয়ে হস্তচালিত তাঁতে তৈরি হয় গরদ শাড়ি। এই শাড়িতে মূলত জমিনে কোড়া বা ক্রিম রং ব্যবহূত হয় এবং পাড় হয় লাল ভেলভেটের। রাজশাহীর ঋদ্ধ সিল্ক শাড়ির কারিগরেরাই এই শাড়ি বুনে থাকেন। তবে ইদানীং গরদের কারিগরের সংখ্যা কমে যাচ্ছে। বর্তমান বাজারদরে খাঁটি সিল্কের একটি গরদ শাড়ি কিনতে অন্তত চার হাজার টাকা বাজেট করতে হবে। খুব সাবধান থাকতে হবে, যাঁরা পলিয়েস্টারকে গরদ হিসেবে চালিয়ে দিচ্ছেন তাঁদের কাছ থেকে। মনে রাখবেন, দামটা কিন্তু গরদেরই দিচ্ছেন কিন্তু পাচ্ছেন নকল জিনিস। তাই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকেই গরদ কেনা উচিত।গরদের চাহিদা থাকলেও গরমের কারণে অনেকেই সিল্ক পরতে চান না। তাঁদের জন্য বিভিন্ন ফ্যাশন হাউস সিল্ক, অ্যান্ডি সিল্ক বা সুতির মিশেলে তৈরি করেছেন গরদ আঙ্গিকের শাড়ি। শাড়িটি দেখতে হুবহু গরদের মতো হলেও ভিন্নতা রয়েছে উপাদানে। সেই সঙ্গে বিভিন্ন রঙের মিশ্রণে প্রিন্টের সিল্কের শাড়িও বেশ জনপ্রিয়। কুমুদিনী ট্রাস্টের পরিচালক শ্রীমতী সাহা বলেন, ‘পয়লা বৈশাখে বেশির ভাগ শাড়িই করেছি অ্যান্ডি এবং সিল্কের মিশ্রণে।’সিল্ক ও গরদ বিষয়ে একই ধরনের ভাবনা ফ্যাশন হাউস রঙের পরিচালক ও ডিজাইনার বিপ্লব সাহার। তাঁরা ক্ষুদ্র আঙ্গিকে গরদ নিয়ে কাজ শুরু করলেও এখন বিস্তৃতভাবে কাজ করছেন বলে জানালেন। তিনি জানালেন, গরদের আঙ্গিকে অ্যান্ডির তৈরি শাড়িও বেশ জনপ্রিয় হয়েছে কিছুদিন ধরে। গরদের পাশাপাশি রাজশাহীর অন্যান্য সিল্কের শাড়িরও বেশ চাহিদা রয়েছে এই বৈশাখে। সিল্কে প্রিন্ট, অ্যান্ডি, বলাকা, তসর—এ ধরনের শাড়িগুলোই বেশি ব্যবহার করা হচ্ছে। বৈশাখের রং যেহেতু লাল আর সাদা, তার সঙ্গে কালোর মিশেল আর একটু সোনালির প্রাধান্য থাকছে এসব শাড়িতে।সিল্ক বা গরদের আভিজাত্য এর সাবেকিয়ানায়। আর তাই তো কখনোই এই আভিজাত্য সমসাময়িক সাজসজ্জা বা ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে মিলবে না। তাই সিল্ক বা গরদের সঙ্গে সাজ এবং সাজের অনুষঙ্গটাও হওয়া চাই পুরোনো ঐতিহ্য-আভিজাত্যের মিশেলে। সেই সঙ্গে মাথায় রাখতে হবে পয়লা বৈশাখের বিষয়টিও।রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান জানান, এসব শাড়ির সঙ্গে সাজের ধরনে থাকতে হবে সাবেকিয়ানা। শুধু যে শাড়ির জন্য তা-ই নয়, বরং উৎসবের কারণেও সাজে চাই এই ধরনের ঢং। তাঁর মতে, চুলের সাজে চলতে পারে খোঁপা কিংবা বেণি। খোঁপা করলে তাতে পরা যেতে পারে খোঁপার কাঁটা। বেণিতে কড়ির টারসেল বেঁধে নিলে পাওয়া যাবে উৎসবের আমেজ, আবার ঐতিহ্যের ছোঁয়া। কপালে লাল টিপ কিন্তু থাকতেই হবে। আর মোটা করে কাজল টেনে চোখের সাজে আনতে হবে ষাটের দশকের ছোঁয়া। ঠোঁটের লিপস্টিক একটু গ্লসি হলে ভালো হয়। রঙের ক্ষেত্রে মভ, গোলাপি, বাদামি রংই মানানসই। তবে টকটকে লাল রঙের লিপস্টিকও হতে পারে পয়লা বৈশাখের সাজের প্রতীক। আর যদি গরদের মতো ঐতিহ্যবাহী শাড়ি পরে থাকেন, সে ক্ষেত্রে লাল টিপ, লাল লিপস্টিক আর হাতের আঙুলে আলতা পরা চাই। কানিজ আলমাস খান আরও জানান, এসব শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন লম্বা মপ চেইন বা গিনি সোনার পেটানো নকশার কোনো গয়না। কানে কানপাশা বা ঝুমকাই বেশি মানাবে। তবে এখনকার গয়নার নকশায় ফিরে এসেছে মোগল এবং ভিক্টোরিয়ান ঘরানা। সেই ধরনের গয়নার নকশাও কিন্তু মানানসই এই শাড়ির সঙ্গে। হাতে মোটা বালা, ঝুরা চুড়ি আর মাঝে মাঝে দু-একটা পলার চুড়িও কিন্তু বেশ মানাবে। মোট কথা গয়নার ক্ষেত্রে সাবেকি ঢঙের গয়নাই এসব শাড়ির সঙ্গে মিলে যায়। পয়লা বৈশাখের শাড়ির সঙ্গে ব্লাউজটি কিন্তু সাধারণভাবে তৈরি করলে চলবে না। এ বিষয়ে বিপ্লব সাহা বলেন, ব্লাউজটিতে থাকতে হবে লেইসের ব্যবহার। দুটো কারণে লেইস থাকা চাই। প্রথমত, এখন চলছে লেইসের ফ্যাশন আর দ্বিতীয়ত, লেইসের মাধ্যমেই এই উৎসবের ঐতিহ্য তুলে ধরা সম্ভব।ষাটের দশকের টানা চোখ, ফোলানো খোঁপা তো চলবেই। আবার আরও পুরোনো দিনের ভারী গয়না, বড় টিপের সাজটাও মানানসই হবে সিল্ক শাড়িতে। মডেল: মিমশাড়ি: দোয়েল সিল্কগয়না: অ্যারাবিয়ানসসাজ: পারসোনা