উৎসবে আলোছায়ার খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের একঘেয়েমি দূর করতে ব্যবহার করতে পারেন ল্যাম্পশেড। ছবি: অধুনা। কৃতজ্ঞতা: যাত্রা
ঘরের একঘেয়েমি দূর করতে ব্যবহার করতে পারেন ল্যাম্পশেড। ছবি: অধুনা। কৃতজ্ঞতা: যাত্রা

আলোছায়ার খেলা বদলে দিতে পারে ঘরের একঘেয়ে ভাব। আর এই আলোছায়ার খেলাটা বেশ ভালোভাবেই খেলানো যায় ল্যাম্পশেড ব্যবহার করে।শৌখিন হলে তো কথাই নেই, হয়তো আগে থেকেই রয়েছে নানা ধরনের ল্যাম্পশেড। ঈদের আগে চাইলে একটু এদিক-সেদিক করে সাজাতে পারেন সেগুলো।

সাধারণত ঘরের আকার ও দেয়ালের রঙের ওপর ভিত্তি করে ল্যাম্পশেড ব্যবহার করতে হয়। ঘরটা ছোট হলে হালকা রঙের ল্যাম্পশেড কিনতে হবে। এতে ঘর বড় দেখাবে। অনেকে ঘরে নানা রঙের খেলা পছন্দ করেন। তাঁরা চাইলে ঘরের দেয়ালের রঙের সঙ্গে বিপরীত (কনট্রাস্ট) কোনো উজ্জ্বল রং যেমন লাল, কমলা, হলুদ ও বেগুনি রঙের ল্যাম্পশেড কিনতে পারেন। বাজারে নানা ধরনের ল্যাম্পশেড পাওয়া যায়। এই যেমন টেবিল ল্যাম্প, যা ঘরে স্নিগ্ধ ভাব এনে দেয় ও পর্যাপ্ত আলো ছড়ায়। পড়ার ঘর, শোবার ঘর বা বসার ঘরে এই ধরনের ল্যাম্পশেড রাখতে পারেন। একটু কারুকার্যময় ও বর্ণিল নকশা থাকে যেসব ল্যাম্পশেডে, সেগুলো অ্যাকসেন্ট ল্যাম্পশেড নামে পরিচিত। বসার ঘরে বা খাবার ঘরে এ ধরনের ল্যাম্পশেড থাকলে ঘরের সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়।

lamp
lamp



ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেডের জ্যেষ্ঠ স্থপতি ঈসা আবরার বলেন, ‘ল্যাম্পশেড খুব ছোট ঘরে ব্যবহার না করাই ভালো। খোলামেলা জায়গা যেমন বসার ঘরে “সিলিং ল্যাম্পশেড” অর্থাৎ যেগুলো ঘরের ছাদ থেকে ঝুলে থাকে, সেগুলো ব্যবহার করতে পারেন। এ ছাড়া বসার ও খাবারের ঘর একসঙ্গে হলে দুই ঘরের মাঝখানে ঝোলানো ল্যাম্পশেড বেশি মানায়।’

মনে রাখতে হবে, ল্যাম্পশেড সব সময় ঘরের এমন একটি জায়গায় রাখবেন, যেখান থেকে আলো ছড়িয়ে পড়তে পারে। ঘরের কোণে রাখতে চাইলে তার পাশে কোনো উঁচু ও ভারী কাজের আসবাব রাখবেন না। এতে ল্যাম্পশেডের সৌন্দর্য ফুটে উঠবে না। খেয়াল রাখবেন, ল্যাম্পশেড আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করছেন, তা যেন আবার সৌন্দর্যহানির কারণ না হয়ে যায়।
ঢাকায় আড়ং, যাত্রা এবং গুলশান, বনানী ও সোবহানবাগের বেশ কয়েকটি দোকান ছাড়া নিউমার্কেটে নানা আকারের নানা দামের ল্যাম্পশেড পাওয়া যায়। এসবের দাম শুরু হয় ৪০০ টাকা থেকে।